নির্বাচন কমিশনের মামলার আবেদন গৃহীত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্য সরকারের তারিখ ঘোষণার বিজ্ঞপ্তি বাতিলে রাজ্যের নির্বাচন কমিশনের মামলা করার আবেদন গৃহীত হয়নি। আজ সোমবার কলকাতা হাইকোর্টে এই আবেদন করা হয়।বিচারপতি বিশ্বনাথ মজুমদারের আদালতে আবেদনটি পেশ করা হলে মামলার পদ্ধতিগত ত্রুটির কারণে তা গ্রহণ করেননি আদালত। পরে আইনি পদ্ধতি মেনে মামলাটি আবার পেশ করার নির্দেশ দেন আদালত। কাল মঙ্গলবার মামলাটি করা হবে বলে জানা গেছে। এদিকে, রাজ্য বিজেপির পক্ষ থেকেও আজ কলকাতা হাইকোর্টে আরেকটি মামলা করা হয়। মামলায় বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়, নির্বাচন কমিশনকে পঞ্চায়েত নির্বাচন পরিচালনার পূর্ণ ক্ষমতা দেওয়া হোক। পাশাপাশি তারা পঞ্চায়েত আইন বাতিলেরও দাবি জানায়।পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনের বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার রাজ্য নির্বাচন কমিশনকে এড়িয়ে ২৬ ও ৩০ এপ্রিল নির্বাচনের তারিখ ঘোষণা করে। রাজ্য নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন তিন পর্যায়ে এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে নির্বাচন করার প্রস্তাব পাঠালে রাজ্য সরকার সেই প্রস্তাব নাকচ করে দেয়। পাশাপাশি রাজ্য সরকার জানিয়ে দেয়, নির্বাচন হবে রাজ্য পুলিশের উপস্থিতিতে। এদিকে, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা ভেবে পশ্চিমবঙ্গের রাজ্যপাল এম কে নারায়ণন দাবি করেছেন, নির্বাচনে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী আসুক।