নির্বাচন কমিশন আগে ডিসিসির নির্বাচন চায় পরে সীমানা নির্ধারণ
আগামী মার্চের মধ্যেই ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন। এ ক্ষেত্রে সীমানা নির্ধারণ-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে নির্বাচনের পর। এভাবেই উচ্চ আদালতকে বোঝানোর চেষ্টা করবে কমিশন। ডিসিসি এলাকার সীমানা পুনর্নির্ধারণ-সংক্রান্ত বিচারাধীন রুল প্রসঙ্গে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা সাংবাদিকদের গতকাল এ কথা বলেন। সিইসি গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন।সিইসি আরও বলেন, ঢাকায় সীমানা নিয়ে বিরোধ আছে। তবে সীমানা গুরুত্বপূর্ণ নয়। মানুষ ঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারল কি না, সেটাই গুরুত্বপূর্ণ। নির্বাচনের পরও সীমানা-বিরোধ নিষ্পত্তি হতে পারে। ভারতবর্ষে এ রকম উদাহরণ আছে। শামসুল হুদা বলেন, ভোটাধিকার মানুষের অধিকার। আড়াই বছর ধরে ডিসিসির নির্বাচন না হওয়ায় নগরের বাসিন্দারা সে অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। সীমানা পুনর্নির্ধারণ করতে হলে প্রতিটি ওয়ার্ডের মানচিত্র তৈরি করে জনসংখ্যার বিন্যাস করতে হবে। এ কাজে অন্তত ছয় মাস চলে যাবে।এ বছরই মেয়াদ শেষ হয়ে যাওয়া স্থানীয় সরকারব্যবস্থার সব নির্বাচন শেষ করা হবে জানিয়ে সিইসি বলেন, নির্বাচনসংক্রান্ত জট তাঁরা তৈরি করেননি। তাঁদের দায়িত্ব নেওয়ার আগেই অনেক ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনপ্রক্রিয়া তামাদি হয়ে গিয়েছিল। ডিসিসি নির্বাচনের পরই ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে। তিনি বলেন, বর্তমান কমিশনের অধীনে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনও সময় মতো হবে।