নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন চান ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করার পক্ষে অভিমত দিয়েছেন দেশের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা। তাঁরা বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার নয়, একটি স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে একমাত্র সাংবিধানিক প্রতিষ্ঠান। ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষস্থানীয় সংগঠন এফবিসিসিআইসহ ২৮টি ব্যবসায়ী সংগঠনের নেতারা গতকাল বুধবার এক যৌথ বিবৃতিতে তত্ত্বাবধায়ক সরকারের পরিবর্তে একটি স্বাধীন, নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশনের অধীনে জাতীয় নির্বাচন সম্পন্ন করার বিষয়ে ঐকমত্যে উপনীত হওয়ার জন্য আহ্বান জানান। তাঁরা বলেছেন, বিশ্বের অন্যান্য দেশের সংসদীয় সরকারপদ্ধতিতে একটি স্বাধীন, নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশনের অধীনে জাতীয় নির্বাচন সম্পন্ন হয়। বিবৃতিতে বলা হয়েছে, ১৯৯০ সালে দেশে একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন করতে সব রাজনৈতিক দল ৯০ দিন মেয়াদি একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠনে ঐকমত্য হয়েছিল। এ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চারটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে প্রতিটি নির্বাচনের ক্ষেত্রেই এক বা একাধিক রাজনৈতিক দল সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি বলে অভিযোগ করেছে, যা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠান নিয়মিতভাবে প্রশ্নবিদ্ধ করেছে। ব্যবসায়ী নেতারা আরও বলেন, সর্বশেষ তত্ত্বাবধায়ক সরকার ৯০ দিনের সাংবিধানিক বাধ্যবাধকতা লঙ্ঘন করে দুই বছর ক্ষমতা আঁকড়ে ছিল। এ সময়ে জনগণের মৌলিক অধিকার অস্বীকার করে ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাধারণ খেটে খাওয়া মানুষ, ক্ষুদ্র দোকানদার—সবার প্রতি অমানবিক অত্যাচার ও নিপীড়ন করা হয়।বিবৃতিতে আরও বলা হয়েছে, রাষ্ট্রের সর্বোচ্চ আদালত গত ১০ মে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাংলাদেশের সংবিধানের সঙ্গে সংগতিপূর্ণ নয় বলে অবৈধ ঘোষণা করেছেন। তবে সংসদের অনুমোদনক্রমে আগামী দুই মেয়াদে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করা যেতে পারে বলে আদালত পর্যবেক্ষণ মন্তব্য দিয়েছেন। তবে ২০১১ সালে সর্বশেষ অবসর গ্রহণকারী প্রধান বিচারপতির নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠনের ওপর তীব্র আপত্তি উত্থাপিত হওয়ায় তত্ত্বাবধায়ক সরকার গঠন করার ক্ষেত্রেও অচলাবস্থার সৃষ্টি হতে পারে। এ অবস্থায় একটি স্বাধীন, নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠানই একমাত্র সংবিধানসম্মত ব্যবস্থা, যা জনগণের নির্বাচিত সরকার গঠনের স্বাধীনতা নিশ্চিত এবং ধারাবাহিকভাবে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনগণের নির্বাচিত গণতান্ত্রিক সরকার গঠনের প্রক্রিয়াকে একটি স্থায়ী ও শক্তিশালী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করবে। সবশেষে ব্যবসায়ী নেতারা বলেছেন, সুষ্ঠু গণতান্ত্রিক সরকার গঠনের সাংবিধানিক প্রক্রিয়া ব্যাহত হলে দেশের সাংবিধানিক সংকট দেখা দেবে এবং দেশ গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে নিপতিত হবে। ফলে দেশে এক নৈরাজ্যকর পরিস্থিতির উদ্ভব হবে এবং দেশের সার্বিক অর্থনীতি যেমন বিপর্যস্ত হবে, তেমনি দেশি ও বিদেশি বিনিয়োগ নিরুৎসাহিত হবে।বিবৃতিতে সই করেছেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি এ. কে. আজাদ, বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি এ কে এম সেলিম ওসমান, বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি সালমান এফ রহমান, বাংলাদেশ চেম্বারের সভাপতি এ টি এম ওয়াজিউল্লাহ, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর আলামিন, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মুরশেদ মুরাদ ইব্রাহিম, রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশনের সভাপতি নসরুল হামিদ, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ কবীর হোসেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার, খুলনা চেম্বারের সভাপতি কাজী আমিনুল ইসলাম, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সভাপতি আবদুস সালাম, রাজশাহী চেম্বারের প্রশাসক জিয়াউল হক টুকু, বরিশাল চেম্বারের সভাপতি সাইদুর রহমান রিন্টু, রংপুর চেম্বারের সভাপতি মোসাদ্দেক হোসেন বাবলু, ঢাকা উইমেন চেম্বারের সভাপতি নাজ ফারহানা আহমেদ, চট্টগ্রাম উইমেন চেম্বারের সভাপতি মনোয়ারা হাকিম আলী, বাংলাদেশ উইমেন চেম্বারের সভাপতি সেলিমা আহমেদ, বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি শামীম আহমেদ, বাংলাদেশ রি-রোলিং মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী, বাংলাদেশ হিমায়িত খাদ্য রপ্তানিকারক সমিতির সভাপতি কাজী শাহনেওয়াজ, বাংলাদেশ প্রকৌশল শিল্প মালিক সমিতির সভাপতি আবদুর রাজ্জাক, বায়রার সভাপতি মো. আবুল বাশার, বাংলাদেশ ইলেকট্রিক্যাল সমিতির সভাপতি মীর নিজাম উদ্দিন আহমেদ, বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির সভাপতি কে এম আখতারুজ্জামান, বাংলাদেশ করোগেটেড কার্টন অ্যান্ড এক্সেসরিজ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রাফিজ আলম চৌধুরী, বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন মো. আফতাব এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি আমির হোসেন খান।