যথাসময়ে নারায়ণগঞ্জে সেনাবাহিনী মোতায়েন না হওয়ায় সরকারের উচ্চমহল দিনভর তৎপরতা চালিয়েও সুরাহা করতে পারেনি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ না থাকায় সেনা মোতায়েন করা হয়নি বলে ওই মহলকে সেনাবাহিনীর শীর্ষপর্যায় জানিয়েছে। একাধিক নির্ভরযোগ্য সূত্রে এ খবর জানা গেছে।সরকারের শীর্ষ নীতিনির্ধারকেরা এ ব্যাপারে গতকাল শুক্রবার অস্ট্রেলিয়ায় সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁদের যোগাযোগ হয়নি বলে জানা গেছে।একাধিক সূত্র জানায়, গতকাল সকাল ছয়টা থেকে সেনাবাহিনী মোতায়েন করার কথা থাকলেও তা কার্যকর না হওয়ায় ঘটনাটি সরকারের নীতিনির্ধারকদের নজরে পড়ে। বেলা ১১টায় গুলশানের একটি বাসায় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ পরিস্থিতি নিয়ে আলোচনায় বসেন। সেখান থেকে সেনাবাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে কথা বলা হয়। কিন্তু তাঁদের জানানো হয়, সেনাবাহিনী মোতায়েনের ব্যাপারে তাঁদের কাছে কোনো নির্দেশনা নেই। সূত্র জানায়, এরপর একটি প্রভাবশালী বিশেষ সংস্থার প্রধানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সেনাবাহিনী মোতায়েন হচ্ছে না। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বশীল একজনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও এ ব্যাপারে কিছু বলতে পারেননি। উপদেষ্টা এইচ টি ইমাম এরপর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদার সঙ্গে যোগাযোগ করেন। সিইসি উপদেষ্টাকে জানান, তিনি সেনাবাহিনী চেয়ে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের (পিএসও) কাছে চিঠি দিয়েছেন। এর বেশি তিনি কিছু জানেন না বলে জানান। সূত্র জানায়, এ রকম অবস্থায় ওই বৈঠক থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু প্রধানমন্ত্রী বৈঠকে ব্যস্ত থাকায় তাঁরা কথা বলতে পারেননি। পরে সৈয়দ আশরাফুল ইসলাম ও এইচ টি ইমাম প্রধানমন্ত্রীর কাছে মুঠোফোনে বার্তা পাঠান বলে জানা যায়।সরকারের নির্ভরযোগ্য একাধিক সূত্রমতে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে একজন বিশেষ প্রার্থীকে বিজয়ী করার জন্য ঢাকায় বসে পরিকল্পনা বাস্তবায়নে সমন্বয় করছেন সরকারের উচ্চপর্যায়ে থাকা দুজন ব্যক্তি।নারায়ণগঞ্জে সেনাবাহিনী মোতায়েন না হওয়ার বিষয়টি কূটনৈতিক মহলেও আলোচনা হয় বলে জানা গেছে। গতকাল সন্ধ্যায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ কয়েকটি দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার সরকারের নীতিনির্ধারকদের কাছে সেনাবাহিনী মোতায়েন না হওয়ার কারণ জানতে চান। নির্বাচন অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়েও কূটনীতিকেরা কথা বলেন।গুলশানে বৈঠক সম্পর্কে মাহবুব উল আলম হানিফের কাছে জানতে চাওয়া হলে তিনি এ ব্যাপারে কিছু বলতে অস্বীকৃতি জানান।সিটি করপোরেশন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন থাকায় পরিস্থিতি নিয়ে জানতে চাইলে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম প্রথম আলোকে বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব হচ্ছে নির্বাচনের জন্য প্রয়োজনীয় আইন প্রণয়নের ব্যবস্থা করা, নির্বাচনকালে পৌর প্রশাসক নিয়োগ করা, সীমানা নির্ধারণ প্রভৃতি। স্থানীয় সরকার মন্ত্রণালয় নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের জন্য প্রয়োজনীয় সবকিছু করেছে। কিন্তু নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব নির্বাচন কমিশনের। আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনী মোতায়েনের দায়িত্ব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের। এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কিছু করার নেই। আওয়ামী লীগে হতাশা: এদিকে সেনাবাহিনী মোতায়েন না হওয়ায় সরকারের একটি মহল ও ক্ষমতাসীন আওয়ামী লীগের মধ্যে হতাশা তৈরি হয়েছে। তাঁরা বিষয়টি ভালোভাবে নেননি। তবে কেউই নাম প্রকাশ করে কিছু বলতে চাননি।আওয়ামী লীগের অন্তত এক ডজন নেতার সঙ্গে কথা বলে জানা যায়, তারা মনে করেন, সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা বিশেষ মহল আওয়ামী লীগ ও সরকারের ক্ষতি করার জন্য গণবিরোধী কর্মকাণ্ডে প্ররোচিত করছে। নারায়ণগঞ্জে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হলে সরকারের বিজয় হবে। আর অনিয়মের আশ্রয় নিয়ে সরকারি দলের সমর্থিত প্রার্থী ব্যক্তিগতভাবে বিজয়ী হলেও গোটা সরকার পরাজিত হবে।একজন জ্যেষ্ঠ সাংসদ প্রথম আলোকে বলেন, যদি সেনাবাহিনী মোতায়েন না-ই করা হবে, তাহলে মোতায়েনের সিদ্ধান্তের সময়ই বিরোধিতা করা উচিত ছিল। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মেনে নেওয়ার পর সেনা মোতায়েন না করায় জনমনে নির্বাচন নিয়ে সংশয় ও সন্দেহ দেখা দেবে।উপদেষ্টামণ্ডলীর অপর একজন সদস্য বলেন, শামীম বা আইভী যে-ই বিজয়ী হোন, তাঁরা আওয়ামী লীগেরই লোক। এখানে বিশেষ একজনের জন্য বাড়তি কিছু করে দল ও সরকারের বদনাম করা হবে আত্মঘাতী।সভাপতিমণ্ডলীর একজন সদস্য বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বাস্তবায়ন না করায় সরকারের ক্ষতি হলো। সম্পাদকমণ্ডলীর একজন দায়িত্বশীল সদস্য বলেন, এককথায় এটা দলের জন্য ক্ষতিকর সিদ্ধান্ত। সম্পাদকমণ্ডলীর অপর একজন সদস্য বলেন, সেনা মোতায়েন না করায় অকারণেই মানুষের মধ্যে সন্দেহ বাড়ানো হলো।