আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী শফিক আহমেদ বলেছেন, নির্বাচন কমিশন স্বাধীন ও শক্তিশালী হলে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন হবে না। পার্শ্ববর্তী দেশেও এ ধরনের ব্যবস্থা নেই।আজ মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলসংক্রান্ত সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।আইনমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন বিগত উপজেলা ও পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে করার নজির রেখেছে।শফিক আহমেদ বলেছেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সংবিধানকে সমুন্নত রাখতে সংবিধানের আলোকে বিশ্লেষণ করে ত্রয়োদশ সংশোধনী বাতিলসংক্রান্ত রায় দিয়েছেন। কোর্ট হয়তো বিবেচনা করেছেন যে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের দ্বারাই রাষ্ট্র পরিচালিত হওয়া উচিত এবং অনির্বাচিত ব্যক্তিদের দ্বারা রাষ্ট্র পরিচালনা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।শফিক আহমেদ বলেন, আপিল বিভাগ দশম ও একাদশ সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে এবং সাবেক প্রধান বিচারপতি ও অবসরপ্রাপ্ত বিচারপতিদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে না রাখার পক্ষে মত দিয়েছেন। এসব মতামত জাতীয় সংসদ স্বাধীনভাবে প্রজ্ঞার সঙ্গে বিবেচনা করে সিদ্ধান্ত নেবে বলে রায়ে উল্লেখ আছে। সংবিধান বিশ্লেষণ করে উচ্চ আদালত যে রায় দিয়েছেন, তা তিনি ব্যক্তিগতভাবে সঠিক বলে মনে করেন।ব্যক্তিগত প্রতিক্রিয়ায় শফিক আহমেদ বলেন, সংবিধান সংশোধনসংক্রান্ত বিশেষ কমিটিতে অনেক সংবিধান বিশেষজ্ঞ, আইনজীবী ও পত্রিকার সম্পাদক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে সাবেক প্রধান বিচারপতি ও অবসরপ্রাপ্ত বিচারপতিদের না রাখার পক্ষে মত দিয়েছেন। বিচার বিভাগকে বিতর্কমুক্ত রাখতে এ মতামত দেওয়া হয়েছে বলে তিনি মনে করেন।আইনমন্ত্রী বলেন, অনেকে ইচ্ছাকৃতভাবে জনগণকে বিভ্রান্ত করতে দেশে সংবিধানশূন্যতা বিরাজ করছে বলে অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি সংবিধানে আরও কী কী সংযোজন, বিয়োজন ও পরিবর্তন করা যায়, সে ব্যাপারে প্রতিবেদন তৈরি করে সংসদে পেশ করবে। সংসদ সংবিধান সংশোধনের ব্যাপারে সিদ্ধান্ত নেবে।