নির্দিষ্ট সময়ে ফল হয় না, পিছিয়ে পড়ছেন শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০০৬-০৭ বর্ষের শিক্ষার্থীরা গত বছর এপ্রিলে পঞ্চম সেমিস্টার পরীক্ষা দিয়েছেন। সেমিস্টার পদ্ধতির নিয়ম অনুযায়ী ২১ দিনের মধ্যে তাঁদের ফল প্রকাশ করার কথা। কিন্তু ১০ মাস পেরিয়ে গেলেও তাঁরা এখনো ফলাফল পাননি। আরও বিস্ময়কর তথ্য হলো, ওই বিভাগের চেয়ারম্যান এখনো জানেন না, এই বর্ষের শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হয়নি। শিক্ষার্থীরা জানিয়েছেন, পঞ্চম সেমিস্টারের ফল না পেয়েই তাঁরা ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা দিয়েছেন। ক্লাস চলছে সপ্তম সেমিস্টারের। কিন্তু ফল প্রকাশের পর যদি দেখা যায়, পঞ্চম ও ষষ্ঠ সেমিস্টারে (তৃতীয় বর্ষ) কোনো শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন, তবে তাঁকে আবার পঞ্চম সেমিস্টারে ভর্তি হতে হবে। বাংলা বিভাগের চেয়ারম্যান এ টি এম নূরুর রহমান খান প্রথম আলোকে বলেন, ‘আমার জানা ছিল না, ফল প্রকাশ করা হয়নি। এখন আমি খোঁজ নেব। একাডেমিক কমিটির বৈঠকে তাগাদা দেব।’ ফলাফল দিতে দেরি হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমার ধারণা দু-একজন শিক্ষক উত্তরপত্র দেখতে দেরি করেছেন বলেই বিলম্ব হয়েছে।’ সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত অর্থনীতি বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা দ্বিতীয় সেমিস্টার সমাপনী পরীক্ষা দিয়েছিলেন গত ২০ ডিসেম্বর। কিন্তু দেড় মাস অপেক্ষার পর ৯ ফেব্রুয়ারি তাঁরা তৃতীয় সেমিস্টারের ক্লাস শুরু করেছেন। অথচ সেমিস্টার পদ্ধতির নিয়ম অনুযায়ী সমাপনী পরীক্ষা শেষ হওয়ার সর্বোচ্চ ২১ দিনের মধ্যে পরবর্তী সেমিস্টারের ক্লাস শুরু করতে হবে। চতুর্থ সেমিস্টারে থাকা শিক্ষার্থীরা পঞ্চম সেমিস্টারে উত্তীর্ণ না হওয়ায় ওই বিভাগের শিক্ষকেরা একই সময়ে একই বর্ষের দুটি সেমিস্টারের ক্লাস নিতে রাজি হননি। তাই ক্লাস শুরু হতে দেরি হয়েছে।অর্থনীতি বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিক উজ জামান প্রথম আলোকে বলেন, ‘আমি শুনেছি সেমিস্টার পদ্ধতিতে আমরা কিছুটা পিছিয়ে আছি। শ্রেণীকক্ষ সংকটের কারণে শিক্ষার্থীদের ক্লাস শুরু হতে দেরি হয়েছে।’কেবল বাংলা ও অর্থনীতি বিভাগই নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ২৭টি বিভাগের সবগুলোরই একই দশা। শিক্ষার মান্নোয়ন ও আন্তর্জাতিক শিক্ষামান বজায়ের লক্ষ্য নিয়ে ২০০৬-০৭ শিক্ষাবর্ষে এসব অনুষদে সেমিস্টার পদ্ধতি চালু করা হয়। কিন্তু এ পদ্ধতির সুফল পাচ্ছেন না শিক্ষার্থীরা।বিলম্বে ফল: গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা গত আগস্ট মাসে তৃতীয় সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা দিয়েছিলেন। ২১ দিনের বদলে তাঁরা ফল পেয়েছেন পাঁচ মাস পর। এই বিভাগের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ষষ্ঠ সেমিস্টারের ফলাফল পেয়েছেন সাত মাস পর।নাট্যকলা বিভাগের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের দেড় মাস আগে শেষ করেছেন ষষ্ঠ সেমিস্টারের সমাপনী পরীক্ষা। ২১ দিনের মধ্যে ফলাফল দেওয়ার কথা থাকলেও এখনো তাঁরা তা পাননি। অথচ ওই ব্যাচে শিক্ষার্থী মাত্র সাতজন।