তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের পর নির্বাচন কমিশনকে শক্তিশালী করার বিষয়ে সরকারে আলোচনা আছে। বিশেষ করে, কমিশনের নিয়োগ পদ্ধতি কেমন হবে, তা নিয়ে নানা মত থাকায় স্থির কোনো সিদ্ধান্ত নিতে পারছে না সরকার ও আওয়ামী লীগ।নির্বাচন কমিশনের গঠন পদ্ধতিসহ কয়েকটি গুরুত্বপূর্ণ আইন নিয়ে দলীয় মতামত চূড়ান্ত করতে না পারায় কমিশনের সঙ্গে আজ মঙ্গলবারের নির্ধারিত সংলাপে যাচ্ছে না আওয়ামী লীগ। দলীয় দপ্তর সম্পাদক এবং গণপূর্ত ও গৃহায়ণ প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানের নেতৃত্বে একটি দল আজ নির্বাচন কমিশনে গিয়ে সংলাপের নতুন তারিখ চাইবে। এরই মধ্যে আওয়ামী লীগের শীর্ষ নেতারা দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে সংশ্লিষ্ট বিষয়ে দলীয় মতামত ঠিক করে নেবেন। গতকাল সোমবার ধানমন্ডির দলীয় কার্যালয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ নিয়ে আওয়ামী লীগের উচ্চপর্যায়ের এক বৈঠক হয়। বৈঠকে সংলাপের বিষয়বস্তুর গুরুত্বের বিষয়টি বিবেচনায় নিয়ে এ বিষয়ে দলে আরও আলোচনার সিদ্ধান্ত হয়। বিশেষ করে, পুরো বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত হয়। তবে বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, মন্ত্রিসভার নিয়মিত বৈঠক থাকায় নির্বাচন কমিশনের সঙ্গে আজকের নির্ধারিত সংলাপে অংশ নেওয়া সম্ভব হচ্ছে না। তিনি বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের জন্য দলের একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি বৈঠক করে এ সিদ্ধান্ত নেয়। প্রস্তাবিত প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ পদ্ধতি, নির্বাচনী এলাকা সীমানা নির্ধারণ আইন, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (সংশোধন) আইন এবং নির্বাচন প্রচারণা ব্যয় (জন তহবিল) আইন, ২০১১ নিয়ে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার জন্য সংলাপের উদ্যোগ নেয়। আজ আওয়ামী লীগের সঙ্গে সংলাপের পূর্বনির্ধারিত তারিখ ছিল। আওয়ামী লীগের শীর্ষপর্যায়ে আলোচনা করে জানা যায়, নির্বাচন কমিশনের গঠন-প্রক্রিয়া নিয়ে দলে নানা মত থাকলেও কোনোটিতেই স্থির সিদ্ধান্ত হয়নি। কেউ কেউ মনে করেন, সংবিধানের ১১৮ অনুচ্ছেদে নির্বাচন কমিশনের গঠন-প্রক্রিয়ার কথা যেভাবে উল্লেখ আছে, সেভাবেই থাকা উচিত। বর্তমান সংবিধান অনুযায়ী, ‘নির্বাচন কমিশনের গঠন পদ্ধতি বিষয়ে প্রণীত কোনো আইনের বিধানাবলী সাপেক্ষে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনারকে এবং অন্যান্য নির্বাচন কমিশনারকে নিয়োগ দেবেন।’ এ বিষয়ে কোনো আইন না থাকায় রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের নিয়োগ দেন। আওয়ামী লীগের নীতিনির্ধারকদের কারও কারও মতে, সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাস হওয়ায় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল হয়ে গেছে। এ অবস্থায় তত্ত্বাবধায়ক সরকার, না অন্তর্বর্তীকালীন সরকার—এ বিষয়ে বিতর্ক দেখা দেওয়ায় স্বাভাবিকভাবেই নির্বাচন কমিশনের শক্তিশালী করার বিষয়টি আলোচনায় এসেছে। আর নির্বাচন কমিশনের শক্তিশালী করার অন্যতম গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে কমিশনের গঠন-প্রক্রিয়া কেমন হবে, তার ওপর। বর্তমান পদ্ধতিতে কমিশন রাষ্ট্রপতি নিয়োগ দিলেও তাতে সরকারের ইচ্ছারই প্রতিফলন ঘটে। তাই কমিশন নিয়োগ প্রক্রিয়া নিয়ে সরকার ও দলে নানা আলোচনা হচ্ছে।সূত্র জানায়, সরকারের মধ্যে আলোচনা আছে যে সংসদীয় স্থায়ী কমিটি একটি প্যানেল তৈরি করবে। তারা প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগের একটি প্যানেল প্রস্তাব করতে পারে। স্থায়ী কমিটির কথা বলা হচ্ছে এ কারণে যে, সেখানে সব দলের (সরকার ও বিরোধী দল) প্রতিনিধি আছেন। তবে কোনো বিষয়েই সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে আওয়ামী লীগের নেতারা দলীয়ভাবে আরও আলোচনা করে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রীর মতামত নিয়ে নির্বাচন কমিশনের গঠন-প্রক্রিয়া নিয়ে কমিশনের সঙ্গে তাঁরা সংলাপে বসবেন। কারণ, নিয়োগ পদ্ধতি নিয়ে যে প্রস্তাবই দেওয়া হোক না কেন, তা সরকারি দলকেই সংসদ থেকে পাস করিয়ে আনতে হবে। আওয়ামী লীগের বৈঠক: নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ নিয়ে গতকাল সন্ধ্যায় আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে দলের শীর্ষনেতাদের এক বৈঠক হয়। বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমরা কমিশনের কাছে নতুন তারিখ চাইব। এ জন্য দলের দপ্তর সম্পাদক আব্দুল মান্নান খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ কমিশনে যাবে। নির্বাচন কমিশন যে তারিখ দেবে, সেদিন সংলাপে অংশ নেব।’সংলাপে অংশ নেওয়ার জন্য গঠিত কমিটির প্রধান করা হয়েছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে। অন্য সদস্যরা হলেন—অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আমির হোসেন আমু, আবদুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, ওবায়দুল কাদের, আবদুল মতিন খসরু, মাহবুব উল আলম হানিফ, নূহ-উল-আলম লেনিন, শিরীন শারমিন চৌধুরী, মৃণালকান্তি দাস ও রিয়াজুল কবির।মহাজোট থেকে জাতীয় পার্টির বেরিয়ে যাওয়ার গুঞ্জন সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘এ নিয়ে আমাদের কাছে কোনো তথ্য এ মুহূর্তে নেই। তবে মহাজোট অটুট আছে। আমরা একসঙ্গে ঐক্যবদ্ধভাবে সংবিধান সংশোধন করেছি। মহাজোটের সব শরিক দল এতে সমর্থন দিয়েছে।’