নির্দিষ্ট সময়ের মধ্যে বই ছাপতে সংশ্লিষ্টদের প্রতি মন্ত্রীর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, পাঠ্যবইয়ের সঙ্গে ব্যবসায়িক স্বার্থের বাইরে জাতীয় স্বার্থ জড়িত রয়েছে। তিনি লাখ লাখ ছাত্রছাত্রীর কথা বিবেচনায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে বই ছাপানোর সর্বাত্মক চেষ্টা করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন। শিক্ষামন্ত্রী আজ মঙ্গলবার বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে এ আহ্বান জানান। শিক্ষামন্ত্রী বলেন, ১৫ ডিসেম্বরের মধ্যে দেশের প্রতিটি জেলায়, ২১ ডিসেম্বরের মধ্যে উপজেলায় এবং ২৪ ডিসেম্বরের মধ্যে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বই পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ২৯-৩০ ডিসেম্বর পাঠ্যবই বিতরণ কার্যক্রম উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ জানানো হবে। সমিতির নেতারা শিক্ষামন্ত্রীর কাছে পাঠ্যপুস্তক ছাপানোর বিষয়ে নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। তাঁরা আগামী বছরে বই ছাপার ক্ষেত্রে প্রেসগুলোর কাজের পূর্ব মূল্যায়ন করা, তাদের সামর্থ্য দেখা, কাগজের জোগান ইত্যাদি বিবেচনার অনুরোধ জানান। তা ছাড়া এ বিষয়ে একটি স্থায়ী পদ্ধতি প্রণয়নেরও আহ্বান করেন তাঁরা। এর জবাবে মন্ত্রী বলেন, আগামী বছরের বই ছাপার পরিকল্পনা আগে থেকেই গ্রহণ করা হবে।সভায় শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, এনসিটিবির চেয়ারম্যান মো. কামালউদ্দিন, বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির শহীদ সেরনিয়াবাত প্রমুখ উপস্থিত ছিলেন।