নির্ধারিত সময়ে উত্তর শেষ করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আমরা পরীক্ষায় অবতীর্ণ হই। কোনো কোনো পরীক্ষা আনুষ্ঠানিক আর বেশির ভাগ পরীক্ষা প্রাত্যহিক। তোমরা পরীক্ষাকে কখনো ভয় পাবে না, বরং পরীক্ষায় অবতীর্ণ হতে সব সময় আগ্রহী থাকবে। তোমাদের আগ্রহই তোমাদের সাফল্যের দিকে নিয়ে যাবে।উচ্চমাধ্যমিক পরীক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। এ পরীক্ষায় ভালো ফল তোমাকে প্রত্যাশিত উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ করে দেবে। দুই বছর ধরে তুমি যেভাবে নিজেকে প্রস্তুত করেছ, তা এখন খাতাপত্রে উপস্থাপন করবে। প্রশ্নের উত্তর সুন্দর ও সঠিক হলে পরীক্ষক তোমাকে সেভাবেই মূল্যায়ন করবেন।পরীক্ষার হলে কখনো বিচলিত হবে না। প্রশ্নপত্র পাওয়ার পর এক-দুইবার, প্রয়োজনে তিনবার পড়ো এবং মানসিকভাবে প্রস্তুতি নাও। কোন প্রশ্নের উত্তর আগে দেবে এবং পর্যায়ক্রমে কোনটির পর কোনটির উত্তর খাতায় লিখবে, তা প্রশ্নের নম্বরের পাশে চিহ্নিত করে রাখো। যেমন, ৫ নম্বর প্রশ্নের উত্তর যদি তোমার সবচেয়ে ভালো জানা থাকে, তবে সেটির পাশে ১ লিখে রাখো, যেন উত্তর লেখা শুরু করলে পাঁচ নম্বর প্রশ্ন দিয়েই শুরু করতে পারো। পরীক্ষক যখন তোমার খাতা মূল্যায়ন করবেন, তখন তোমার প্রথম দিকের সর্বোত্তম উত্তরগুলো সম্পর্কে পরীক্ষককে ভালো ধারণা দেবে। সেভাবে পরবর্তী সময়ে তুলনামূলক দুর্বল উত্তরও ভালো নম্বরে উতরে যায়।মনে রাখবে, প্রশ্ন পাওয়ার পর সেখানে ৮-১০ মিনিট সময় ব্যয় করা কোনোভাবেই সময়ের অপব্যবহার নয়। অনেকে প্রশ্নপত্র পেয়ে তা পাঠ না করেই উত্তর লিখতে শুরু করে, কিন্তু পরে উপলব্ধি করে, এটি না লিখে অন্যটি লিখলে আরও ভালো হতো। এ ধরনের পরিস্থিতি যেন তোমাদের ক্ষেত্রে না হয়। নির্ধারিত সময়ের মধ্যেই তোমার উত্তর লেখা শেষ করো। পরীক্ষা শেষ হওয়ার ১৫ মিনিট আগে তোমার লেখা বন্ধ করে খাতাটি প্রথম থেকে শেষ পর্যন্ত পাঠ করো, যেন কোনো ধরনের ভুলত্রুটি, তথ্য অসংগঠিত না থাকে। কোনো উত্তরের সঙ্গে যদি চিত্রের প্রয়োজন পড়ে, তবে চিত্রটি সঠিকভাবে আঁকবে। মনে রাখবে, উত্তরের বিষয় যেমন প্রয়োজনীয়, তেমনি এর নিখুঁত উপস্থাপনাও অত্যন্ত জরুরি। স্পষ্ট হাতের লেখা সব সময়ই পরীক্ষকের ওপর সুপ্রভাব ফেলে। অভিভাবকদের বলব, পরীক্ষার দিনগুলোয় আপনাদের সন্তানদের উৎসাহ জোগাবেন, অনুপ্রেরণা দেবেন, উদ্দীপিত করবেন। তারা যে প্রস্তুতি নিয়েছে, সে প্রস্তুতিতেই তারা ভালো করবে, এমন মনোবল জোগাবেন। পরীক্ষাকালীন তাদের অযথা কোনো মানসিক চাপে ফেলবেন না। শিক্ষা মূলত অনুপ্রেরণার বিষয়। ছেলেমেয়েদের অনুপ্রাণিত রাখতে পারলে তারা স্বতঃপ্রণোদিত হয়ে লেখাপড়া করবে। কোনো পরীক্ষা কোনো কারণে খারাপ হলে সেটি নিয়ে অযথা চিন্তিত থাকবে না। বরং পরবর্তী পরীক্ষায় যেন ভালো করতে পারো, সে চেষ্টা করবে। জীবনের যেকোনো ক্ষেত্রেই চাবিকাঠি হচ্ছে সময়ের পূর্ণ ব্যবহার। মনে রাখবে, মানবজীবনে সময়ের চেয়ে আর কোনো বড় সম্পদ নেই। আমরা প্রতিদিন যে ২৪ ঘণ্টা সময় পাই—যা এক হাজার ৪৪০ মিনিট বা ৮৬ হাজার ৪০০ সেকেন্ড—এই সময়ের সদ্ব্যবহারের মধ্যেই নিহিত আছে আমাদের সাফল্য। তোমরা উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভালো ফল অর্জন করবে এবং অভীষ্ট লক্ষ্যে এগিয়ে যাবে, এই আমার প্রত্যাশা। আ আ ম স আরেফিন সিদ্দিক: উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়।