নির্ধারিত সময়ে টাকা পরিশোধ করেনি হলমার্ক
সোনালী ব্যাংকের বেঁধে দেওয়া সময়ের মধ্যে অর্ধেক টাকা পরিশোধ করেনি হলমার্ক গ্রুপ। এ ব্যাপারে ব্যাংকের সঙ্গে কোনো যোগাযোগও করেনি তারা। আজ মঙ্গলবারের মধ্যে টাকা ফেরত দিতে সময় বেঁধে দেওয়া হয়েছিল।ব্যাংক সূত্রগুলো জানায়, পরবর্তী পদক্ষেপ কী হবে সে বিষয়ে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রদীপ কুমার দত্ত আজ অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। বাংলাদেশ ব্যাংকের সঙ্গেও যোগাযোগ করেছেন তিনি। এসব পরামর্শের ভিত্তিতে ব্যাংক কর্তৃপক্ষ দুই-এক দিনের মধ্যে পরবর্তী করণীয় ঠিক করবে বলে জানা গেছে।উল্লেখ্য, সোনালী ব্যাংক ৩ সেপ্টেম্বর এক চিঠিতে হলমার্ক গ্রুপকে তাদের কাছে পাওনা দুই হাজার ৬৬৮ কোটি টাকার অর্ধেক পরিশোধ করতে ১৫ দিন সময় বেঁধে দিয়েছিল। আজ ছিল সেই সময়ের শেষ দিন।এ বিষয়ে সোনালী ব্যাংকের জনসংযোগ বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডিজিএম হাফিজুর রহমান আজ সাংবাদিকদের বলেন, বেঁধে দেওয়া সময় শেষ হলেও হলমার্কের পক্ষ থেকে তাঁদের সঙ্গে কেউ যোগাযোগ করেনি। এ বিষয়ে ব্যাংকের পরবর্তী পদক্ষেপ কাল বুধবার সাংবাদিকদের জানানো হবে বলে তিনি জানান।এদিকে ১১ সেপ্টেম্বর একটি জাতীয় দৈনিকে বিজ্ঞাপন দিয়ে হলমার্কের পক্ষ থেকে কিছু প্রস্তাবনা দেওয়া হয়। সেখানে হলমার্কের গ্রুপভুক্ত প্রতিষ্ঠানের দায় নিরূপণ করে ৩০ বছর মেয়াদি কিস্তির মাধ্যমে অর্থ পরিশোধের সময় চাওয়া হয়েছে।সোনালী ব্যাংকের তথ্য মতে, গত মে মাস পর্যন্ত হোটেল রূপসী বাংলা শাখা থেকে হলমার্ক কেলেঙ্কারির মাধ্যমে দুই হাজার ৮৮৮ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। আর গত ৩০ আগস্ট পর্যন্ত গ্রুপটি নগদে ২১৬ কোটি ৪৮ লাখ টাকা ফেরত দিয়েছে। এর বাইরে রপ্তানি বিলের বিপরীতে ব্যাংকের কাছে কিছু অর্থ এসেছে। ফলে বর্তমানে হলমার্কের কাছে ব্যাংকের পাওনা দাঁড়িয়েছে দুই হাজার ৬৬৮ কোটি ৩৮ লাখ টাকা।