নির্ধারিত সময়েই পদ্মা সেতুর কাজ শুরু হবে
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন বাতিল করলেও নির্ধারিত সময়েই সেতুর মূল অবকাঠামো নির্মাণের কাজ শুরু করবে সরকার।আজ রোববার সচিবালয়ে নিজ কার্যালয়ে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন বলে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে। ওবায়দুল কাদের বলেন, ‘আমরা নির্ধারিত সময়ে পদ্মা সেতুর মূল অবকাঠামো নির্মাণের কাজ শুরুর ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ।’যোগাযোগমন্ত্রী বলেন, পদ্মা সেতু নামের শিশুটির জন্মের আগেই অনেকে এটি নিয়ে বক্রোক্তি করছে। তাদের জন্য চমক অপেক্ষা করছে বলে তিনি জানান।যোগাযোগমন্ত্রী বলেন, জনস্বার্থের বিষয়টি বিবেচনায় রেখে পদ্মা সেতু প্রকল্পে বিকল্প অর্থায়ন তহবিলের চেষ্টা করা হচ্ছে। অন্য উত্স থেকে অর্থের জন্য চুক্তি করলে প্রকল্প ব্যয় কমবে বলেও তিনি উল্লেখ করেন।মন্ত্রী বলেন, তিন কোটি মানুষ এই সেতু থেকে সরাসরি উপকৃত হবে। এ ছাড়া পরোক্ষভাবে ১৬ কোটি মানুষই উপকৃত হবে। কারণ পদ্মা সেতু হলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে।পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে পরামর্শক নিয়োগে দুর্নীতির অভিযোগ তদন্তের ক্ষেত্রে বাংলাদেশ সরকার সহযোগিতা না করায় ঋণচুক্তিটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিশ্বব্যাংক। গতকাল সংস্থাটি একটি বিবৃতি দিয়ে এ কথা জানায়।