ইসলামের ইতিহাস ও সংস্কৃত বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা তৃতীয় সেমিস্টার সমাপনী পরীক্ষা শেষ করেছেন গত বছর ১০ নভেম্বর। দুই মাস পর ১ জানুয়ারি তাঁরা শুরু করেছেন চতুর্থ সেমিস্টারের ক্লাস। কিন্তু তিন মাস পেরিয়ে গেলেও তাঁরা তৃতীয় সেমিস্টারের ফল পাননি।পিছিয়ে কলা অনুষদ: সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত ২০০৬-০৭ বর্ষের ১১টি বিভাগের শিক্ষার্থীরা এখন আছেন অষ্টম সেমিস্টারে। আর দ্বিতীয় ব্যাচের (২০০৭-০৮ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীরা ষষ্ঠ সেমিস্টারের শেষ পর্যায়ে, অনেক বিভাগে আবার সপ্তম সেমিস্টারের ক্লাস শুরু হয়েছে। অন্যদিকে কলা অনুষদভুক্ত বাংলা বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থীরা সপ্তম সেমিস্টারের ক্লাস শুরু করেছেন গত ৮ ডিসেম্বর। ওই বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের ষষ্ঠ সেমিস্টারের ক্লাসই শুরু হয়নি। ইতিহাস বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীরা ষষ্ঠ সেমিস্টারের ক্লাস শুরু করেছেন ১৫ জানুয়ারি। প্রথম ব্যাচের শিক্ষার্থীরা আছেন সপ্তম সেমিস্টারে। বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের সপ্তম সেমিস্টার এবং দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের ষষ্ঠ সেমিস্টারের ক্লাস শুরু হয়েছে। অথচ সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা তাঁদের চেয়ে এক সেমিস্টার এগিয়ে আছে। একই অবস্থা কলা অনুষদের বাকি বিভাগগুলোতেও। অনুষদ সূত্রে জানা গেছে, ২০০৭ সালের আগস্টের আন্দোলনের কারণে দুই মাস বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল। পরবর্তী সময়ে সমাজবিজ্ঞান অনুষদ এ জট কাটিয়ে উঠতে পারলেও কলা অনুষদভুক্ত বিভাগগুলো আরও পিছিয়ে পড়ে।শিক্ষকেরা বলছেন সংকটের কথা: সেমিস্টার পদ্ধতিতে কেন এত সমস্যা হচ্ছে জানতে চাইলে অর্থনীতি বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিক উজ জামান বলেন, শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় শ্রেণীকক্ষ নেই। অনেক সময়ই কক্ষ ফাঁকা না থাকায় বসে থাকতে হয়। এ ছাড়া এ পদ্ধতিতে ক্লাস, পরীক্ষা বেড়ে দ্বিগুণ হয়েছে। কিন্তু বাড়েনি শিক্ষকদের সংখ্যা। সব মিলে পর্যাপ্ত পূর্বপ্রস্তুতি ছাড়াই এ পদ্ধতি চালু করায় নানাবিধ সমস্যার সৃষ্টি হয়েছে। বাংলা বিভাগের চেয়ারম্যান নুরুর রহমান খান বলেন, ‘পদ্ধতিটা আমরা বিদেশ থেকে নিয়েছি। এটি ভালো পদ্ধতি সন্দেহ নেই। তবে তাদের অবকাঠামোগত অবস্থা আর আমাদের অবকাঠামোগত অবস্থা এক নয়।সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, খাতা দেখতে কিছু শিক্ষক দেরি করায় ফলাফল সঠিক সময়ে দেওয়া যায় না। তাঁরাই আবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিলে সেখানে নিয়মিত খাতা দেখেন। খাতা দেখতে দেরি করা এসব শিক্ষকের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শক্ত অবস্থান নিচ্ছে। কলা অনুষদের ডিন সদরুল আমিন বলেন, শিক্ষকদের সদিচ্ছাই সবচেয়ে বড় বিষয়। সব শিক্ষক যদি দায়িত্ববান হতেন তাহলে এত সমস্যা হতো না।