নির্বাচন কমিশনের আরপিও সংশোধনের প্রস্তাব
হলফনামায় মিথ্যা তথ্য দিয়ে সংসদ সদস্য নির্বাচিত হলে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সাংসদের সদস্যপদ বাতিল করতে পারবে। এ ছাড়া জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে সশস্ত্র বাহিনী মোতায়েনের বিধান করা হচ্ছে। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের সুপারিশ করে নির্বাচন কমিশনের খসড়া আইনে এ বিধান রাখা হয়েছে বলে কমিশনের দায়িত্বশীল সূত্রে জানা গেছে। আগামী ৯ জুন রাজনৈতিক দলগুলোর সঙ্গে শুরু হতে যাওয়া নির্বাচন কমিশনের সংলাপে এই খসড়া উপস্থাপন করা হতে পারে। সূত্র জানায়, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণসংক্রান্ত আগের আইন বাতিল করে নতুন আইন প্রণয়নেরও উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। প্রস্তাবিত আইনে ঢাকা সিটি করপোরেশনের আসনসংখ্যা ১৫টি থেকে কমিয়ে ১০টি করার কথা বলা হয়েছে। রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে এ আইনের খসড়াও উপস্থাপন করা হবে বলে জানা গেছে। আইনশৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনী: আরপিও (১৯৭২)-এর মূল আইনে আইন প্রয়োগকারী বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী অন্তর্ভুক্ত ছিল না। ২০০১ সালের ৮ আগস্ট তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার অধ্যাদেশ জারি করে সশস্ত্র বাহিনীকে আইন প্রয়োগকারী বাহিনীর সঙ্গে অন্তর্ভুক্ত করে। তখন এই অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে আওয়ামী লীগের পক্ষ থেকে হাইকোর্টে রিট আবেদন করা হলেও শেষ পর্যন্ত তা খারিজ হয়ে যায়। আইনে ভোটগ্রহণের দিন নির্বাচনী অপরাধের জন্য আইন প্রয়োগকারী বাহিনীর সদস্যদের বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষমতা রয়েছে। এই আইনে ২০০১ সালের ১ অক্টোবরের অষ্টম সংসদ নির্বাচনে সশস্ত্র বাহিনী প্রথমবারের মতো আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করে। বিতর্কিত সাবেক প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের আওতায় ২০০৭ সালের ২২ জানুয়ারির বাতিল হওয়া নির্বাচনের আগ পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচনে সেনা মোতায়েনের বিরোধিতা করে। তবে ২০০৮ সালে নির্বাচন কমিশনের সঙ্গে আরপিও সংশোধনসংক্রান্ত সংলাপে আওয়ামী লীগ সে আপত্তি তুলে নেয়। ফলে আইন প্রয়োগকারী বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীর অন্তর্ভুক্তি বহাল রেখেই ২০০৮ সালের ১৯ আগস্ট আরপিও সংশোধন করে অধ্যাদেশ জারি করা হয়, যার পরিপ্রেক্ষিতে ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে প্রচলিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সেনাবাহিনীও দায়িত্ব পালন করে। রাজনৈতিক সরকার গঠনের পর ২০০৯ সালের ২৪ ফেব্রুয়ারি বর্তমান সংসদ তত্ত্বাবধায়ক সরকারের অধ্যাদেশ আকারে জারি করা আরপিও পাস করলেও নির্বাচনী আইন প্রয়োগকারী বাহিনীর সংজ্ঞা থেকে সশস্ত্র বাহিনীর নাম বাদ দেয়, যে কারণে পরবর্তী উপনির্বাচনগুলোতে বিরোধী দলের দাবি সত্ত্বেও সশস্ত্র বাহিনী মোতায়েন করা সম্ভব হয়নি। এ বিষয়ে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, আইন প্রয়োগকারী বাহিনীর সঙ্গে সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করা হলে প্রয়োজন অনুযায়ী নির্বাচনে সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমানবাহিনী মোতায়েন করা যাবে।