দুই মাসের মধ্যে ফল প্রকাশ হওয়ার নিয়ম থাকলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০০৫-০৬ শিক্ষাবর্ষের (প্রথম ব্যাচ) রসায়ন বিভাগের পঞ্চম সেমিস্টারের পরীক্ষার ফল সাত মাস পরও প্রকাশিত হয়নি। তাই কোর্স শেষ হলেও পরবর্তী সেমিস্টারের পরীক্ষা হচ্ছে না। এতে সেশনজট বেড়ে যাচ্ছে।ফল প্রকাশে বিলম্বের জন্য কয়েকজন শিক্ষক সেমিস্টার পদ্ধতির জটিলতার কথা বললেও কর্তৃপক্ষ তা নাকচ করে দিয়েছে।রসায়ন বিভাগের পঞ্চম সেমিস্টারের লিখিত ও ব্যবহারিক পরীক্ষা শেষ হয় গত ফেব্রুয়ারিতে।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী বলেন, প্রায় তিন মাস আগে জুনে ষষ্ঠ সেমিস্টারের কোর্স শেষ হয়। কিন্তু বিভাগের শিক্ষকদের ‘দায়সারা গোছের’ কাজের কারণে ফল প্রকাশিত হচ্ছে না।শুধু রসায়ন নয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগই নির্দিষ্ট সময়ে ফল প্রকাশ করতে পারছে না। এ কারণে ছয় মাসের সেমিস্টার শেষ করতে দেড় থেকে দুই গুণ বেশি সময় লাগছে।একাধিক প্রবীণ শিক্ষক বলেন, সেমিস্টার পদ্ধতির সঙ্গে শিক্ষকেরা এখনো অভ্যস্ত হতে পারেননি। তা ছাড়া আইন অনুযায়ী অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দিয়ে প্রশ্ন ও পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের বাধ্যবাধকতা থাকায় অনেক ‘সময় নষ্ট’ হয়। তবে তাঁরা এ-ও বলেন, অধিকাংশ শিক্ষকই যথেষ্ট আন্তরিকতা নিয়ে কাজ করেন না।খোঁজ নিয়ে জানা যায়, পদার্থবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ এবং পরিসংখ্যান বিভাগেরও প্রথম ব্যাচের পঞ্চম সেমিস্টারের পরীক্ষার ফল প্রকাশিত হয়নি। সাত-আট মাস এরই মধ্যে চলে গেছে। এ ছাড়া ২০টি বিভাগের মাস্টার্স পরীক্ষা শেষ হয় গত মে মাসে। তার ফল কবে প্রকাশ করা হবে, চার মাস চলে যাওয়ার পরও তা বলতে পারছে না কর্তৃপক্ষ।ভূগোল ও পরিবেশ বিভাগের ছাত্র মাসুদুর রহমান বলেন, ‘ঈদের আগে ষষ্ঠ সেমিস্টার পরীক্ষার ফরম পূরণ করেছি। কিন্তু আগের সেমিস্টারের ফল আট মাসেও প্রকাশ না হওয়ায় পরীক্ষা দিতে পারছি না।’রসায়ন বিভাগের চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া মণ্ডল বলেন, ‘শর্ট সেমিস্টার ও আগের সেমিস্টারে এফ গ্রেড পাওয়া শিক্ষার্থীদের জন্য পঞ্চম সেমিস্টারের ফল প্রকাশে বিলম্ব হচ্ছে। তবে শিগগিরই তা প্রকাশ করা হবে।’ তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় শুরুর সময় প্রয়োজনীয় লোকবল, অবকাঠামো ও সিলেবাস না থাকায় সেমিস্টার পদ্ধতির প্রথম কয়েকটি ব্যাচের শিক্ষার্থীদের সমস্যা হচ্ছে।বিলম্বের জন্য সেমিস্টার পদ্ধতির ‘জটিলতা’কে দায়ী করেন মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান কাজী সাইফুদ্দিন। তিনি বলেন, ‘আইন সংশোধন করে ছাত্র-শিক্ষক উভয়কেই এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন।’পরীক্ষা নিয়ন্ত্রক এ কে এম আকতারুজ্জামান বলেন, ‘লোকবলের সংকট সত্ত্বেও সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে আমরা চূড়ান্ত ফল তৈরি করছি। কিন্তু বিভাগগুলো প্রাথমিক ফল তৈরিতে অনেক দেরি করে ফেলছে।’সেমিস্টার পদ্ধতি যে সমস্যা, তা মানেননি দায়িত্বপ্রাপ্ত উপাচার্য মো. শওকত জাহাঙ্গীর। তিনি বলেন, ‘সেমিস্টার পদ্ধতি কোনো প্রতিবন্ধকতা নয়। শিক্ষকেরা যদি আরও আন্তরিকতার সঙ্গে কাজ করেন, তবে আরও কম সময়ে ফল প্রকাশ করা সম্ভব।’শওকত জাহাঙ্গীর জানান, তাঁরা ফল প্রকাশের সময় কমিয়ে আনতে কাজ করছেন। অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দিয়ে পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের বিধানটি সংশোধনের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে পাঠানো হয়েছে।