নির্ধারিত সময়ে তিস্তার পানি বণ্টন চুক্তির প্রত্যয় ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
নির্ধারিত সময়ে ধৈর্য ও রাষ্ট্রনায়কসুলভ মনোভাবের ভিত্তিতে তিস্তা নদীর পানি ভাগাভাগি এবং বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের ট্রানজিটের বিষয়টি সম্পন্ন হবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম।গতকাল বুধবার নয়াদিল্লিতে ভারত চেম্বার অব কমার্সের এক অধিবেশনে চিদাম্বরম বলেন, ‘তিস্তার পানি বণ্টনের মতো বাংলাদেশের ভেতর দিয়ে ট্রানজিটের বিষয়টি অমীমাংসিত রয়ে গেছে। আমি আত্মবিশ্বাসী, নির্ধারিত সময়ে ধৈর্য ও রাষ্ট্রনায়কসুলভ মনোভাবের ভিত্তিতে এ দুটি বিষয়ের মীমাংসা করা সম্ভব হবে।’ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফর দুই দেশের সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পারস্পরিক দেওয়া-নেওয়ার নীতির ভিত্তিতেই বাংলাদেশের সঙ্গে তিনবিঘা করিডর সমস্যার সমাধান করতে সক্ষম হয়েছে ভারত।চিদাম্বরম বলেন, ‘আমরা খুব বেশি দিইনি বা বেশি নিইনি। এ জন্য অল্প দিয়ে অল্প নেওয়ার রাষ্ট্রনায়কসুলভ মনোভাব প্রয়োজন।’ চিদাম্বরম বলেন, ‘অল্প একটু দেওয়া-নেওয়ার মাধ্যমে আমরা এ সমস্যার সমাধান করতে সক্ষম হয়েছি এবং সমস্যা সমাধানে বাংলাদেশের সঙ্গে সীমান্ত আছে এমন রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীরা কেন্দ্রীয় সরকারকে সহযোগিতা করায় আমি তাদের শুভেচ্ছা জানাচ্ছি।’