জাতিসংঘের সহকারী মহাসচিবের সঙ্গে নাগরিক সমাজের বৈঠক
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের পক্ষে মত
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত না হলে তা অবাধ, সুষ্ঠু, অংশীদারিমূলক ও গ্রহণযোগ্য হবে না বলে নাগরিক সমাজ মনে করছে। গতকাল শুক্রবার জাতিসংঘের রাজনীতিবিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর সঙ্গে বৈঠকে নাগরিক সমাজের প্রতিনিধিরা এ অভিমত দিয়েছেন। ওই বৈঠকের পর আলোচনায় অংশ নেওয়া নাগরিক সমাজের প্রতিনিধিরা প্রথম আলোকে এসব তথ্য জানিয়েছেন। আলোচনায় তারানকো বাংলাদেশের চলমান সহিংস রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাঁর গভীর উদ্বেগ প্রকাশ করেন। বাংলাদেশে নির্বাচনপূর্ব রাজনৈতিক পরিস্থিতি খতিয়ে দেখতে তারানকো গতকাল সকালে চার দিনের সফরে ঢাকায় পৌঁছান। এ সফরের সময় তাঁর প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ছাড়াও প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। সফরের প্রথম দিনে গতকাল বিকেলে রাজধানীর একটি হোটেলে নাগরিক সমাজের সঙ্গে বৈঠকে বসেন তারানকো। বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান, রাজনৈতিক বিশ্লেষক রওনক জাহান, আইনজীবী শাহদীন মালিক, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ।বৈঠক সূত্র জানিয়েছে, নাগরিক সমাজের কাছে নির্বাচনের পথে প্রতিবন্ধকতা, রাজনৈতিক পরিবেশ ও সাংবিধানিক পরিস্থিতিসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে জানতে চান তারানকো। আলোচনায় প্রাসঙ্গিকভাবেই এসেছে ৫ ও ৬ মে হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ, এরপর রাজধানীজুড়ে সহিংসতা ও ভোররাতে হেফাজতের কর্মীদের শাপলা চত্বর থেকে হটাতে যৌথ বাহিনীর অভিযান।নির্বাচনকালীন সরকারব্যবস্থা কেমন হওয়া উচিত বলে নাগরিক সমাজের প্রতিনিধিদের কাছে জানতে চান জাতিসংঘের সহকারী মহাসচিব। এ সময় তাঁরা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়া উচিত বলে মত দেন। তাঁদের মতে, বর্তমানে আমলাতন্ত্র ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় জড়িত বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণ করা হয়েছে। সেই সঙ্গে বিচার বিভাগও দলীয় প্রভাবমুক্ত নয়। এ পরিস্থিতিতে দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে তা অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক না হওয়ার আশঙ্কা রয়েছে। আর এ ধরনের নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠতে পারে।শাহদীন মালিক প্রথম আলোকে বলেন, বাংলাদেশের রাজনৈতিক সংকট নিরসন এবং কীভাবে জাতীয় নির্বাচন সুষ্ঠু করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক সূত্রে জানা গেছে, নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেছেন, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে হলে নির্বাচনকালীন একটি পৃথক সরকার দরকার। ওই সরকার সবার কাছে গ্রহণযোগ্য এবং সংবিধানের আলোকে হওয়া উচিত। দুই দলের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে। আবার নির্বাচন পরিচালনার জন্য নির্দলীয় সরকারব্যবস্থার পক্ষেও কেউ কেউ মত দেন। মাহমুদুর রহমান বলেন, দলনিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের পক্ষে আলোচনায় মত এসেছে। এরই অংশ হিসেবে নির্বাচনকালীন প্রশাসন, নির্বাচন-প্রক্রিয়ার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলো যাতে নিরপেক্ষভাবে কাজ করতে পারে, তা নিশ্চিত করার কথাও উঠে এসেছে। তারানকো নাগরিক প্রতিনিধিদের বলেন, বাংলাদেশের বিরাজমান রাজনৈতিক সমস্যা সংলাপের মাধ্যমে সমাধান করা উচিত। এ জন্য রাজনৈতিক দলগুলোকে সহিংসতা বন্ধ করে আলোচনায় বসতে হবে।এদিকে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা সন্ধ্যায় তারানকোর সঙ্গে বৈঠক করেন।