সংবিধান সংশোধনের সময় সরকারের পক্ষ থেকে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) ক্ষমতা বাড়ানোর কথা বলা হয়েছিল। কিন্তু বাস্তবে ইসির ক্ষমতা বাড়েনি। নির্বাচন অনুষ্ঠানে ইসিকে আগের মতোই সরকার ও সরকারের নির্বাহী বিভাগের ওপর নির্ভর করতে হবে।বিশ্লেষকদের মতে, অনুগত প্রশাসন ও বাহিনী দিয়ে দলীয় সরকারের অধীনে কখনো সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। আর দলীয় অনুগত নির্বাহী বিভাগের ওপর নির্ভরশীল ইসি কখনো তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প হতে পারে না, বরং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল হওয়ায় ইসির ওপর সরকারের প্রভাব বাড়বে।গত ৩০ জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনী বিল পাস হয়েছে। এর মাধ্যমে বিলুপ্ত হয়েছে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা। অর্থাৎ আগামী সংসদ নির্বাচন হবে দলীয় সরকারের অধীনে। প্রধান বিরোধী দল বিএনপি ও সমমনা দলগুলো তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহাল রাখার দাবিতে আন্দোলন শুরু করেছে।এ বিষয়ে জানতে চাইলে সিইসি এ টি এম শামসুল হুদা বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়েছে। এরপর কী হবে, তা দেখতে আমাদের অপেক্ষায় থাকতে হবে।’ তিনি বলেন, ‘ইসির ক্ষমতা বাড়ানোর সব কর্তৃত্ব সরকারের। এ বিষয়ে সরকার আমাদের কাছে কোনো আইডিয়া চাইলে আমরা দেব। তার আগে বিষয়টি নিয়ে মতামত দেওয়ার মতো অবস্থা আপাতত নেই।’এ ছাড়া সংবিধানের নির্বাচন-সংক্রান্ত অনুচ্ছেদগুলোতে কিছু সংশোধনী আনা হয়েছে। ১১৮ অনুচ্ছেদে বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার এবং সর্বোচ্চ চারজন কমিশনার নিয়ে নির্বাচন কমিশন গঠিত হবে। ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে সংসদের মেয়াদ পূর্তির পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে। ১২৫ অনুচ্ছেদে বলা হয়েছে, নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনকে যুক্তিসংগত নোটিশ ও শুনানির সুযোগ না দিয়ে কোনো আদালত নির্বাচন-সংশ্লিষ্ট বিষয়ে কোনো আদেশ বা নির্দেশ দিতে পারবেন না।সংবিধান সংশোধনের আগে বিশেষ কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত বলেছিলেন, সংসদের মেয়াদ পূর্তির ৯০ দিন আগে অন্তর্বর্তীকালীন সরকারের কাজ শুরু হবে। সরকার এবং সরকারের মন্ত্রীরা তখন শুধু রুটিন কাজ করবেন। নীতিনির্ধারণী কাজ করবে নির্বাচন কমিশন। প্রয়োজনে স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব ইসির হাতে দেওয়া যেতে পারে।কিন্তু সংশোধিত সংবিধানের কোথাও অন্তর্বর্তীকালীন সরকারের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। নির্বাহী বিভাগের দায়িত্ব ইসির কাছে ন্যস্ত করার বিষয়েও কিছু বলা হয়নি।এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমদ প্রথম আলোকে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের পুরো ধারণাটাই শুভংকরের ফাঁকি। কারণ প্রশাসন ও সরকারের বাহিনী নিরপেক্ষভাবে কাজ না করলে ইসিকে হাজার ক্ষমতা দিলেও কোনো কাজ হবে না। সুষ্ঠু নির্বাচনের জন্য সবার আগে দলনিরপেক্ষ প্রশাসন ও বাহিনী দরকার। কিন্তু সংবিধানে সেই সুযোগ কোথাও রাখা হয়নি।