নির্বাচন কমিশন গঠন করতে হবে মতৈক্যের ভিত্তিতে: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল বিএনপির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তত্ত্বাবধায়ক ছাড়া কোনো দলীয় সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না। আর নতুন নির্বাচন কমিশন গঠনে বিরোধী দলের সঙ্গে আলোচনা করে মতৈক্যের ভিত্তিতে করতে হবে।জাতীয় প্রেসক্লাবে আজ শনিবার দুপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ‘এসো বিজয়ের কথা শুনি’ শীর্ষক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করেন, বিরোধী দলকে দমন করতে সরকার গুপ্তহত্যা চালাচ্ছে। তিনি এই গুপ্তহত্যাকে স্বাধীনতা-পরবর্তী রক্ষী বাহিনীর সঙ্গে তুলনা করে বলেন, ওই সময় রক্ষীবাহিনী মানুষ হত্যা করে পানিতে ফেলে দিত আর এখন র্যাব-পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর নামে হত্যা করা হচ্ছে। অথচ পুলিশকে অভিযোগ জানালে বলা হচ্ছে, তারা কিছুই জানেন না।মির্জা ফখরুল বলেন, একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত আওয়ামী লীগের নেতা-কর্মীরা ব্যাপক লুটপাট চালিয়েছেন। তাঁদের রক্ষা করার জন্য পরে একদলীয় বাকশাল গঠন করা হয়। দুর্নীতিবাজ সরকার এখন সেই পথে হাঁটছে। তারা সেই সময়ের গভর্নর নিয়োগের মতো জেলায় দলীয় লোকদের প্রশাসক নিয়োগ করেছে। তিনি এই প্রক্রিয়াকে অসাংবিধানিক ও অগণতান্ত্রিক বলে মন্তব্য করেন।ড্যাবের সভাপতি এ কে এম আজিজুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক প্রমুখ।