নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না চিনি
রাজধানীর হাতিরপুল বাজারের এক দোকানি গতকাল দুপুরে চিনির দাম চাইলেন ৭৫ টাকা কেজি। দাম ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে, এ কথা মনে করিয়ে দিলে তাঁর জবাব, ‘বাজারে চিনি নাই, এই দামেই বেশি করে নিয়া যান। কালকে চিনি না-ও পাইতে পারেন।’এই হলো সরকার চিনির দাম নির্ধারণ করে দেওয়ার পরের দিনের চিত্র। গতকাল রাজধানীর পলাশী, হাতিরপুল ও কারওয়ান বাজার ঘুরে সবখানেই খুচরা বিক্রেতাদের বেশি দামে চিনি বিক্রি করতে দেখা গেছে। বিকেল পর্যন্ত বেশির ভাগ দোকানি ৭২ থেকে ৭৫ টাকায় চিনি বিক্রি করেছেন। আর সন্ধ্যায় কোথাও কোথাও দাম চাওয়া হয় ৮৫ টাকা পর্যন্ত! এমনকি এ সময় দেখা যায়, রাজধানীর বিভিন্ন বাজারে কিছু মুদিদোকানি চিনি বিক্রি পর্যন্ত বন্ধ করে দিয়েছেন।চিনির তুলনায় খোলা সয়াবিন তেলের দাম তেমন বাড়েনি। তবে অনেক দোকানি আর খোলা তেল বিক্রিই করছেন না। ক্রেতা এলে বলে দিচ্ছেন বোতলজাত তেল কিনতে।রমজান মাস সামনে রেখে চিনি ও ভোজ্যতেলের বাজার অস্থির হয়ে ওঠায় গত বুধবার বাণিজ্য মন্ত্রণালয় চিনি, সয়াবিন ও পাম তেলের দর নির্ধারণ করে দেয়। সরকার-নির্ধারিত দর অনুযায়ী, খুচরা ব্যবসায়ীদের খোলা সয়াবিন তেল লিটারপ্রতি ১০৯, পাম তেল ৯৯ ও চিনি ৬৫ টাকায় বিক্রি করতে হবে।কয়েকটি খণ্ডচিত্র: সকালে রাজধানীর পলাশী বাজারে গিয়ে দেখা যায়, কয়েকটি দোকানে চিনি বিক্রি করাই হচ্ছে না। বাজারের আলম স্টোরে গিয়ে সাংবাদিক পরিচয়ে দাম জিজ্ঞেস করতেই দোকানি বদিউল আলম বললেন, ‘কী আর বলব ভাই। চিনির দাম বললেও সমস্যা, না বললেও সমস্যা। চিনি বিক্রি করছি ৭২ টাকায়।’বেশি দাম চাওয়ার কারণ জানতে চাইলে বদিউল বললেন, বুধবার তিনি মৌলভীবাজার থেকে ৫০ কেজির বস্তা কিনেছেন তিন হাজার ৫০০ টাকায়। ক্যালকুলেটরে হিসাব করে তিনি দেখালেন, প্রতি কেজির কেনা দাম পড়ে ৭১ টাকা ৮৩ পয়সা। ঠিক এ সময় চিনির বস্তাবাহী একটি রিকশা বাজারের চাঁদপুর স্টোরে আসে। দৌড়ে এসে চিনি কেনার রসিদটি এই প্রতিবেদককে দেখালেন এক দোকানি। দেখা গেল, পুরান ঢাকার পাইকারি বাজার মৌলভীবাজারের হাজী ইকবাল অ্যান্ড সন্স থেকে ৫০ কেজির বস্তা কেনা হয়েছে তিন হাজার ৫১৫ টাকায়। অর্থাৎ কেজিতে ৭০ টাকার বেশি পড়েছে।জানতে চাইলে হাজী ইকবাল অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী জামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘নির্ধারিত দামের চেয়ে বেশিতে যদি আমাদের সংগ্রহ করতে হয়, তাহলে তো বেশি দামেই বিক্রি করতে হবে। মিলগেটেই সরকার-নির্ধারিত দামে চিনি বিক্রি হচ্ছে না।’