নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করেছে: শামসুল হুদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশন ভোলা-৩ আসনের উপনির্বাচনে শতভাগ নিরপেক্ষভাবে কাজ করেছে। নির্বাচনে দায়িত্ব পালনে ম্যাজিস্ট্রেটদের কাজেও সন্তুষ্ট নির্বাচন কমিশন। ভোলা-৩ আসনের নির্বাচনে দায়িত্ব পালনকারী ২৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে আলোচনা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। খবর বাসস।এ টি এম শামসুল হুদার সভাপতিত্বে নির্বাচন কমিশনের (ইসি) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, এম সাখাওয়াত হোসেন ও ইসি সচিব মুহম্মদ হুমায়ুন কবির।প্রধান নির্বাচন কমিশনার বলেন, পত্রিকায় প্রকাশিত রিপোর্ট আর দায়িত্ব পালন করা ম্যাজিস্ট্রেটদের বক্তব্য সাংঘর্ষিক। তিনি বলেন, চর জহিরুদ্দিনের মতো জায়গায়, যেখানে কোস্টগার্ড ছাড়া যাওয়া যায় না, কমিশন সেখানে পাঁচটি ভোটকেন্দ্র স্থাপন করেছিল। অথচ পত্রিকায় এর চেয়েও বেশি কেন্দ্রের রিপোর্ট প্রকাশ করা হয়েছে।নির্বাচন কমিশনারদের পদত্যাগ ও ৩ মে কমিশন অভিমুখে বিএনপির কর্মসূচি প্রসঙ্গে ছহুল হোসাইন বলেন, যাঁরা রাজনীতি করেন, কৌশলগত কারণে তাঁরা অনেক কিছুই বলে থাকেন।নির্বাচন কমিশন শতভাগ নিরপেক্ষভাবে কাজ করেছে উল্লেখ করে ছহুল হোসাইন বলেন, রাজনৈতিক দলগুলোকে জনরায় মেনে নেওয়ার সংস্কৃতি গড়ে তুলতে হবে। পরাজয় মেনে না নেওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।মুহাম্মদ ছহুল হোসাইন বলেন, নির্বাচনে দায়িত্ব পালনে ম্যাজিস্ট্রেটদের সুবিধা-অসুবিধা কী হয়েছে, সেই অভিজ্ঞতা সম্পর্কে তাঁদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। তিনি বলেন, পত্রিকায় প্রকাশিত কিছু খববের বিষয়েও তাঁদের অভিজ্ঞতা শুনেছেন। তাঁরা ভালো কাজ করেছেন এবং নির্বাচন কমিশন তাঁদের কাজে সন্তুষ্ট। সমন্বয় করে কাজ করলে আরও ভালো ফল পাওয়া যাবে।