নির্ধারিত সময়ে আ.লীগের কাউন্সিল হচ্ছে না
নির্ধারিত সময়ের মধ্যে আওয়ামী লীগের কাউন্সিল হচ্ছে না। আগামী ডিসেম্বর নাগাদ কাউন্সিল হতে পারে। ২৪ জুলাই বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে। রাজনৈতিক পরিস্থিতি এবং তৃণমূলের কাউন্সিল শেষ না হওয়ায় সময় মতো কাউন্সিল সম্ভব হচ্ছে না। আজ মঙ্গলবার আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে দলীয় সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠকে এসব বিষয় আলোচনা হয়। দলীয় সাধারণ সম্পাদক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সংবাদ ব্রিফিংয়ে নির্ধারিত সময়ে কাউন্সিল করা সম্ভব হচ্ছে না উল্লেখ করে বলেন, রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আগামী ডিসেম্বরের মধ্যে কাউন্সিল করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এর আগে দ্রুততম সময়ের মধ্যে তৃণমূলের কাউন্সিল শেষ করা হবে।বৈঠক সূত্র জানায়, তৃণমূলের কাউন্সিল পর্যবেক্ষণের জন্য কেন্দ্রীয় নেতাদের নিয়ে সাত বিভাগে ১১টি কমিটির প্রস্তাব করা হয়েছে। দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতি নিয়ে কমিটি চূড়ান্ত করা হবে। এ ছাড়া বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের মাঠে সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।ব্রিফিংয়ে হানিফ আরও বলেন, ইউনিয়ন পর্যায়ের ৬০ শতাংশ কাউন্সিল এরই মধ্যে শেষ হয়েছে। দু-এক দিনের মধ্যে সাত বিভাগে ১১টি কমিটি চূড়ান্ত করা হবে। সভাপতিমণ্ডলীর সদস্য, উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় কার্যনির্বাহীর নেতারা এই কমিটিতে থাকবেন। বিভাগীয় সাংগঠনিক সম্পাদকেরা কমিটির সমন্বয়কের দায়িত্ব পালন করবেন। হানিফ বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার পুনর্বহাল নয়, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বিএনপির কোনো পরামর্শ থাকলে তারা সংসদে এসে তুলে ধরতে পারে। তাদের প্রস্তাব যুক্তিযুক্ত হলে তা গ্রহণ করা হবে। তবে সংসদের বাইরে কোনো বিষয় আওয়ামী লীগের কাছে গ্রহণযোগ্য হবে না। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে আমরা আমাদের কথা আগেই বলেছি। কোনো অসাংবিধানিক বিষয় মেনে নিতে আমরা রাজি নই।ঘরে ঘরে বিএনপির সংগ্রাম কমিটি গঠনের আহ্বান প্রসঙ্গে হানিফ বলেন, তারা (বিএনপি) সংগ্রাম কমিটি করল কী করল না, তা আমাদের বিষয় না। তিনি বলেন, তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কাঠামো ঢেলে সাজানোর জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সংগঠনের জেলা, উপজেলা পর্যায়ের নেতা এবং সব সাংসদের কাছে চিঠি পাঠিয়েছেন।হানিফ জানান, ২৩ জুন আওয়ামী লীগের ৬৩ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ওই দিন সকালে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, সকাল সাতটায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা তিনটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা এবং সন্ধ্যা সাতটায় বঙ্গবন্ধু এভিনিউয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।সূত্র জানায়, সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক যুগ্ম সাধারণ সম্পাদকের শূন্য পদে মনোনীত হওয়ায় সাংগঠনিক সম্পাদকদের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। চট্টগ্রামের বিভাগের দায়িত্বে থাকা আহমদ হোসেনকে ঢাকা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুরকে চট্টগ্রাম বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্য সাংগঠনিক সম্পাদকদের দায়িত্ব অপরিবর্তিত রয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন দীপু মনি, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আহমদ হোসেন, আবু সাইদ আল মাহমুদ স্বপন, বি এম মোজাম্মেল হক, বীর বাহাদুর, মেজবাহউদ্দিন সিরাজ, মৃণাল কান্তি দাস প্রমুখ।