বেলা পৌনে তিনটায় হাতিরপুল কাঁচাবাজারের উল্টো দিকের দোকানগুলোতে খোঁজ করে চিনি পাওয়া যায়নি। একজন দোকানি বলেন, ‘চিনি বেচা বন্ধ করে দিয়েছি।’ কারওয়ান বাজারে গতকাল দুপুরে চিনি বিক্রি হয় ৭২ থেকে ৭৫ টাকায়। তবে সন্ধ্যা পৌনে ছয়টায় কারওয়ান বাজারের কিচেন মার্কেটে গিয়ে দেখা গেছে, কেউই চিনি বিক্রি করছেন না। কয়েকজন বললেন, তাঁরা চিনি বেচেনই না! এ সময় দু-একটি ছাড়া কোনো দোকানেই চিনির চিহ্ন দেখাও যায়নি। চিনির দাম ৮৫ টাকা হাঁকার কারণ জানতে চাইলে কারওয়ান বাজারের দোকানি আবদুস সোবহান বলেন, ‘৭২ টাকায় চিনি কিনে ৬৫ টাকায় কীভাবে বেচব বলেন? কাল থেকে চিনিই বিক্রি করব না।’পাইকারি দর নির্ধারণের দাবি: চিনির সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ নিয়ে ক্ষোভ দেখালেন খুচরা ব্যবসায়ীরা। তাঁরা বলছেন, সরকার পাইকারি ব্যবসায়ীদের জন্য কোনো দর বেঁধে দেয় না। তাই বেশি দামে তাঁদের কাছ থেকে চিনি কিনতে হয়।পলাশী বাজারের আমিন স্টোরের মালিক মো. নুরুল আমিন বলেন, ‘পাইকারি ব্যবসায়ীরা আমাদের কাছে যদি ৭০ টাকায় চিনি বিক্রি করেন, তবে আমরা ৬৫ টাকায় চিনি বিক্রি করব কীভাবে? সরকারকে পাইকারি চিনির দরও নির্ধারণ করে দিতে হবে।’ বাংলাদেশ চিনি ব্যবসায়ী সমিতির সহসভাপতি আবুল হাশেম বলেন, ‘বেঁধে দেওয়া দরে যদি মিল থেকে চিনি না আসে, তবে কম দামে তা বিক্রি করা সম্ভব না।’ আবুল হাশেম দাবি করেন, গতকাল মৌলভীবাজারে এক মণ ওজনের চিনির বস্তা বিক্রি হয়েছে দুই হাজার ৫৫০ থেকে দুই হাজার ৫৬০ টাকায়। অর্থাৎ প্রতি কেজি ৬৪ টাকা। আর ৫০ কেজির বস্তা বিক্রি হয়েছে তিন হাজার ২০০ থেকে তিন হাজার ৫০০ টাকা পর্যন্ত। চাহিদা ও সরবরাহে ঘাটতি: চিনি ব্যবসায়ী সমিতির সহসভাপতি আবুল হাশেম প্রথম আলোকে বলেন, ‘দেশে এখন প্রতিদিন চিনির চাহিদা আছে প্রায় পাঁচ হাজার টন। কিন্তু বাজারে সরবরাহ আছে মাত্র দুই হাজার টন। তিন হাজার টন চাহিদার ঘাটতি থাকলে দাম তো বাড়বেই।’একটু কম-বেশি করে চাহিদা ও সরবরাহে ব্যবধানের এই পরিসংখ্যানকে সমর্থন করেছেন আরও কয়েকজন পাইকারি চিনি ব্যবসায়ী। তাঁরা বলেছেন, দেড় মাস ধরে বড় চারটি চিনি পরিশোধনকারী কারখানা বন্ধ রয়েছে। এ কারণে বাজারে সরবরাহ কম। জানা গেছে, দেশের চিনির চাহিদার ৯০ শতাংশের বেশি মেটায় বেসরকারি ছয়টি চিনি শোধনকারী প্রতিষ্ঠান। এর চারটিতেই এখন উৎপাদন বন্ধ। এগুলো হলো: মেঘনা, এস আলম, পারটেক্স ও দেশবন্ধু সুগার মিল। মিল বন্ধ রাখার কারণ হিসেবে তাঁরা কাঁচামাল ও গ্যাসসংকট এবং যান্ত্রিক ত্রুটির কথা বলছেন।