ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আবারও আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে। প্রতিদিনের লেনদেন শুরুর সময় বেলা ১১টা হলেও এর আগেই কিছু লেনদেন সম্পন্ন হয়ে যাচ্ছে।দীর্ঘদিন ধরে এভাবে চলে আসছে। তবে সম্প্রতি বিষয়টি চিহ্নিত করে এ ব্যাপারে ব্যাখ্যা তলব করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।জানা গেছে, কারিগরি দুর্বলতার সুযোগে অবৈধ এ কাজটি দীর্ঘদিন ধরে চলে আসছে ডিএসইতে। তবে নতুন শেয়ার বাজারে এলে প্রথম দিনই চার থেকে পাঁচ গুণ দাম বেড়ে যাওয়ার পর বিষয়টি বেরিয়ে এসেছে। আর এই দামের লেনদেনের বাস্তবায়নও সম্পন্ন হয়েছে নির্ধারিত সময়ের আগেই, যা অবৈধ।এসইসির সদস্য মনসুর আলম প্রথম আলোকে জানান, বিষয়টি তাঁরা চিহ্নিত করেছেন এবং এ ব্যাপারে ডিএসইর কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। গত ১০ মার্চ এসইসির কমিশন সভায় এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা সতীপতি মৈত্র বলেন, কারিগরি কারণে এমনটা হয়ে থাকতে পারে। তবে বিষয়টি সংশোধন করে অচিরেই ডিএসইর পরিচালনা পর্ষদে পাঠানো হবে।ডিএসইর কেনা-বেচার আইন অনুসারে বেলা ১১টার আগে এ ধরনের কোনো কার্যাদেশই বাস্তবায়নযন্ত্রে (এক্সিকিউশন ইঞ্জিনে) পাঠানো বা যাওয়ার কথা নয়। কিন্তু অনেক দিনই বেলা ১১টা বাজার আগেই বেশ কিছু লেনদেন হয়। এই লেনদেনটি বাজারে নির্ধারিত শেয়ারের দাম সেদিন কত উঠতে পারে, তা বিনিয়োগকারীদের কাছে সংকেত দেয়। এমনটা হয়েছে গ্রামীণফোনের ক্ষেত্রে। সম্প্রতি আসা বেশ কিছু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও এমনটা হয়েছে।অনুসন্ধানে জানা গেছে, বাজারের একটি জুয়াড়ি চক্র বাজারে লেনদেন শুরুর আগেই তাদের কেনা ও বেচার কার্যাদেশ দিয়ে থাকে।এদিকে ডিএসইতে আরও একটি বড় অনিয়ম হয়েছে বলে জানা গেছে। গত ২৫ ফেব্রুয়ারি এইমস ফার্স্ট গ্যারান্টিড মিউচুয়াল ফান্ডের লেনদেন স্থগিত রাখার নির্দেশ সত্ত্বেও ডিএসইতে ওই দিন এক লাখ ৬০ হাজার শেয়ারের লেনদেন সম্পন্ন হয়। কিন্তু চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এসইসির নির্দেশ মেনে এইমসের লেনদেন স্থগিত করে রাখে। আবার ডিএসই ২৫ ফেব্রুয়ারি এ সংক্রান্ত যে ঘোষণা দেয়, সেটিও লেনদেন সম্পন্ন হওয়ার পরই ওয়েবসাইটে প্রকাশ করা হয়। আবার ঘোষণায় কোথাও নিয়ন্ত্রক সংস্থার নির্দেশের কথা উল্লেখ করা হয়নি। এতে বলা হয়, বিনিয়োগকারীদের স্বার্থের কথা বিবেচনা করে যতক্ষণ পর্যন্ত কমিশনের কাছ থেকে এইমসের রাইট ও বোনাস দেওয়ার সিদ্ধান্ত না আসছে, তত দিন এর লেনদেন স্থগিত রাখা হবে। অভিযোগ আছে, ডিএসই বিশেষ কাউকে সুবিধা দেওয়ার জন্যই এমনটি করেছে।তবে ডিএসইর একটি নির্ভরযোগ্য সূত্র বলছে, ডিএসইর কারিগরি ত্রুটির সুযোগ নিয়ে একটি চক্র নির্ধারিত সময়ের আগে এভাবে দীর্ঘদিন ধরে লেনদেন করে আসছে। এই কারিগরি ত্রুটি ২০০৫ সালে পরিবর্তনের উদ্যোগ নিয়েছিলেন ডিএসইর তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা। কিন্তু বোর্ড সে সময় পুরো কারিগরি ব্যবস্থা পরিবর্তন করতে হয় বলে তাতে রাজি হয়নি বলে জানা গেছে।গত ১০ মার্চ এসইসির সভায় ডিএসইর এসব লেনদেন-সংক্রান্ত অনিয়ম ছাড়াও আন্তর্জাতিক পদ্ধতি অনুসরণ করে সূচক নির্ধারণ করা হচ্ছে না, সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।জানা গেছে, আন্তর্জাতিক পদ্ধতি অনুসরণ করে সূচক হিসাবের দাবি করলেও ডিএসই ভুল সূচক পরিমাপ করে আসছে। নিয়ম অনুযায়ী যেকোনো নতুন শেয়ার বাজারে এলে প্রথম দিনই তার মূল্যের ওঠা-নামাকে বিবেচনা না করে দ্বিতীয় দিনের বাজার প্রারম্ভিক দামকে সূচকে অন্তর্ভুক্ত করে পরিমাপ করতে হয়। কিন্তু ডিএসই এই বিধি মেনে সূচক পরিমাপ করে না। এসইসি এ বিষয়টিও তদন্ত করে দেখছে। কেন নির্দেশনা ও সিদ্ধান্ত মোতাবেক সূচক পরিমাপ করা হচ্ছে না, এটিও দেখার জন্য কমিশনের ‘এনফোর্সমেন্ট’ বিভাগের কাছে পাঠানো হয়েছে। জানা গেছে, তারা এটি তদন্ত করছে।এ ব্যাপারে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রেসিডেন্ট শাকিল রিজভী বলেন, আগের হিসাব অনুযায়ী সূচক যা আছে তা-ই থাকবে। তবে এখন থেকে নতুন কোনো শেয়ার এলে নতুন পদ্ধতি অনুসরণ করা হবে।