কারওয়ান বাজারে আম্বরশাহ মসজিদ প্রান্তে আন্ডারপাসে ঢোকার মুখেই একটি লোহার খুঁটির দিকে চোখ যাচ্ছে অনেকেরই। খুঁটির মাঝামঝি সাঁটানো সাইনবোর্ডে লেখা ‘সামনে ডানে মোড় নিষেধ’ অনুসরণ করে দৃষ্টি চলে যায় খুঁটির একেবারে মাথায় বসানো ডিজিটাল বোর্ডে। সেখানে ডিজিটাল অক্ষরে ফুটে উঠছে রাস্তায় যান চালানোর ব্যাপারে বিভিন্ন সতর্কবাণী, যেগুলো ঢাকার যেকোনো রাস্তার জন্যই প্রযোজ্য। এ রাস্তার জন্য প্রয়োজনীয় বার্তাটি চালকদের জানানোর জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগকে নির্ভর করতে হয়েছে হাতে লেখা সাইনবোর্ডের ওপর। শুধু কারওয়ান বাজার নয়, নগরের ৩১টি পয়েন্টে বসানো ডিজিটাল ডিসপ্লে বোর্ড মাস ছয়েক ধরে চালকদের কেবল সাধারণ সতর্কবাণীই দেখিয়ে যাচ্ছে। অথচ সিথ্রিএস (কমান্ড, কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন্স সিস্টেম) প্রকল্পের আওতায় বসানো এ ডিসপ্লে বোর্ডগুলোয় রাস্তার যান চলাচলের অবস্থা বুঝে প্রয়োজনীয় নির্দেশনা দেখানোর কথা।ডিজিটাল ডিসপ্লে বোর্ডের মতোই পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না রাজধানীর ৫৯টি স্থানে বসানো ১৫৫টি ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসি ক্যামেরা)। কারণ পরীক্ষামূলকভাবে চালু হওয়ার পর ছয় মাস পেরিয়ে গেলেও যান্ত্রিক ত্রুটির জন্য এখনো পুরোপুরি চালু হয়নি সিথ্রিএস প্রকল্প। অথচ ঢাকা মহানগর পুলিশের কমিশনার এ কে এম শহীদুল হক ২০১০ সালের ফেব্রুয়ারি থেকেই এ ব্যবস্থা পুরোপুরি চালু হতে পারে বলে গত ডিসেম্বরে আশাবাদ ব্যক্ত করেছিলেন। ডিএমপি সূত্রে জানা গেছে, নগরের রাস্তায় চলমান যানবাহনগুলোকে তদারক করার জন্য ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ২০০৯ সালের নভেম্বরে ৬১ কোটি টাকার সিথ্রিএস প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করে। এ প্রকল্পের মধ্যে ক্লোজ সার্কিট ক্যামেরা ও ডিসপ্লে বোর্ড স্থাপন ছাড়াও ছিল পুলিশের গাড়িতে অটোমেটিক ভেহিকেল লোকেশন সিস্টেম (এভিএলএস) বসানো এবং ডিজিটাল রেডিও ট্র্যাকিং সিস্টেমের নতুন দেড় হাজার ওয়াকিটকি সংগ্রহ। ডিএমপির ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যদের দ্রুত কাজ করতে এ সিথ্রিএস প্রকল্প হাতে নেওয়া হয়।ডিএমপি সূত্রে জানা যায়, নগরের ৫৯টি মোড়ে বসানো থাইল্যান্ড থেকে আনা রেডিও লিংক প্রযুক্তির ১৫৫টি সিসি ক্যামেরা ২৪ ঘণ্টা সক্রিয় থাকার কথা। ক্যামেরাগুলো আবার তারবিহীন প্রযুক্তির মাধ্যমে আবদুল গণি রোডে পুলিশের নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে সংযুক্ত। প্রতিটি ক্যামেরা এ নিয়ন্ত্রণকক্ষ থেকে নিয়ন্ত্রণ করা এবং ক্যামেরার তোলা ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করার কথা ছিল। নিয়ন্ত্রণকক্ষে গিয়ে দেখা যায়, কক্ষে সারিবদ্ধভাবে সাজানো রয়েছে ৩৫টি এলসিডি মনিটর। ৩৫টি মনিটরের মধ্যে চালু রয়েছে মাত্র চারটি। এ চারটি মনিটরে আবার একই মোড়ের চিত্র (ফার্মগেট মোড়) দেখানো হচ্ছে। শীতাতপনিয়ন্ত্রিত এ নিয়ন্ত্রণকক্ষের কম্পিউটারে বসেই পুলিশ সদস্যরা রাস্তার মোড়ের এই সিসি ক্যামেরাগুলো নিয়ন্ত্রণ করছেন। