বর্তমান নির্বাচন কমিশন মানুষের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে। সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে তাদের জনগণের আস্থা অর্জন করতে হবে। আজ সোমবার সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত গোলটেবিল আলোচনায় বিশেষজ্ঞ ব্যক্তিরা এ কথা বলেন। ‘নির্বাচন কমিশনের কার্যক্রম ও নাগরিক ভাবনা’ শীর্ষক এই আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আবদুল লতিফ মণ্ডল। তিনি বলেন, নির্বাচন কমিশনকে অধিকতর ক্ষমতা দেওয়ার মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা সম্ভব নয়। সুষ্ঠু নির্বাচন করার জন্য কমিশনকে কথাবার্তা ও কাজকর্মে নিরপেক্ষতার পরিচয় দিতে হবে। সব নিবন্ধিত দলকে নির্বাচনে নিয়ে আসাই হবে তাদের বড় সাফল্য। সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা বলেন, ‘ইসিকে আর শক্তিশালী করার দরকার নেই। সংবিধান ইসিকে যথেষ্ট ক্ষমতা দিয়েছে। শুধু আইন করলে হবে না, আইন বাস্তবায়ন করার মতো আমলাতান্ত্রিক কৌশল ও মানসিকতার দরকার আছে।’ শামসুল হুদা আরও বলেন, ‘বর্তমান ইসি কী করছে, তা জানাও যায় না। বোধহয় সাংবাদিকদের তারা কিছু বলতে চায় না। তবে ইসির একতরফাভাবে আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) সংশোধন করা উচিত হবে না। এ বিষয়ে তাদের সুনির্দিষ্টভাবে প্রস্তাব তৈরি করে তা নিয়ে রাজনৈতিক দল ও অন্যদের সঙ্গে পরামর্শ করতে হবে।’সরকার আন্তরিক না হলে একা ইসির পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় বলে শামসুল হুদা বলেন, ‘শুধু ইসি নিয়ে কেন সেমিনার হয়? কেন জুডিশিয়ারি (বিচার বিভাগ) আর গভর্নেন্স (সুশাসন) নিয়ে সেমিনার হয় না। ভারতে সুপ্রিম কোর্ট রুলিং দিয়ে বলেছে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যা প্রয়োজন, নির্বাচন কমিশন তা করবে। এ নিয়ে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। অথচ ২০০৮ সালের নির্বাচনে আমরা যাঁদের অবৈধ করে দিয়েছিলাম, হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট তাঁদের বৈধ করে দিয়ে আমাদের ঘাড়ে চাপিয়েছেন।’ এ প্রসঙ্গে অনুষ্ঠানের সঞ্চালক বদিউল আলম মজুমদার বলেন, এ দেশে রাজনৈতিক দল আইন মানে না। আদালতের নির্দেশনাও মানে না। সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, নির্বাচন কমিশন শক্তিশালী করার চেয়ে বেশি দরকার শক্তিশালী নৈতিক মনোবলসম্পন্ন লোক। বর্তমান ইসির বড় সমস্যা সিদ্ধান্তহীনতা। তারা নিজেদের দায় অন্যের ঘাড়ে চাপাচ্ছে, যে কারণে তারা মানুষের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে। সরকারি কর্মকমিশনের সাবেক চেয়ারম্যান সা’দত হোসাইন বলেন, এ দেশে সরকার ছাড়া আর কিছুই স্বাধীন নয়। নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার, নির্বাচন কমিশন, সেনাবাহিনী, পুলিশ, বিচার বিভাগ, রাজনৈতিক দল ও ভোটার—এই সাতটি গ্রুপের প্রয়োজন হয়। তাই সুষ্ঠু নির্বাচন করতে হলে এদের সবাইকে নিরপেক্ষ হতে হবে। সাবেক মন্ত্রিপরিষদ-সচিব আলী ইমাম মজুমদার বলেন, শুধু ইসিকে শক্তিশালী করলে কোনো লাভ হবে না। মাঠ প্রশাসন ও পুলিশে যেভাবে দলীয়করণ করা হয়েছে, সেটা বন্ধ না করলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না।সাবেক সাংসদ এস এম আকরাম বলেন, বর্তমান ইসি আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে। সুষ্ঠু নির্বাচন করতে হলে তাদের আস্থা অর্জন করতে হবে। অধ্যাপক মোস্তফা চৌধুরী বলেন, ইসিকে স্বাধীনভাবে কাজ করতে না দিলে গণতন্ত্র টিকবে না। কোনো দল যেন ইসির ওপর প্রভাব বিস্তার করতে না পারে, সে জন্য ব্যবস্থা নিতে হবে। নির্বাচন কমিশনের কার্যকলাপও নিরপেক্ষ নয়, মন্তব্য করে আওয়ামী লীগের নেতা মাহমুদুর রহমান মান্না বলেন, সাধারণ মানুষ এই দুই রাজনৈতিক দলের কর্মকাণ্ডে বিরক্ত। তারা বিকল্প চায়। সুজন ও অনুষ্ঠানের সভাপতি এম হাফিজউদ্দিন খান বলেন, সাংবিধানিকভাবে নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব নির্বাচন কমিশনের। তারা যেন তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে, সে জন্য সবার উচিত তাদের সহযোগিতা করা।