যোগাযোগ করা হলে নির্বাচন কমিশনের আইনজীবী শাহ্দীন মালিক বলেন, আক্ষরিক অর্থে সংবিধান সংশোধনের ফলে নির্বাচন কমিশনের ক্ষমতা বাড়েনি। বরং তত্ত্বাবধায়ক সরকার বাতিল হওয়ায় কমিশনের ওপর রাজনৈতিক সরকারের প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হয়েছে। কমিশনের ক্ষমতা বাড়াতে হলে সংবিধানের ১১৮ অনুচ্ছেদ অনুযায়ী কমিশনার নিয়োগের বিধি তৈরি করতে হবে। যাতে কমিশনার নিয়োগের ক্ষেত্রে কোনো বিতর্ক না হয়। একই সঙ্গে নির্বাচনের সময় সরকারি কর্মচারীদের শৃঙ্খলা বিধি প্রয়োগের ক্ষমতা ইসির হাতে ন্যস্ত করতে হবে, যাতে সরকার ইসির অমতে কোনো সরকারি কর্মকর্তাকে বদলি বা পদোন্নতি দিতে না পারে। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও ইসি নিজেদের মতো নিয়ন্ত্রণ করতে পারবে।কমিশন সচিবালয়ের সূত্রমতে, সংবিধান সংশোধনের আগে থেকেই সংবিধান ও সংশ্লিষ্ট আইনে কমিশনকে যে ক্ষমতা দেওয়া আছে, তা সরকার কখনোই পুরোপুরি মেনে চলেনি। সংবিধানের ১২৬ অনুচ্ছেদের বিধান অনুযায়ী, নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে সহায়তা করা সব নির্বাহী কর্তৃপক্ষের দায়িত্ব। ১২০ অনুচ্ছেদে বলা আছে, নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনের চাহিদামতো প্রয়োজনীয় জনবল সরবরাহ করা সরকারের দায়িত্ব।কিন্তু গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবিগঞ্জ-১ ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের উপনির্বাচন এবং ১২টি পৌর নির্বাচনের জন্য ইসি সরকারের কাছে সেনাবাহিনী মোতায়েনের অনুরোধ জানিয়েছিল। সরকার সেনাবাহিনী মোতায়েন করেনি। এমনকি ইসির চিঠির উত্তরও দেয়নি। এ নিয়ে তখন কমিশনের বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও দুই কমিশনার ক্ষোভ প্রকাশ করেন।গণপ্রতিনিধিত্ব আদেশের ৪৪(ই) বিধান অনুযায়ী, তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনী ফল ঘোষণার পরবর্তী ১৫ দিনের মধ্যে নির্বাচন কমিশনের অনুমতি ছাড়া জেলা জজ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের বদলি করা যাবে না। অতীতে সরকার এই আইনটিও মেনে চলেনি। সংবিধানের ১১৮ অনুচ্ছেদ অনুযায়ী কমিশনার নিয়োগের বিধি প্রণয়নের প্রস্তাব করে ইসি থেকে দুই দফায় সরকারের কাছে এই আইনের খসড়া পাঠানো হয়েছিল। কিন্তু ৩৯ বছর ধরে আইনটি হয়নি। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে ইসি সংবিধান সংশোধন কমিটির কাছে প্রস্তাব করেছিল, নির্বাচনের সময় জনপ্রশাসনে বদলিসহ নির্বাচন-সম্পর্কিত সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে কমিশনের সঙ্গে পরামর্শ করার বিধান সংবিধানে যোগ করতে হবে। কিন্তু কমিটি ইসির সেই সুপারিশ আমলে নেয়নি। জাতীয় পার্টি, জাসদ ও ওয়ার্কার্স পার্টির প্রস্তাবে সাংবিধানিক পদে নিয়োগের জন্য একটি নির্বাচক কমিটি (সার্চ কমিটি) গঠনের সুপারিশ করা হয়েছিল। কমিটি সেই সুপারিশও গ্রহণ করেনি। এ অবস্থায় সরকার নির্বাচনের সময় নির্বাহী বিভাগের ওপর রাজনৈতিক প্রভাব বিস্তার করা থেকে কতটা বিরত থাকবে, তা নিয়ে সংশয় রয়েছে বলে ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করেন।সাবেক আইনমন্ত্রী সরকারি দলের সাংসদ আবদুল মতিন খসরু বলেন, নির্বাচনের ৯০ দিন আগে থেকে সরকারের দায়িত্ব কতটা সংকুচিত হবে এবং নির্বাহী বিভাগের দায়িত্ব কতটা নির্বাচন কমিশনের ওপর ন্যস্ত করা যায়, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে বিরোধী দলের সঙ্গে আলোচনায় বসতে হবে। একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প হিসেবে অন্য কোনো গণতান্ত্রিক ব্যবস্থা গ্রহণ করা যায় কি না, সে সুযোগও আছে। এ জন্য বিরোধী দলকে সংসদে আসতে হবে। এ ছাড়া ইসির ক্ষমতা বাড়ানোর জন্য কমিশনার নিয়োগের বিধিটিও দ্রুত প্রণয়ন করতে হবে।