নির্দোষ দাবি করলেন জহির উদ্দিন
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী জহির উদ্দিন জালাল তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন।জহির উদ্দিন জালালের বিরুদ্ধে আসামিপক্ষের আইনজীবী মুন্সি আহসান কবিরকে লাঞ্ছিত করার অভিযোগ আনা হয়েছে।আজ রোববার জালালের বিরুদ্ধে আনা আদালত অবমাননার বিষয়ে রুলের লিখিত ব্যাখ্যায় তিনি এ দাবি করেন।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আজ লিখিত ব্যাখ্যা পড়ে শোনান তাঁর আইনজীবী মহসিন রশিদ।ব্যাখ্যায় জহির উদ্দিনের বিরুদ্ধে বিবাদী পক্ষের আনা অভিযোগকে মিথ্যা গল্প বলে আখ্যায়িত করা হয়েছে। ব্যাখ্যায় বলা হয়েছে, ঘটনার সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা নেই। তিনি রাষ্ট্রপক্ষের একজন গুরুত্বপূর্ণ সাক্ষী। তাঁকে ট্রাইব্যুনালে অগ্রহণযোগ্য করতেই বিবাদীপক্ষ তাঁর বিরুদ্ধে এ অভিযোগ এনেছে। ঘটনার সময় তিনি সেগুনবাগিচা এলাকায় ছিলেন না, এমনকি ঘটনার কয়েক মাস আগেও তিনি সেগুনবাগিচা বা পুরানা পল্টন এলাকায় যাননি। লিখিত ব্যাখ্যায় জহির উদ্দিন নিজেকে নির্দোষ দাবি করে অভিযোগ থেকে অব্যাহতি চান। পরে মুন্সি আহসান কবির বলেন, এ বিষয়ে তাঁদের ব্যাখ্যা আছে। এ সময় আসামিপক্ষের অপর আইনজীবী তাজুল ইসলাম ট্রাইব্যুনালে সময়ের আরজি জানালে আগামী ১১ জুলাই এ বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়। গত ২৮ মে মুন্সি আহসান কবিরকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে আসামিপক্ষ রাষ্ট্রপক্ষের সাক্ষী জহির উদ্দিন জালালের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করেন। পরে ট্রাইব্যুনাল এ-সংক্রান্ত আদেশে রাষ্ট্রপক্ষের ওই সাক্ষীর বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, তা জানতে চান।