নির্দলীয় সরকারের প্রধান কে, ভাবছে বিএনপি
জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য বিলুপ্ত তত্ত্বাবধায়ক সরকার-ব্যবস্থাকে ভিত্তি ধরে একটি ‘নির্দলীয়-নিরপেক্ষ’ অন্তর্বর্তী সরকারের রূপরেখা তৈরি করছে প্রধান বিরোধী দল বিএনপি। তবে দলের নীতিনির্ধারকেরা সবচেয়ে জোর দিচ্ছেন ওই সরকারের প্রধান কে হবেন, তার ওপর। এ ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার-সম্পর্কিত আপিল বিভাগের রায়কে বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে।বিএনপির নেতারা বলছেন, তাঁরা একটি রূপরেখা তৈরি করছেন। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগ নির্দলীয় সরকারের বিষয়ে নীতিগতভাবে সিদ্ধান্ত নিলেই কেবল তা সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব আকারে তুলে ধরা হবে। এ বিষয়ে সম্প্রতি দলের সর্বোচ্চ নীতিনির্ধারক জাতীয় স্থায়ী কমিটিতেও আলোচনা হয়েছে।এ বিষয়ে জানতে চাইলে দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ প্রথম আলো ডটকমকে বলেন, ‘এ বিষয়ে স্থায়ী কমিটির সভায় আলোচনা হয়েছে। তবে সুনির্দিষ্টভাবে কোনো কিছু এখনো নির্ধারণ করা হয়নি। চিন্তাভাবনা করা হচ্ছে। আশা করি অদূর ভবিষ্যতে প্রস্তাব উপস্থাপন করা হবে।’সর্বোচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার-ব্যবস্থা বাতিল করে বর্তমান মহাজোট সরকার। তত্ত্বাবধায়ক সরকার-ব্যবস্থা বাতিল করে আপিল বিভাগ যে রায় (সংক্ষিপ্ত) দিয়েছেন, তাতে আরও দুটি নির্বাচন এই সরকারের অধীনে হতে পারে বলে বলা হয়েছে। তবে অবসরপ্রাপ্ত বিচারপতিদের ওই সরকারে না রাখার কথাও বলা হয়েছে। সূত্র জানায়, বিএনপি আদালতের এই রায় বিবেচনায় নিয়েই রূপরেখার চিন্তা করছে। নির্বাচনকালীন সরকার-ব্যবস্থার নাম নিয়ে বিএনপির কোনো আপত্তি নেই। তবে তাদের মোদ্দা কথা হচ্ছে, রাজনৈতিকভাবে পরিচিত কোনো ব্যক্তি ওই সরকারে থাকতে পারবেন না। বিএনপি যে রূপরেখার কথা ভাবছে, তা মূলত আগের তত্ত্বাবধায়ক সরকারের মতোই। আপিল বিভাগের রায় অনুসারে এখন কোনো অবসরপ্রাপ্ত বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে পারবেন না। তাই এখন বিএনপির প্রধান বিবেচনায় রয়েছে, কে ওই সরকারের প্রধান হতে পারেন, তা ঠিক করা। সবার কাছে গ্রহণযোগ্য একজন নির্দলীয় ব্যক্তি খুঁজে বের করা।দলের স্থায়ী কমিটির আরেক সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেন, পঞ্চদশ সংশোধনীর পূর্ববর্তী অবস্থায় সংবিধানের ৫৮(খ) ধারাকে ভিত্তি ধরে বিএনপি একটি রূপরেখা করার আলোচনা করছে। মূলত তত্ত্বাবধায়ক সরকার-সম্পর্কিত আপিল বিভাগের রায়, যেখানে আরও দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে বলে বলা হয়েছে, সেটাকে বিবেচনায় নিচ্ছে বিএনপি। রায়ে বিচারপতিদের ওই সরকারের আওতায় না রাখার জন্য বলা হয়েছে। সেটা বিবেচনায় রেখে, সবার কাছে গ্রহণযোগ্য হবেন এমন কাকে ওই সরকারের প্রধান করা যায়, সেটি নিয়ে বিএনপি আলোচনা করছে। তত্ত্বাবধায়ক সরকার-ব্যবস্থা বাতিলের পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে আসছিলেন, তাঁর সরকারের অধীনেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্যদিকে বিএনপিসহ বিরোধী দলগুলো এর বিরোধিতা করে তত্ত্বাবধায়ক সরকার-ব্যবস্থা পুনর্বহালের দাবিতে আন্দোলন করে আসছে।এ অবস্থায় সম্প্রতি লন্ডনে এক সাক্ষাত্কারে প্রধানমন্ত্রী নতুন ধরনের একটি অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলেছেন এবং বিএনপিকেও তাতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। বিএনপি প্রধানমন্ত্রীর ওই বক্তব্য সরাসরি প্রত্যাখ্যান করেছে। তবে বিএনপির সূত্রগুলো বলছে, প্রধানমন্ত্রীর ওই প্রস্তাব প্রত্যাখ্যান করা হলেও বিএনপি এটিকে কিছুটা ইতিবাচক হিসেবে নিয়েছে। বিএনপি মনে করছে, এই প্রস্তাবের মাধ্যমে সরকার তাদের প্রথম দিককার অবস্থান থেকে কিছুটা হলেও সরে এসেছে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে জাতীয় ও আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করতে পারলে সরকার দাবি মানতে বাধ্য হবে। বিএনপি মনে করছে, দেশের ভেতর প্রায় সব দিক থেকেই তত্ত্বাবধায়ক বা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবির প্রতি তাদের সমর্থন আছে। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে গ্রামীণ ব্যাংক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরকারের অবস্থান, পদ্মা সেতুর দুর্নীতির ইস্যুতে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের টানাপোড়েন, নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের বক্তব্য বিএনপিকে আশার আলো দেখাচ্ছে।