নির্বাচন কমিশনে এবারও একতরফা নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও দুই নির্বাচন কমিশনারের মেয়াদ শেষ হচ্ছে আগামী ফেব্রুয়ারিতে। দুই নির্বাচন কমিশনারের মেয়াদ থাকা অবস্থাতেই সরকার আরও দুজন কমিশনার নিয়োগ দেওয়ার পরিকল্পনা নিয়েছে।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, আইনি বাধ্যবাধকতা না থাকায় সরকার অতীতের মতো আবারও নির্বাচন কমিশনে একতরফা নিয়োগ দিতে যাচ্ছে। অতীতে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সব রাজনৈতিক সরকারের আমলেই একতরফা নিয়োগ দেওয়া হয়েছিল। এ নিয়ে বিভিন্ন সময় রাজনৈতিক অচলাবস্থাও সৃষ্টি হয়।আইন মন্ত্রণালয়ের বিশ্বস্ত একটি সূত্র জানায়, পরবর্তী সিইসিসহ অন্যান্য কমিশনারের নিয়োগ একতরফা ও দলীয় বিবেচনায় হওয়াটা অনেকাংশে নিশ্চিত। কারণ, নিয়োগের ক্ষেত্রে গ্রহণযোগ্য পদ্ধতি নির্ধারণ করতে হলে আগামী জানুয়ারির মধ্যে সংসদে আইন পাস করতে হবে। কিন্তু এখন পর্যন্ত এমন আইন প্রণয়নের বিষয়ে মন্ত্রণালয়কে কোনো নির্দেশনা দেয়নি সরকার।নতুন কমিশনার নিয়োগ দেওয়ার ব্যাপারে জানতে চাইলে কৃষিমন্ত্রী এবং সংসদের কাজে সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মতিয়া চৌধুরী প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রী দেশে ফেরার পর এ নিয়ে আলোচনা হবে। তবে সিদ্ধান্ত যেটাই হোক, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের পর নেওয়া হবে।সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল হওয়ার পর শক্তিশালী ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের বিষয়টি সামনে এসেছে। কিন্তু এ ব্যাপারে এখন পর্যন্ত সরকারের কোনো উদ্যোগ নেই। সংবিধান অনুযায়ী কমিশনার নিয়োগের জন্য আইন প্রণয়নের কথা থাকলেও এ ব্যাপারেও কোনো তৎপরতা নেই। অথচ পঞ্চদশ সংবিধান সংশোধনের আগে সংবিধান সংশোধন কমিটির একাধিক সদস্য গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে বিকল্প ব্যবস্থা হিসেবে নির্বাচন কমিশনকে শক্তিশালী করার কথা বলেছিলেন।গত মঙ্গলবার চার দলের সমাবেশে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াও বলেছেন, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে। দলীয় কমিশন তাঁরা মানবেন না। তিনি সব পক্ষের মতামতের ভিত্তিতে নির্দলীয় কমিশন গঠনের ওপর জোর দেন।কমিশন সূত্র জানায়, সিইসি এ টি এম শামসুল হুদা ও নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইনের মেয়াদ শেষ হচ্ছে ৪ ফেব্রুয়ারি। অপর কমিশনার এম সাখাওয়াত হোসেনের মেয়াদ শেষ হবে ১৩ ফেব্রুয়ারি। এ অবস্থায় প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা হোসেন তৌফিক ইমাম সম্প্রতি গণমাধ্যমকে বলেছেন, অচিরেই দুজন নতুন নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হবে।কমিশনার নিয়োগের ক্ষেত্রে প্রধান বিরোধী দলের মতামত নেওয়া হবে কি না, জানতে চাইলে মতিয়া চৌধুরী প্রথম আলোকে বলেন, আইন অনুযায়ী কমিশনার নিয়োগ হবে। বিরোধী দল মতামত দিতে চাইলে সে বিষয়ে তাদের পক্ষ থেকে সরকারকে জানাতে হবে। তখন ভেবে দেখা যাবে, তাদের মত কতটা গ্রহণযোগ্য।সংবিধানের ১১৮ অনুচ্ছেদ অনুসারে, একজন প্রধান নির্বাচন কমিশনার এবং সর্বোচ্চ চারজন কমিশনার নিয়ে কমিশন গঠনের সুযোগ রয়েছে। কমিশনারদের নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। এই অনুচ্ছেদে কমিশনার নিয়োগের পদ্ধতি (যোগ্যতা ও অযোগ্যতাসংক্রান্ত) কী হবে, তা বিধি দ্বারা নির্ধারণ করতে বলা হয়েছে। কিন্তু সংবিধান প্রণয়নের ৩৮ বছর পরও কমিশনারদের নিয়োগবিধি প্রণয়ন করা হয়নি।কমিশনারদের নিয়োগবিধি প্রণয়নের জন্য নির্বাচন কমিশন ২০০৮ ও ২০০৯ সালে দুই দফায় আইন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠালেও সরকার তা আমলে নেয়নি। গত ৩০ জুন সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারপদ্ধতি বাতিল হওয়ার পর সংবিধান সংশোধন কমিটির সদস্যরা এবং বিশেষজ্ঞরা অতি দ্রুত কমিশনারদের নিয়োগবিধি প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন।