মহীউদ্দীন আলমগীরের সদস্যপদ বাতিল
নির্বাচন কমিশনের গেজেটের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত
জাতীয় সংসদে চাঁদপুর-১ আসনে মহীউদ্দীন খান আলমগীরের সদস্যপদ বাতিল-সংক্রান্ত নির্বাচন কমিশনের গেজেটের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে গেজেটটি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করছেন আদালত। সংসদ সদস্যপদ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে মহীউদ্দীন খান আলমগীরের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ স্থগিতাদেশ দেন। আজ রোববার মহীউদ্দীন খান আলমগীরের পক্ষে তাঁর আইনজীবী শাহ মঞ্জুরুল হক হাইকোর্টে রিট আবেদনটি করেন।বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আবেদনের ওপর শুনানি করে এই আদেশ দেন। প্রসঙ্গত, ২২ সেপ্টেম্বর বুধবার মহীউদ্দীন খান আলমগীরের সদস্যপদ বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এর আগে ১৫ জুলাই সাংসদ মহীউদ্দীন খান আলমগীরের মনোনয়নপত্র বাতিল করার ব্যাপারে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখে লিভ টু আপিল খারিজ করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় দেন। জরুরি বিধিমালার আওতায় অবৈধ সম্পদ অর্জনের দুর্নীতি মামলায় ১৩ বছর সাজা হওয়ায় রিটার্নিং কর্মকর্তা ২০০৮ সালের ৩ ডিসেম্বর মহীউদ্দীন খান আলমগীরের মনোনয়নপত্র বাতিল করেন। এর বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করলে ওই বছরের ৮ ডিসেম্বর তা খারিজ হয়। এরপর তিনি হাইকোর্টে রিট আবেদন করলে একই বছরের ১৫ ডিসেম্বর তাও খারিজ হয়। হাইকোর্টের এ আদেশ ওই বছরের ১৮ ডিসেম্বর স্থগিত করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এরপর তিনি নির্বাচনে অংশ নেন।২০০৭ সালের ৬ মার্চ দুর্নীতি দমন কমিশন (দুদক) তিন কোটি ২৭ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মহীউদ্দীন খান আলমগীরের বিরুদ্ধে মামলা করে। ওই বছরের ২৬ জুলাই এ মামলায় ঢাকার বিশেষ জজ আদালত তাঁকে ১৩ বছরের কারাদণ্ড দেন। এ রায়ের বিরুদ্ধে তিনি হাইকোর্টে আপিল করেন। এর পরিপ্রেক্ষিতে এক রায়ে হাইকোর্ট তাঁকে অব্যাহতি দেন। এর বিরুদ্ধে গত ১৬ নভেম্বর আপিল করে দুদক। আপিল বিভাগ দুদকের লিভ টু আপিল খারিজ করে দিলে তিনি ওই সাজার দায় থেকে অব্যাহতি পান।