নির্দেশ অবৈধ স্থাপনা উচ্ছেদের নোটিশ যাচ্ছে বৈধগুলোতেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্ট বুড়িগঙ্গা, শীতলক্ষ্যাসহ ঢাকার চারপাশের নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিলেও নদীগুলোর বৈধ, এমনকি জনস্বার্থের সঙ্গে যুক্ত স্থাপনাও ভেঙে ফেলতে তালিকা করেছে ঢাকা জেলা প্রশাসন এবং ভূমি ও জরিপ অধিদপ্তর। সরকারি মালিকানাধীন নদীবন্দর ভবন এবং জেটির পাশাপাশি এ তালিকায় রয়েছে ৫৪টি বেসরকারি বৈধ জেটি ও স্থাপনা।সরকারি স্থাপনাগুলো ভাঙলে নৌপরিবহন-ব্যবস্থা ভেঙে পড়বে বলে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন। আর বেসরকারি কর্তৃপক্ষগুলো বলছে, শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন সচল রাখা এবং বাজারে ভোগ্য পণ্য সরবরাহ ও দাম স্থিতিশীল রাখতে নৌপথে পণ্য পরিবহনের বিকল্প নেই।ঢাকা ও নারায়ণগঞ্জের বেসরকারি কয়েকটি কারখানা ও জেটির মালিকেরা অভিযোগ করেছেন, হাইকোর্টের নির্দেশের সঠিক পর্যালোচনার পরিবর্তে ‘অপব্যাখ্যা করে’ অনেক স্থাপনা ও জেটি তালিকাভুক্ত করা হয়েছে। তাঁরা বলেছেন, তাঁদের জেটিগুলো দিয়ে চট্টগ্রাম বন্দর থেকে আসা বড় বড় নৌযানের পণ্য ওঠানো-নামানো করা হয়। সড়কপথে এক কেজি পণ্য পরিবহনে প্রায় চার টাকা খরচ হলেও নৌপথে ব্যয় হয় মাত্র ৭৫ পয়সা। জেটি উচ্ছেদ হলে সড়কপথ ব্যবহার করতে হবে। সে ক্ষেত্রে প্রায় পাঁচ গুণ খরচ বাড়বে।নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান গতকাল রোববার প্রথম আলোর কাছে মন্তব্য করেন, সরকারি-বেসরকারি জেটি ও বৈধ স্থাপনা ভেঙে ফেলার তালিকা তৈরি এবং নোটিশ দেওয়াটা ‘বাস্তবভিত্তিক চিন্তার ফসল নয়’। মন্ত্রী বলেন, শিগগিরই আইনমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে বৈঠক করে করণীয় ঠিক করা হবে। সে অনুযায়ী আদালতকে বিস্তারিত অবহিত করার চিন্তা করছেন তিনি।বিষয়টি জানিয়ে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মো. আবদুল মালেক মিয়া গত ১৪ মার্চ নৌপরিবহনসচিবকে চিঠি দেন। এতে বলা হয়, বন্দর আইন, ১৯০৮ এবং বন্দর বিধি, ১৯৬৬ অনুসারে বিআইডব্লিউটিএ নৌপরিবহনে যাত্রী ও মালামাল ওঠানো-নামানো এবং জেটি, ল্যান্ডিং স্টেশন ইত্যাদি বসানোর জন্য শর্তসাপেক্ষে লাইসেন্স দিতে পারে।সদ্য বিদায় নেওয়া ঢাকা জেলা প্রশাসক জিল্লার রহমান তালিকা প্রস্তুত করার সময় কর্মরত ছিলেন। কয়েক দিন আগে প্রথম আলোর প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারি বা খাস জমিতে যেসব স্থাপনা পড়েছে, সবই তালিকাভুক্ত হয়েছে। সরকারি-বেসরকারি দেখা হয়নি। নতুন জেলা প্রশাসক মজিবুল হক এখনো কাজে যোগ দেননি।নাম প্রকাশে অনিচ্ছুক বিআইডব্লিউটিএর শীর্ষস্থানীয় এক কর্মকর্তা বলেন, যদি বৈধ-অবৈধ নির্বিশেষে নদীগুলোর সব স্থাপনা উচ্ছেদ করতে হয়, তাহলে বুড়িগঙ্গা সেতু, কাঁচপুর সেতু, পোস্তগোলা সেতুসহ চার নদীর সব সেতুই উচ্ছেদের আওতায় আসে। কারণ, এসব সেতুও সরকারি বা খাস জমিতে পড়েছে।