নির্বাচন কমিশনার নিয়োগে বিধি করার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদায়ের আগে সরকারের কাছে নির্বাচনী আইন সংস্কারের প্রস্তাব পাঠাচ্ছে নির্বাচন কমিশন। প্রস্তাবে সংবিধানের ১১৮ ধারার আলোকে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগের জন্য বিধি প্রণয়নের সুপারিশ করা হচ্ছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে কমিশন এই প্রস্তাব তৈরি করেছে।সূত্র জানায়, গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনসংক্রান্ত কমিশনের প্রস্তাবে আরও বলা হয়েছে, নির্বাচিত হওয়ার পর হলফনামায় মিথ্যা তথ্য দিয়েছেন প্রমাণিত হলে সাংসদদের সদস্যপদ বাতিল হবে। আসনের সীমানা নির্ধারণ আইনে ঢাকা সিটি করপোরেশনের আসনসংখ্যা ১০-এ সীমাবদ্ধ রাখার কথাও বলা হয়েছে।প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, আর অপেক্ষা করা সম্ভব নয়। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে সরকারের কাছে প্রস্তাব পাঠিয়ে দেওয়া হবে। এর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হলো কমিশনার নিয়োগের বিধান এবং কমিশন কর্তৃক সাংসদের সদস্যপদ বাতিলের বিধান। তিনি বলেন, ‘কমিশনার নিয়োগের আইন প্রণয়নের ব্যাপারে সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। অথচ সংবিধান প্রণয়নের পর ৪০ বছর হয়ে গেলেও এই আইনটি হয়নি। কমিশনার নিয়োগের ক্ষেত্রে বিতর্ক এড়ানোর জন্য এই আইনটি হওয়া উচিত। হলফনামায় মিথ্যা তথ্য দিয়েছেন জানার পরও আমরা অনেক সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারিনি। সে জন্য এই আইনটিও সংশোধন করে কমিশনের ক্ষমতা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।’নির্বাচন কমিশন চলতি বছরের ৭ জুন রাজনৈতিক দল, বিশেষজ্ঞ ব্যক্তি এবং জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে সংলাপ শুরু করে। এ জন্য নিবন্ধিত ৩৮টি দলকেই আমন্ত্রণ জানানো হয়। কিন্তু তিন দফায় আমন্ত্রণ জানানো সত্ত্বেও প্রধান বিরোধী দল বিএনপি সংলাপ বর্জন করে। জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস এবং ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনও সংলাপে অংশ নেয়নি।৭ আগস্ট সাজেদা চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগের ১৯ সদস্যের প্রতিনিধিদল কমিশনের সঙ্গে সংলাপে বসলেও বাস্তবে তাঁরা কোনো সংস্কার প্রস্তাব দেয়নি। তাতে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছিলেন, ‘আমরা কিছু বলতে আসিনি, শুনতে এসেছি। যেসব কথা আপনারা বলবেন, তা আমাদের কেন্দ্রীয় কমিটি ও সভাপতিকে জানানো হবে। পরে আরেক দফা বৈঠক করে সম্মিলিত মতামত জানানো হবে। বিষয়গুলো নিয়ে প্রয়োজনে কমিশনের সঙ্গে একাধিকবার বৈঠক করা হবে।’কিন্তু আওয়ামী লীগ তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি। কমিশনের সঙ্গে দ্বিতীয় দফায় কোনো বৈঠক করেনি। অগত্যা প্রধান নির্বাচন কমিশনার এবং দুই কমিশনার নিজেদের বিদায়ের আগে আওয়ামী লীগ-বিএনপির মতামত ছাড়াই নির্বাচনী আইন সংস্কারের প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।কমিশনার এম সাখাওয়াত হোসেন জানান, সংলাপে অংশ নেওয়া ৩০টি দলের কাছ থেকে যে পরামর্শ পাওয়া গেছে, তার ওপর ভিত্তি করেই কমিশন আইন সংস্কারের খসড়া তৈরি করেছে। তবে দলগুলোর আপত্তির কারণে জনতহবিল আইন করার প্রস্তাব পাঠানো হচ্ছে না। কমিশন নির্বাচনে অংশ নেওয়া দলগুলোকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা দেওয়ার জন্য খসড়া এই আইনটি করেছিল।