নির্ধারিত দরে বিক্রি হচ্ছে না সয়াবিন
নির্ধারিত দর ও মাপে সয়াবিন তেল বিক্রি হচ্ছে না বাজারে। নতুন দর বেঁধে দেওয়া হলেও খোলা এবং বোতলজাত—উভয় আকারের তেলই বিক্রি হচ্ছে আগের দামে। গতকাল বুধবার খোলা সয়াবিন তেল বিক্রি হয়েছে ৯৮ থেকে ১০২ টাকা কেজি দরে।কেজিকে লিটারে রূপান্তর করলে দর পড়ে ৮৯ টাকা ৬৭ পয়সা থেকে ৯৩ টাকা ৩৩ পয়সা। সে হিসাবে লিটারে সাত টাকা ৩৩ পয়সা বেশি রাখা হচ্ছে। আবার লিটারে বিক্রি হওয়ার সিদ্ধান্ত হলেও তেল বিক্রি হচ্ছে ওই কেজির মাপেই। এখানেও ফাঁকি রয়েছে বলে মনে করছেন ভোক্তারা।হাতিরপুল কাঁচাবাজারে গতকাল বিকেলে বাজার করতে আসা নিপিকা ফারহানা প্রথম আলোকে বলেন, ‘শুধু দর বাড়েনি, সের-কেজি-লিটারের মারপ্যাঁচেও প্রতিদিন ঠকতে হচ্ছে আমাদের। তরল পদার্থের ক্ষেত্রে কোথাও সের, কোথাও কেজি আবার কোথাও লিটারের মাপ—এ এক অদ্ভুত দেশ!’ শিগগির সারা দেশে একই ধরনের মাপ চালুর দাবি জানান তিনি। গত মঙ্গলবার থেকেই খোলা সয়াবিন তেল ঢাকাসহ সারা দেশে ৮৬ টাকা আর বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে ৮৪ টাকা লিটার দরে বিক্রি হওয়ার কথা। আর বোতলজাত তেল বিক্রি হওয়ার কথা খোলা তেলের তুলনায় সর্বোচ্চ ১৫ শতাংশ বেশি।গত রোববার ভোজ্যতেল পরিশোধন সমিতির সদস্যদের সঙ্গে বসে নতুন এ দর বেঁধে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। কিন্তু সোম, মঙ্গল এবং গতকাল বুধবারও এর কোনো প্রতিফলন দেখা যায়নি বাজারে।নতুন দর নির্ধারণের আগে খুচরা বাজারে খোলা সয়াবিনের কেজি ছিল ৯৮ থেকে ১০২ টাকা। গতকাল বুধবারও ছিল তা-ই। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) অবশ্য কেজিতে দুই টাকা কমেছে অর্থাৎ ৯৬ থেকে ১০০ টাকা হয়েছে বলে জানালেও বাজার ঘুরে এর সত্যতা পাওয়া যায়নি। সরকারের একটি পরিদর্শন দলও গত মঙ্গলবার রাজধানীর শান্তিনগর বাজারে অভিযান চালিয়ে নির্ধারিত দরের বেশিতে সয়াবিন তেল বিক্রি করায় চারটি দোকানের স্বত্বাধিকারীকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে।রোববার বাণিজ্যমন্ত্রী ফারুক খান সাংবাদিকদের জানিয়েছিলেন, নতুন দর নির্ধারণের ফলে সয়াবিনের লিটার পাঁচ থেকে ছয় টাকা করে কমবে। আর সয়াবিনের দর কমে এলে পামতেলের দর স্বাভাবিকভাবেই কমে আসবে। বাণিজ্যমন্ত্রীর এ কথা গতকাল পর্যন্ত বাস্তব রূপ লাভ করেনি। তবে বাজারে নতুন দর কার্যকর না হওয়ার কিছু যুক্তির কথা জানিয়েছেন তেল পরিশোধন কারখানা-সংশ্লিষ্টরা। যোগাযোগ করলে এস এ অয়েল রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শাহাবুদ্দিন আলম প্রথম আলোকে জানান, সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) উল্লেখ সংবলিত আগের দরের তেল দেশব্যাপী খুচরা দোকানগুলোতে রয়ে গেছে। এগুলো পরিবর্তন করা সহজ নয়, সম্ভবও নয়। তিনি বলেন, মঙ্গলবার থেকে যে তেল সরবরাহ করা হয়েছে, সেগুলোর ক্ষেত্রে নতুন দর কার্যকর হতে পারে। এতেও ১০ থেকে ১৫ দিন লাগবে।বাণিজ্যমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তাহলে বিষয়টি উত্থাপন করেননি কেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই সময়টা যে লাগবে, তা তো স্বাভাবিক বিচার-বুদ্ধির ব্যাপার। এটা আবার উত্থাপন করতে হবে কেন।’ প্রায় একই কথা বলেন বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের বিপণন ও বাজারজাতকরণ বিভাগের প্রধান শোয়েব মোহাম্মদ আসাদুজ্জামান। আইন মানতে গিয়ে উল্টো জরিমানা গুনতে হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। বিদ্যমান ১৯৮২ সালের আইনের ‘কোনো খুচরা বিক্রয়কারী, ডিলার বা অন্য কোনো ব্যক্তি, ক্ষেত্রমতে উৎপাদনকারী বা মোড়কজাতকারী কর্তৃক মোড়কে উল্লিখিত খুচরা বিক্রয়মূল্য মুছিয়া ফেলা, ঝাঁপসা করা বা অন্য কোনোভাবে পরিবর্তন করিতে পারিবেন না।’ এ ধারাটির কথা উল্লেখ করেন তিনি। ৭ ডিসেম্বরের পরের সরবরাহের ক্ষেত্রে নতুন দর কার্যকর করা সম্ভব হবে বলে মনে করেন আসাদুজ্জামান। বাণিজ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী বোতলজাত সয়াবিনের লিটার ১০০ টাকার বেশি হওয়ার কথা নয়। অথচ বোতলজাত রূপচাঁদা, তীর, ফ্রেশ, দাদা, মোস্তফা, মুশকান, নূরজাহানসহ সব ব্র্যান্ডের সয়াবিনই ১০৫ থেকে ১১৫ টাকা দরে বিক্রি হচ্ছে।