ইউনিয়ন নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষক
নির্বাচন কমিশনের বিধিনিষেধের সিদ্ধান্তে হাইকোর্টের রুল
ইউনিয়ন পরিষদ নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশ গ্রহণে নির্বাচন কমিশনের বিধিনিষেধের সিদ্ধান্ত কেন বেআইনি নয়, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মো. নুরুজ্জামান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের পরিপ্রেক্ষিতে এই রুল জারি করেন একই সঙ্গে রিট আবেদনকরী চারজনকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, স্থানীয় সরকার সচিবসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। জানা যায়, স্থানীয় ইউনিয়ন নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা অংশ নিতে পারবে না বলে চলতি বছরের ২১ এপ্রিল নির্বাচন কমিশনের এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে কুড়িগ্রাম ও জামালপুরের ইউনিয়ন নির্বাচনের সম্ভাব্য চারজন প্রার্থী (শিক্ষক) গত সোমবার হাইকোর্টে রিট করেন। আজ প্রাথমিক শুনানি নিয়ে আদালত এই রুল জারি করেন। আবেদনকারীর পক্ষে আইনজীবী এম বদরুদ্দোজা, রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাজিক আল জলিল ও নির্বাচন কমিশনের পক্ষে শাহদীন মালিক শুনানি করেন।