নির্দলীয় সরকারের রূপরেখা তৈরি করছে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিরোধী দল বিএনপি সংসদ নির্বাচনকালীন নির্দলীয় সরকারের রূপরেখা তৈরি করছে। তাদের রূপরেখায় নির্দলীয় সরকারের প্রধান কে হবেন এবং ওই সরকারের সময়সীমা কী হবে, তা সুনির্দিষ্ট করে দেওয়ার ব্যাপারে প্রস্তাব থাকবে।বিএনপির নেতারা বলছেন, এ প্রস্তাব তাঁরা দলের নির্দলীয় সরকারের দাবির সপক্ষে তুলে ধরতে তৈরি করছেন। প্রয়োজনে তা জনসমক্ষে প্রকাশ করা হবে। তাঁদের মত, নির্বাচনকালীন সরকার অবশ্যই নির্দলীয় হতে হবে।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার ইতিমধ্যেই দলীয় সরকারের অবস্থান থেকে সরে এসে সর্বদলীয় সরকারের কথা বলেছে। তাই বিএনপি চিন্তা করছে, নির্দলীয় সরকারের রূপরেখাটা কী হবে।বিএনপির নীতিনির্ধারকেরা জানান, দলের আদর্শে বিশ্বাসী কয়েকজন রাষ্ট্রবিজ্ঞানীর সঙ্গে তাঁরা কথা বলেছেন। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সুপ্রিম কোর্টের রায়, ত্রয়োদশ ও পঞ্চদশ সংশোধনী নিয়ে আলোচনা করেছেন। এ থেকে তাঁরা মনে করছেন, অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিদের অথবা আপিল বিভাগের বিচারপতিদের মধ্য থেকে মতৈক্যের ভিত্তিতে একজনকে প্রধান উপদেষ্টা করা যেতে পারে। অন্য কোনো নাগরিককে প্রধান উপদেষ্টা করার কথা বলা হলে তা সবার কাছে গ্রহণযোগ্য হবে না।বিএনপি ত্রয়োদশ সংশোধনীর আলোকে তত্ত্বাবধায়ক সরকার রাখার কথা বলে আসছিল। এ প্রস্তাব চূড়ান্ত হলে দলটি তাদের অবস্থান থেকে আরেকবার সরে আসবে। এর আগে তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে সরে আসে দলটি। এর পরিবর্তে অন্য যেকোনো নামের নির্দলীয় সরকারের কথা বলছে বিএনপি। ২ আগস্ট বিএনপির চেয়ারপারসন দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে নির্দলীয় সরকার নিয়ে বিএনপির দাবির সপক্ষে একটি প্রস্তাব থাকা উচিত বলে সদস্যরা একমত হন। এরপর দলের আইনজ্ঞ নেতারা এ নিয়ে আলোচনা শুরু করেছেন। তবে প্রস্তাব তৈরি করতে বিএনপি কোনো কমিটি গঠন করেনি।জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ প্রথম আলোকে বলেন, সাবেক প্রধান বিচারপতি অথবা আপিল বিভাগের কোনো বিচারপতিকে প্রধান উপদেষ্টা করার প্রস্তাব বিএনপি দিলে তা সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে কোনো দ্বন্দ্ব তৈরি করবে না। বরং সেটাই সব দিক থেকে ভালো হবে। তবে এটা হতে হবে রাজনৈতিক দলগুলোর মতৈক্যের ভিত্তিতে। তিনি বলেন, সাবেক বিচারপতিরা এখন সাধারণ নাগরিকদের মতোই থাকছেন। চাকরিজীবনে তাঁরা রাজনীতির সঙ্গেও ছিলেন না। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন—এমন ব্যক্তিরা আবারও এ পদে আসতে পারেন।সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে নির্বাচনের সময় সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাব তুলে ধরেন। এর আগপর্যন্ত তিনি আগামী নির্বাচন মহাজোট সরকারের অধীনেই হবে বলে আসছিলেন। তবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।