সংবিধানের পঞ্চদশ সংশোধনীর জন্য গঠিত বিশেষ সংসদীয় কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু প্রথম আলোকে বলেন, গ্রহণযোগ্য উপায়ে কমিশনার নিয়োগের আইন তৈরির জন্য কমিটির পক্ষ থেকে বলা হয়েছিল। আইনটি প্রণয়ন করা হবে কি না, তা আইনমন্ত্রী ভালো বলতে পারবেন।আইনমন্ত্রী শফিক আহমেদ বিদেশে থাকায় এ ব্যাপারে তাঁর বক্তব্য জানা যায়নি।তবে আইন মন্ত্রণালয়ের দায়িত্বশীল একটি সূত্র জানায়, এই আইন প্রণয়নের ব্যাপারে সরকারের উচ্চপর্যায় থেকে মন্ত্রণালয়কে কোনো নির্দেশনা দেওয়া হয়নি।সংবিধান বিশেষজ্ঞ শাহ্দীন মালিক বলেন, তত্ত্বাবধায়ক সরকারপদ্ধতি বাতিল হওয়ায় দেশের নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। এ অবস্থায় নির্বাচন কমিশনকে শক্তিশালী এবং স্বচ্ছ ও গ্রহণযোগ্য উপায়ে কমিশনার নিয়োগের জন্য আইন প্রণয়ন করতে হবে। তাঁর মতে, এই আইন না করে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হলে তাতে অচিরেই দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়বে।তত্ত্বাবধায়ক সরকারপদ্ধতি বাতিলের ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়ার পর বিশেষ কমিটি বৈঠক করেছিল তিন নির্বাচন কমিশনারের সঙ্গে। ওই বৈঠকে নির্বাচন কমিশনারদের পদের সংখ্যা সর্বোচ্চ তিনজনে সীমাবদ্ধ রাখাসহ কমিশনার নিয়োগে অনুসন্ধান কমিটি গঠনের প্রস্তাব দেয় কমিশন।সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, সরকার সংবিধান সংশোধনের সময় অঙ্গীকার করেছিল, নির্বাচন কমিশন শক্তিশালী করা হবে। আর নির্বাচন কমিশনকে শক্তিশালী করার জন্য কমিশনও সুস্পষ্ট প্রস্তাব দিয়েছে। তারা অনুসন্ধান কমিটির মাধ্যমে কমিশনার নিয়োগের কথা বলেছে। কিন্তু সরকার তাদের অঙ্গীকার রক্ষা করেনি। তাঁর আশঙ্কা, হয়তো দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়ার জন্যই কমিশনার নিয়োগের আইনটি প্রণয়নের ব্যাপারে আগ্রহ দেখানো হচ্ছে না।নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে অনুসন্ধান কমিটি গঠন করা হবে কি না, এ ব্যাপারে গতকাল আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা প্রশ্ন করেন। জবাবে দলের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘নির্বাচন কমিশনের নিয়োগ-প্রক্রিয়ায় সার্চ (অনুসন্ধান) কমিটি গঠনের ব্যাপারে আমরা একমত। এ ব্যাপারে কমিশনের সঙ্গে আলোচনা হয়েছে। আরও আলোচনা হবে। সংসদে এটা আইন আকারে আনার উদ্যোগ নেওয়া হবে।’সংবিধান সংশোধনের আগে বিশেষ কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত জাতীয় সংসদে বলেছিলেন, সংসদের মেয়াদপূর্তির ৯০ দিন আগে থেকে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে কাজ করবে নির্বাচন কমিশন। সরকারের মন্ত্রীরা তখন শুধু রুটিন কাজ করবেন। নীতিনির্ধারণী কাজ করবে নির্বাচন কমিশন। প্রয়োজনে স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব কমিশনের কাছে ন্যস্ত করা হবে।কিন্তু পঞ্চদশ সংশোধনী পাস হওয়ার পর সংবিধানের কোথাও অন্তর্বর্তীকালীন সরকারের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। নির্বাহী বিভাগের দায়িত্ব নির্বাচন কমিশনের কাছে ন্যস্ত করার বিষয়েও কিছু বলা হয়নি।জানতে চাইলে সিইসি এ টি এম শামসুল হুদা প্রথম আলোকে বলেন, ‘এসব বিষয় নিয়ে অনেক কথা হয়েছে। লিখিত আর মৌখিকভাবে কয়েকবার প্রস্তাবও দেওয়া হয়েছে। কিন্তু সরকারের দিক থেকে আমরা কোনো সাড়া পাইনি। সুতরাং এখন আর এসব নিয়ে কোনো কথা বলতে চাই না।’ তিনি বলেন, নির্বাচনী আইন সংস্কার বিষয়ে দলগুলোর কাছ থেকে যেসব পরামর্শ পাওয়া গেছে, সেগুলো বিবেচনায় নিয়ে কমিশন বিশেষ কিছু প্রস্তাব সরকারের কাছে পাঠাবে। এসব প্রস্তাব গ্রহণ করা হবে কি না, সেটা সরকার ঠিক করবে।