নির্ধারিত মূল্যের বাইরে চিনি-তেল বিক্রি করা যাবে না: বাণিজ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্ধারিত মূল্যের বাইরে খুচরা বাজারে চিনি ও তেল বিক্রি করা যাবে না বলে জানিয়ে দিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান।আজ বৃহস্পতিবার বেলা ১১টায় সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে চিনি ও তেলের পরিশোধন মালিকদের সঙ্গে এক বৈঠকে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।বাণিজ্যমন্ত্রী বলেন, চিনি ৬৫ টাকা, সয়াবিন তেল ১০৯ টাকা ও পাম তেলের দাম ৯৯ টাকা। এই দামের বাইরে খুচরা বাজারে চিনি ও তেল বিক্রি করা যাবে না। এটা যদি কেউ না মানেন, তবে বাণিজ্য মন্ত্রণালয়ে অভিযোগ দেওয়ার কথাও বলেছেন তিনি।এর আগে মিল গেটে চিনির মূল্য ৫৮-৬২ টাকা করা হয়েছিল। এখন তা পরিবর্তন করে ৬০ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে।রমজান মাসে চিনির মিলগুলো বন্ধ কেন—ব্যবসায়ীদের কাছে বাণিজ্যমন্ত্রী এ বিষয়ে জানতে চাইলে ব্যবসায়ীরা জানান, আগামী দুই-তিন দিনের মধ্যে সব কারখানা চালু করা হবে।বাণিজ্যসচিব গোলাম হোসেনের সভাপতিত্বে এই বৈঠকে ভোজ্যতেল সমিতির সভাপতি এম এ রউফ চৌধুরী ও সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমানসহ কারখানা মালিকদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।এদিকে আজ বেলা একটায় বাণিজ্যসচিব গোলাম হোসেনের সভাপতিত্বে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকার বিভিন্ন বাজারের কাঁচাবাজার সমিতি এবং খুচরা ব্যবসায়ীদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাণিজ্যসচিব বলেন, খুচরা ব্যবসায়ীরা যেন পণ্যের নির্ধারিত মূল্যের বেশি মূল্য না রাখেন। আর প্রতিটা দোকানের সামনে পণ্যের মূল্য টানিয়ে রাখতে হবে। এটা আইন। এই আইন যদি কেউ না মানেন, তাহলে সরকারের ভ্রাম্যমাণ আদালত তাঁদের বিরুদ্ধে তাত্ক্ষণিক শাস্তির ব্যবস্থা করবেন।