যানজটমুক্ত রাজধানী নিশ্চিত করতে মেয়র মোহাম্মদ হানিফ (যাত্রাবাড়ী-গুলিস্তান) ফ্লাইওভারের নির্মাণকাজ নির্ধারিত সময়ের ছয় মাস আগে শেষ হবে।আজ বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক আন্তমন্ত্রণালয় সভা শেষে এলজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এ কথা জানান।বাসসের খবরে বলা হয়, সরকারি-বেসরকারি অংশীদারির আওতায় দেশে প্রথমবারের মতো নেওয়া এ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে এক হাজার ৩৫০ কোটি টাকা। মূল পিপিপি অনুযায়ী এর নির্মাণকাজ ২০১৩ সালের জুন নাগাদ শেষ হওয়ার কথা। তবে বর্তমানে নির্মাণকাজের অগ্রগতির পরিপ্রেক্ষিতে আশা করা হচ্ছে, নির্ধারিত সময়ের ছয় মাস আগেই নির্মাণকাজ শেষ হয়ে যাবে। ঢাকা সিটি করপোরেশন ও বেলহাসা একম অ্যান্ড এসোসিয়েটস (ওরিয়া গ্রুপ) প্রকল্পটি বাস্তবায়ন করছে।নানক বলেন, এই ফ্লাইওভার নির্মাণের ফলে মহানগরীর যানজট কমে আসার পাশাপাশি দেশের পূর্ব ও দক্ষিণ অঞ্চলের কমপক্ষে ৩০টি জেলার সঙ্গে রাজধানীর যোগাযোগ-ব্যবস্থার উল্লে¬খযোগ্য উন্নতি হবে।প্রতিমন্ত্রী আরও জানান, এ ফ্লাইওভারটি রাজধানীর আজিমপুর থেকে গাবতলী পর্যন্ত সম্প্রসারিত করা হবে। ইতিমধ্যে সম্প্রসারিত প্রকল্পটির সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ হয়েছে। সম্প্রসারিত প্রকল্প অনুযায়ী আসাদ গেট, রাসেল স্কোয়ার, সায়েন্স ল্যাবরেটরি, নিউমার্কেটসহ রাজধানীর ১০টি স্থানে এই ফ্লাইওভারের ইন্টারকানেকটিভিটি নির্মাণ করা হবে।গত ২২ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রকল্পের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।