‘মাননীয় আদালত, বিদ্রোহের কয়েক দিন পর সব জওয়ানের যে ডাক্তারি পরীক্ষা করা হয়েছে, তাতে আমার শরীরে অস্ত্র ব্যবহারের দাগ রয়েছে বলে উল্লেখ করা হয়। তবে আমার শরীরের দাগটি জন্মগত।’ আদালতে নিজেকে নির্দোষ প্রমাণের জন্য গতকাল বৃহস্পতিবার কথাগুলো বলেন ২৪ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের মামলার আসামি সেপাই ফারুক হোসেন। ওই দাগ এখনো রয়েছে কি না, আদালত তা জানতে চাইলে তিনি বলেন, ‘রয়েছে।’এরপর আদালত ফারুককে এজলাসের সামনে হাজির করতে প্রসিকিউটরকে নির্দেশ দেন। ওই দাগের ছবি তোলারও নির্দেশ দেওয়া হয়। এজলাসের সামনে নেওয়ার পর তিনি শার্ট খুলে বুকের ডান পাশের নিচের দিকে একটি দাগ দেখান। আদালত বিষয়টি বিবেচনার আশ্বাস দেন।বিডিআর সদর দপ্তরের দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৭ এই আশ্বাস দেন। এই আদালতে ২৪ রাইফেল ব্যাটালিয়ন, রাইফেলস সিকিউরিটি ইউনিট ও সংযুক্ত কয়েকটি ব্যাটালিয়নের ৬৬৭ জন আসামির বিরুদ্ধে এই মামলার বিচার চলছে। আদালতে সভাপতিত্ব করেন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলাম।সকাল সোয়া নয়টায় আদালতের কার্যক্রম শুরু হয়ে চলে দুপুর পৌনে একটা পর্যন্ত। গতকাল তিনজন সাক্ষীকে জেরা করেন ৩৮ জন আসামি। অপর এক সাক্ষী বক্তব্য দিলেও তাঁকে জেরা করা শেষ হয়নি। সাক্ষীরা আসামিদের বিরুদ্ধে সশস্ত্র অবস্থায় বিদ্রোহে অংশগ্রহণ, ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের সঙ্গে অশোভন আচরণ, গুজব ছড়িয়ে বিদ্রোহে ইন্ধনসহ বিভিন্ন অভিযোগ আনেন।সাক্ষীকে জেরার একপর্যায়ে সেপাই হাসিনুর রহমান বলেন, ‘আমি ঘটনায় জড়িত ছিলাম না।’ আদালতের সভাপতি ঘটনাটা কী জানতে চাইলে তিনি বলেন, ‘ঘটনা না, একটা দুর্ঘটনা।’ আদালত আবার জানতে চান, কী দুর্ঘটনা ঘটেছিল? জবাবে হাসিনুর বলেন, ‘আমরা বান্দরবান থেকে এসেছিলাম, তাই আমরা জানি না। পরে পত্রিকায় দেখেছি, কয়েকজন সেনা অফিসার নিহত হয়েছেন।’আদালত মুলতবি হওয়ার পর প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল শামছুুর রহমান বলেন, আসামিরা বিডিআরের সব সেক্টরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করার জন্য সিগন্যাল সেন্টারের নিয়ন্ত্রণ নেন। এই সেন্টারের মাধ্যমে বিডিআরের সব যোগাযোগ নিয়ন্ত্রিত হয়। প্রথমেই তাঁরা সিগন্যাল সেক্টরের অধিনায়ককে নিষ্ক্রিয় করেন। তিনি বলেন, যেকোনো সেক্টরের অধিনায়কের সবচেয়ে কাছে সব সময় থাকেন তাঁর রানার ও আরপি এনসিওরা। তাঁরা অনেকটা অধিনায়কের পরিবারের সদস্যের মতো। কিন্তু এই এনসিওরাই বিদ্রোহের সময় অধিনায়কদের নিষ্ক্রিয় করেন, নির্যাতন করেন।চার আসামিকে আলাদা বসানো হয়েছে: গত বুধবার আদালতে ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য চার আসামি সুবেদার মেজর গোফরান মল্লিক, ল্যান্স নায়েক ইকরামুল, সেপাই আবদুল বাছেত ও শামীম আল মামুন জুয়েলকে আলাদাভাবে বসানো হয়। বুধবার আদালতে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করায় আদালত অবমাননার দায়ে বাছেতকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয় এবং চাকরিচ্যুত করা হয়।