নির্বাচন কমিশনার ছহুল হোসাইনকে হাইকোর্টে তলব
নির্বাচন কমিশনার ছহুল হোসাইনকে তলব করেছেন হাইকোর্ট। আদালত অবমাননার অভিযোগে কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা জানাতে তাঁকে আগামী ৭ অক্টোবর হাইকোর্টে হাজির হয়ে জবাব দিতে বলা হয়েছে।সাংসদ মহীউদ্দীন খান আলমগীরের এক আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।২২ সেপ্টেম্বর নির্বাচন কমিশন চাঁদপুর-১ আসনের সাংসদ মহীউদ্দীন খান আলমগীরের আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে। এর বৈধতা চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিট করেন। ২৬ সেপ্টেম্বর হাইকোর্টের ওই বেঞ্চ মহীউদ্দীন খান আলমগীরের সদস্যপদ শূন্য ঘোষণাসংক্রান্ত নির্বাচন কমিশনের গেজেটের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করেন এবং গেজেটটি কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে আদালত রুল জারি করেন।এরপর গত সোমবার নির্বাচন কমিশনার ছহুল হোসাইন সাংবাদিকদের বলেন, মহীউদ্দীন খান আলমগীরের সদস্যপদ বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেট প্রকাশ করার সিদ্ধান্ত সঠিক ছিল।ছহুল হোসাইনের এ বক্তব্য আদালত অবমাননার শামিল দাবি করে গতকাল মহীউদ্দীন খান আলমগীর হাইকোর্টে আদালত অবমাননার আবেদন করেন।মহীউদ্দীন খান আলমগীরের আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ প্রথম আলোকে বলেন, বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য করায় ছহুল হোসাইনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।শুনানিতে মহীউদ্দীন খান আলমগীরের আইনজীবী বলেন, এখনো আদালতে রুল বিচারাধীন রয়েছে। বিচারাধীন বিষয় নিয়ে নির্বাচন কমিশনারের বক্তব্য বিচার-প্রক্রিয়া প্রভাবান্বিত করার শামিল। এ নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। বিচার্য বিষয় নিয়ে বক্তব্য দেওয়া সমীচীন নয়। এটি আদালতের জারি করা রুল অবজ্ঞার শামিল।