গণপ্রতিনিধিত্ব আদেশ: গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০-ই ধারা সংশোধনের প্রস্তাবে বলা হয়েছে, কোনো প্রার্থী নির্বাচিত হওয়ার পর যদি প্রমাণিত হয় যে, তিনি হলফনামায় মিথ্যা তথ্য দিয়েছেন, এ ক্ষেত্রে ওই সাংসদের সদস্যপদ বাতিল হবে। বিদ্যমান আইনে বলা আছে, হলফনামায় মিথ্যা তথ্য দিলে প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে। তবে নির্বাচিত হওয়ার পর এ অভিযোগ প্রমাণিত হলে কী হবে, সে সম্পর্কে আইনে কিছু বলা নেই। এই সীমাবদ্ধতার কারণে বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জাতীয় পার্টির সাংসদ রুহুল আমিন হাওলাদার হলফনামায় মিথ্যা তথ্য দিয়েছেন প্রমাণিত হওয়ার পরও কমিশন তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারেনি।কমিশন সূত্র জানায়, গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০বি (১)(এ)(৩) ধারা সংশোধনের প্রস্তাবে বলা হয়েছে, রাজনৈতিক দলকে নিবন্ধন পেতে হলে দেশের ন্যূনতম ২১ জেলা এবং ১০০ উপজেলায় দপ্তর থাকতে হবে। এই শর্ত ভঙ্গ করলে দলের নিবন্ধন বাতিল হবে। বিদ্যমান আইনে ১০টি জেলা এবং ৫০টি উপজেলার কথা বলা আছে। ৯০-এফ ধারার প্রস্তাবে বলা হয়েছে, কোনো ব্যক্তি দলকে অনুদান হিসেবে ১০ লাখ টাকা এবং প্রতিষ্ঠান ৫০ লাখ টাকা দিতে পারবে। আগে এ অঙ্ক ছিল যথাক্রমে পাঁচ লাখ টাকা এবং আগে ছিল ২৫ লাখ টাকা। আরও বলা হয়েছে, অনুদান হিসেবে যে টাকা দেবেন, তা আয়করমুক্ত হবে।১২ ধারা সংশোধনের প্রস্তাবে বলা হয়েছে, ঋণখেলাপির মতো খেলাপি ঋণের জিম্মাদারও প্রার্থী হওয়ার অযোগ্য হবেন। ১৩ ধারায় প্রস্তাব করা হয়েছে, জামানত হিসেবে ২০ হাজার টাকা ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে। আগে এর পরিমাণ ছিল ১০ হাজার টাকা এবং তা নগদেও জমা দেওয়া যেত। ৪৪বি ধারায় প্রার্থীর নির্বাচনী ব্যয় ১৫ লাখ থেকে ২৫ লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে।সূত্র জানায়, প্রস্তাবে অধিকাংশ ক্ষেত্রে নির্বাচনী অপরাধের সাজার মেয়াদ কমিয়ে দুই বছর করা হয়েছে। মোবাইল কোর্ট অধ্যাদেশ অনুযায়ী, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সর্বোচ্চ দুই বছরের সাজা দিতে পারেন। এই বিধানকে প্রয়োগযোগ্য করতে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে নির্বাচনী অপরাধের তাৎক্ষণিক বিচারের জন্য এই সংশোধনী প্রস্তাব করা হয়েছে।কমিশনার নিয়োগবিধি: প্রস্তাবিত প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনার নিয়োগবিধিতে বলা হয়েছে, চারজন কমিশনারের মধ্যে একজন নারী থাকবেন। এ জন্য একটি অনুসন্ধান কমিটি থাকবে। এই কমিটির সদস্য হবেন প্রধান নির্বাচন কমিশনার, হাইকোর্টের একজন বিচারক, দুদকের চেয়ারম্যান, সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান ও মহাহিসাব নিরীক্ষক।কমিটি মতৈক্যের ভিত্তিতে প্রতিটি শূন্য পদের জন্য তিনজনের নাম প্রস্তাব করবে। প্রস্তাব পরীক্ষা করবে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটি। এই কমিটি প্রস্তাবিত নাম পরীক্ষা করে তা চূড়ান্ত করবে। এরপর রাষ্ট্রপতি প্রস্তাবিত নামের তালিকা থেকে যেকোনো ব্যক্তিকে নিয়োগ দিতে পারবেন।সীমানা নির্ধারণ আইন: প্রস্তাবিত জাতীয় সংসদের সীমানা নির্ধারণ আইনে বলা হয়েছে, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে একটি করে আসন থাকবে। ঢাকা সিটি করপোরেশনের আসন ১০টিতে নির্দিষ্ট থাকবে। বাকি ২৮৭টি আসন ৬১ জেলায় ভাগ হবে। তবে প্রতিটি জেলায় কমপক্ষে দুটি করে আসন থাকবে।বর্তমানে ঢাকা সিটি করপোরেশনে ১৫টি আসন রয়েছে। সাখাওয়াত হোসেন বলেন, জনসংখ্যা বাড়ার কারণে ভবিষ্যতে ঢাকা সিটির আসন আরও বাড়বে এবং তাতে দেশের অন্যান্য জেলায় আসন কমে যাবে। সে জন্যই নতুন এই বিধান প্রস্তাব করা হয়েছে।