কমিশন সূত্র জানায়, আরপিওতে প্রার্থীর প্রার্থিতা বাতিলসংক্রান্ত বিধানে (৯১-ই) অস্পষ্টতা রয়েছে। বিদ্যমান আইনে বলা আছে, কোনো প্রার্থীর বিরুদ্ধে বেআইনি কাজে লিপ্ত হওয়ার অভিযোগ প্রমাণিত হলে তিনি সংসদ সদস্য থাকার বা নির্বাচিত হওয়ার অযোগ্য হবেন। তবে তার আগে কমিশন সংশ্লিষ্ট প্রার্থীকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে বিষয়টির তদন্ত করবে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে কমিশন প্রার্থীর প্রার্থিতা বাতিল করতে পারবে। আরপিও সংশোধনের জন্য কমিশনের এবারের খসড়া আইনে বলা হয়েছে, সাংসদ নির্বাচিত হওয়ার পর হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার বিষয়টি প্রমাণ হলে কমিশন ওই সদস্যের সদস্যপদ বাতিল করে আসনটি শূন্য ঘোষণা করতে পারবে। গত সংসদ নির্বাচনে বিএনপির সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জাতীয় পার্টির সাংসদ এ বি এম রুহুল আমিন হাওলাদার হলফনামায় মিথ্যা তথ্য দিয়েছেন বলে প্রমাণিত হলেও আইনি সীমাবদ্ধতার কারণে কমিশন কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। প্রার্থীর প্রার্থিতা বাতিলসংক্রান্ত বিধান সম্পর্কে এম সাখাওয়াত হোসেন বলেন, বিদ্যমান আইনে এ বিষয়ে কিছু অস্পষ্টতা রয়েছে, যে কারণে কমিশন গত নির্বাচনের পর এ আইনটির প্রয়োগ দেখাতে পারেনি। মূলত হলফনামায় মিথ্যা তথ্য দেওয়া বা তথ্য গোপন বন্ধ করতে এই প্রস্তাব করা হয়েছে। রাজধানীর আসন হবে ১০টি: সূত্র জানায়, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের জন্য কমিশনের খসড়া আইনে বলা হয়েছে, একাধিক জেলার ভূখণ্ড নিয়ে কোনো আসন হবে না। ঢাকা সিটি করপোরেশনকে একটি জেলার সমতুল্য আলাদা একক হিসেবে গণ্য করতে হবে এবং এর আসনসংখ্যা ১০টিতে নির্দিষ্ট থাকবে। রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির জন্য তিনটি আসন বরাদ্দ থাকবে। অবশিষ্ট ২৮৭টি আসন জনসংখ্যার ভিত্তিতে ৬১টি জেলার মধ্যে বরাদ্দ করা হবে। প্রতিটি জেলায় ন্যূনতম দুটি আসন থাকবে। অন্যান্য জেলার তুলনায় ঢাকার আসন অস্বাভাবিক বেড়ে যাওয়ায় কমিশন এই বিধান করতে চাইছে। অষ্টম সংসদে ঢাকায় মোট ১৩টি আসন ছিল। বর্তমান ঢাকাতে ২০টি আসন রয়েছে। এর মধ্যে রাজধানীতে ১৫টি এবং এর বাইরে পাঁচটি আসন রয়েছে। প্রস্তাবিত আইনে আরও বলা আছে, আদমশুমারি প্রতিবেদন প্রকাশের এক বছরের মধ্যে সীমানা নির্ধারণের কাজ শেষ করতে হবে। সীমানা নির্ধারণের ক্ষেত্রে সর্বনিম্ন প্রশাসনিক এককের অখণ্ডতা বাজায় রাখার চেষ্টা করতে হবে। এ ছাড়া যদি দেখা যায়, সর্বশেষ আদমশুমারির ভিত্তিতে আসনের সীমানা নির্ধারিত হওয়ার পর আরেকটি আদমশুমারি অনুষ্ঠিত হয়েছে, কিন্তু প্রতিবেদন প্রকাশ হয়নি। এ ক্ষেত্রে নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজন হলে প্রতিবেদন প্রকাশ না হলেও সর্বশেষ নির্ধারিত সীমানার ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।