নির্বাচন কমিশনার নিয়োগে রাষ্ট্রপতির সংলাপ শুরু বৃহস্পতিবার
রাষ্ট্রপতি জিল্লুর রহমান পরবর্তী নির্বাচন কমিশন নিয়োগ নিয়ে মতামত গ্রহণের জন্য ২২ ডিসেম্বর বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবেন। আজ রোববার রাষ্ট্রপতির প্রেস সচিব এ কে এম নেছারউদ্দীন ভূঁইয়া বাসসকে এ কথা জানিয়েছেন।রাষ্ট্রপতি আলোচনার প্রথম দিন ২২ ডিসেম্বর বেলা ১১টায় এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি এবং দুপুর ১২টায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সঙ্গে সংলাপে বসবেন।আজ সন্ধ্যা ছয়টায় বঙ্গভবন থেকে ওই দুই দলের কাছে আমন্ত্রণপত্রও পাঠানো হয়েছে।আমন্ত্রণপত্রে সংলাপে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে অনধিক ১০ সদস্যের প্রতিনিধিদল পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।বর্তমান প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা এবং নির্বাচন কমিশনার ছহুল হোসাইনের মেয়াদ আগামী ৪ ফেব্রুয়ারি শেষ হবে। আর আরেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেনের মেয়াদ শেষ হবে ২০১২ সালের ১৪ ফেব্রুয়ারি। বাসস।