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই হঠাৎ করে সব মনিটর বন্ধ গয়ে গেল। তখন অনেক চেষ্টা করেও তাঁরা আর মনিটরে কোনো ফুটেজ আনতে পারছিলেন না। কারণ হিসেবে নিয়ন্ত্রণকক্ষে কর্মরত একজন বলেন, ফার্মগেট মোড়ে বিদ্যুৎ চলে গেছে, তাই ক্যামেরা চলছে না। নাম প্রকাশে অনিচ্ছুক এখানকার কয়েকজন কর্মী বলেন, ‘আমাদের নিয়ন্ত্রণকক্ষ এখনো পুরোপুরি চালু হয়নি। পুরোপুরি চালু হলে তখন আপনাদের সব তথ্য দিতে পারব।’ আর ডিএমপির একজন প্রযুক্তিবিষয়ক কর্মকর্তা জানান, একটি সিসি ক্যামেরা চলার জন্য তিন থেকে চারটি স্থানে নিরবচ্ছিন্ন বৈদ্যুতিক সংযোগ প্রয়োজন হয়। এর কোনো এক জায়গায় লোডশেডিং হলে পুরো ক্যামেরা আর চলতে পারে না।৩১টি স্থানে বসানো ডিজিটাল ডিসপ্লে বোর্ডগুলো চালুর পর থেকে কেবল ইংরেজিতে ট্রাফিক আইনসংক্রান্ত তথ্য দেখিয়ে যাচ্ছিল। মাস তিনেক আগে বাংলায় এ সংক্রান্ত তথ্য দেখানো শুরু হয়েছে। কিন্তু পরিকল্পনা অনুযায়ী, রাস্তার অবস্থা বুঝে বিশেষায়িত বার্তা এখনো দেখানো সম্ভব হয়নি। ডিসপ্লে বোর্ডগুলোর তথ্য কেন পরিবর্তন করা হচ্ছে না—এমন প্রশ্নের জবাবে ডিএমপির সিস্টেম অ্যানালিস্ট শারমিন আফরোজ বলেন, ‘প্রথম দিকে আমাদের ডিসপ্লে বোর্ডে ইংরেজি লেখা দেখানো হতো। সেটা আপডেট করা হয়েছে।’ নতুন টেক্সট তৈরি করা হলে সেটা বোর্ডে দেখানো হবে বলেও জানান তিনি। টহল দেওয়ার নাম করে বের হওয়া পুলিশের গাড়িগুলো আসলে টহল দেয় কি না, সে সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য এবং টহল চলাকালে যাতে কেউ ফাঁকি দিতে না পারে সে জন্য পুলিশের ৩০টি গাড়িতে লাগানো হয়েছে এভিএলএস প্রযুক্তির ট্র্যাকার। এ ট্র্যাকারের সাহায্যে নগরের কোন রাস্তায় কখন পুলিশের কোন টিম দায়িত্বরত, সে সম্পর্কে নিশ্চিত হতে পারবে নিয়ন্ত্রণকক্ষ। কিন্তু প্রায় সময়ই এ ৩০টি গাড়ির ১০-১৫টি গাড়ি ওয়ার্কশপে মেরামতের অপেক্ষায় থাকে বলে ডিএমপির একটি সূত্র জানিয়েছে। ফলে ট্র্যাকিং সিস্টেমও তেমন একটা কাজে আসছে না বলে জানা গেছে।সিথ্রিএস প্রকল্পের বিষয়ে পুলিশের টেলিকম বিভাগের সহকারী মহাপরিদর্শক মো. বেলাল রহমান জানান, তাঁরা এখন পর্যন্ত পুরো প্রকল্প বুঝে নেননি। দিনে-রাতে সমানতালে লোডশেডিংয়ের কারণে সিসি ক্যামেরা চালানোর জন্য নতুন করে বিকল্প শক্তির (আইপিএস) ব্যবস্থা করতে হচ্ছে। ক্যামেরাগুলো চালু না থাকায় ডিসপ্লে বোর্ডগুলোকে ঠিকমতো কাজে লাগানো যাচ্ছে না বলেও তিনি জানান। তবে আগামী দুই মাসের মধ্যে আইপিএসের ব্যবস্থা করে সিথ্রিএস প্রকল্প আনুষ্ঠানিকভাবে চালু করা হবে বলে তিনি দাবি করেন।