সূত্র জানায়, বাকি দুটি পরিশোধন কারখানাও পূর্ণ ক্ষমতায় চিনি পরিশোধন করছে না। ইগলুর চিনি সরকার কিনে নিয়েছে জানিয়ে ব্যবসায়ীরা কেউ কেউ বলছেন, ইগলুর এই চিনি যদি পাইকারদের কাছে বিক্রি করা হতো এবং সরকার যদি আমদানি করত, তাহলে বাজারে চিনির এত ঘাটতি থাকত না।পাইকারি ব্যবসায়ীদের অভিযোগ, পরিশোধন কারখানা বন্ধ থাকায় মিলগেট থেকে চিনি পাচ্ছেন না তাঁরা। শুধু সিটি গ্রুপ মিলগেট থেকে চিনি বিক্রি করছে। তবে এর সঙ্গে এক গাড়ি ভোজ্যতেল নেওয়ারও শর্ত দিচ্ছে। ওই তেলের দাম বাজারদরের চেয়ে বেশি বলে ব্যবসায়ীদের অভিযোগ।বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি: রমজানের আগে চিনি আমদানি না করা এবং পরিশোধন কারখানা বন্ধ রাখার কারণ জানতে চেয়ে গতকাল চিনি পরিশোধনকারী চারটি প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রতিষ্ঠানগুলো হলো: দেশবন্ধু, এস আলম, পারটেক্স ও মেঘনা গ্রুপ।গত বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠকে চিনি পরিশোধন মিলমালিকেরা মিলগেট থেকে ৫৮ থেকে ৬২ টাকায় চিনি বিক্রির কথা দিয়েছিলেন। কিন্তু গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে অনেক ব্যবসায়ী অভিযোগ করেছেন, মিলগেটেই ৬৫ টাকায় বিক্রি হচ্ছে চিনি।সরকার মিলগেটে তেলের দরও নির্ধারণ করে দিয়েছে। সয়াবিন তেলের দর ১০২ ও পাম তেলের দর ৯৫ টাকা। কয়েকজন পাইকারি ব্যবসায়ী বলেছেন, মিলগেটে পাম তেল নির্ধারিত দামে বিক্রি হলেও সয়াবিন তেল বিক্রি হয়েছে ১০৫ টাকায়।খোলা সয়াবিন মিলছে না: বোতলজাত সয়াবিন বাদ রেখে শুধু খোলা তেলের দাম নির্ধারণ করায় হঠাৎ করেই যেন খোলা সয়াবিন তেল বাজার থেকে হারিয়ে গেছে। অল্প কিছু দোকানে তা বিক্রি হতে দেখা গেছে। তবে সরকার-নির্ধারিত দরের চেয়ে তিন-চার টাকা বেশি দামে। আর পাম তেল বিক্রি হয়েছে, নির্ধারিত দরের চেয়ে কম দামে।পলাশী বাজারে দোকান আছে ২৫টির মতো। গতকাল ওই বাজারের বেশির ভাগ দোকান ঘুরে একটিতেও খোলা সয়াবিন তেল পাওয়া যায়নি। তবে পাম তেল বিক্রি হয়েছে নির্ধারিত দামের চেয়ে কম, লিটার ৯৮ টাকায়।হাতিরপুল কাঁচাবাজারের উল্টো দিকের দোকানগুলোতেও খোলা তেলের দেখা মেলেনি। সবাই বোতল ও প্যাকেটজাত তেল বিক্রি করছেন। তবে বাজারের ভেতরে খোলা সয়াবিন বিক্রি হয় ১১২ টাকা লিটারে। কারওয়ান বাজারেও একই দামে খোলা তেল বিক্রি হয়েছে।পলাশী ও কারওয়ান বাজারে বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১২১ থেকে ১২৩ টাকায়। হাতিরপুল বাজারে বিক্রি হচ্ছে ১২৫ টাকা পর্যন্ত। তেলের দাম নির্ধারণ নিয়েও প্রশ্ন ব্যবসায়ীদের। একজন ব্যবসায়ী বলেন, ‘আমরা খোলা তেল কিনি কেজিতে, বেচিও কেজিতে। সরকার কেন তাহলে লিটারে দাম নির্ধারণ করে?’