নির্বাচনে পরাজয় মেনে নেওয়ার মানসিকতা তৈরি করতে প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, যিনি নির্বাচনে জিতবেন, তাঁর উচিত পরাজিতদের ফুল দেওয়া। আর পরাজিত প্রার্থীদের উচিত হবে বিজয়ীকে শুভেচ্ছা জানানো।চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আজ সোমবার ডা. খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয়ে প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।সাখাওয়াত হোসেন বলেন, পরাজিত হলে নির্বাচন কমিশনারদের পদত্যাগ চাওয়ার রীতি থেকে প্রার্থী ও রাজনৈতিক দলকে বেরিয়ে আসতে হবে। তিনি বলেন, ‘রাজনীতিতে এটা পুরোনো হয়ে গেছে। মানুষ এখন আর কলের গান শুনতে চায় না। এখন এমপি থ্রির যুগ। সেভাবে কথা বলুন।’নির্বাচন কশিমনার বলেন, বারবার সতর্ক করা সত্ত্বেও প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করতে থাকলে তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। এ জন্য প্রথমে জরিমানা করা হবে। এরপর প্রয়োজন হলে প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে বলে তিনি সতর্ক করেন।সাখাওয়াত হোসেন বলেন, নির্বাচন কমিশন চট্টগ্রামে একটি মডেল নির্বাচন উপহার দেবে। এ জন্য তিনি প্রার্থী ও নির্বাচন কর্মকর্তাদের সহায়তা কামনা করেন। তিনি বলেন, কূটচালের মাধ্যমে নির্বাচনে জয়লাভের একটা চেষ্টা প্রার্থীদের থাকে। এই মানসিকতা থেকে সরে আসতে হবে। তিনি নির্বাচনী কর্মকর্তাদের দলমতের ঊর্ধ্বে থেকে নির্বাচন পরিচালনার আহ্বান জানান।