হাইকোর্টের আদেশ: ঢাকার চারপাশের চারটি নদী অবৈধ দখলমুক্ত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে ‘হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ’ নামের সংগঠনের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ২৪ মে আদালত রুল জারি করেন। মামলাটির আদেশের মূল কথা ছিল, ক্যাডেস্ট্রাল সার্ভে (সিএস) অনুসারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আইনানুগ বিলিবন্দোবস্ত ছাড়া কোনো দখলদার থাকলে সরকার তাকে অবিলম্বে উচ্ছেদ করবে। পরে তালিকা প্রস্তুতে আরএস (রিভাইসড সার্ভে) জরিপ যুক্ত করা হয়। এর মাধ্যমে আদালত শুধু অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন।তালিকায় সরকারি প্রতিষ্ঠান ও স্থাপনা: পোস্তগোলা ১১ ও ৭ আরই ব্যাটালিয়নের (আর্মি ক্যাম্প) ছয় তলা ভবন ও খেলার মাঠ, ভরাট জায়গাসহ খোলা জায়গা, বাংলাদেশ নৌবাহিনীর আলীগঞ্জ জেটি; সদরঘাট টার্মিনাল, গ্যাংওয়ে, পন্টুন; ফতুল্লা, পাগলা, বাদামতলী আমিনবাজারে বিআইডব্লিউটিএর জেটি, আলীগঞ্জে মৎস্য উন্নয়ন করপোরেশনের পাকা ভবন, ইদ্রাকপুরে মেঘনা পেট্রোলিয়ামের জেটি ও ভিটি, আবদুল্লাহপুরে সড়ক ও জনপথ অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের কোয়ার্টার, জিঞ্জিরায় ডায়াবেটিক হাসপাতাল, সড়ক ভবন, জেলা পরিষদ মার্কেট, চর মীরেরবাগে বরফকল সমবায় কার্যালয়, নারায়ণগঞ্জ বন্দরে বিআইডব্লিউটিএর তিনটি টার্মিনাল পন্টুন, ভিআইপি জেটি, খানপুর আরসিসি জেটি, সিএসডি জেটি, আটি মৌজায় নির্মাণাধীন জেটি ও পন্টুন, কেন্দ্রীয় ফেরিঘাটের আরসিসি স্টেপিং ও জেটি, মদনগঞ্জ লঞ্চঘাটে পন্টুন ও যাত্রীছাউনি ইত্যাদি।তালিকাভুক্ত বেসরকারি স্থাপনা: বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যায় অন্য স্থাপনা ছাড়াও জেটি রয়েছে মোল্লা সল্ট ইন্ডাস্ট্রিজ, গ্লোবাল হেভি কেমিকেল, সুপার সল্ট ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ এডিবল অয়েল, নারায়ণগঞ্জ সল্ট, শবনম ভেজিটেবল অয়েল, পদ্মা অয়েল, এসিআই সল্ট, মডার্ন সার্ভিসেস, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বাংলাদেশ, সিনহা টেক্সটাইল, হক সল্ট, পপুলার সল্ট, লাফার্জ মংলা সিমেন্ট, মাল্টিপল ইকুইপমেন্ট, কদমরসুল সল্ট, পূবালী সল্ট, পারটেক্স সুগার, এমটিসি সিমেন্ট, ইস্টার্ন সিমেন্ট, সিটি ভেজিটেবল, আকিজ সিমেন্ট, স্ক্যান সিমেন্ট, সিটি সুগার মিল, বিক্রমপুর সল্ট মিল, উত্তরা লবণ কারখানা, সোহরাব ভেজিটেবল, দীপা ফুড প্রোডাক্টস, এম এ ওহাব অ্যান্ড সন্স, বাংলাদেশ পেপার মিলস, বেঙ্গল প্যাকেজেস, হরিপুর পাওয়ার লি., তালুকদার কেমিকেলস, ঢাকা ইন্ডাস্ট্রিজ প্রভৃতির। বিআইডব্লিউটিএ এগুলোর লাইসেন্স দিয়েছে। তবে এ প্রতিষ্ঠানগুলোর জন্য অনুমোদিত ভূমির বাইরের অংশ অবৈধ বলে গণ্য হবে।