নির্বাচন কমিশনের সংলাপে যোগ দেবে না বিএনপি
নির্বাচনী আইন সংস্কার ও ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার-সম্পর্কিত নির্বাচন কমিশনের সংলাপে যোগ দেবে না প্রধান বিরোধী দল বিএনপি। ১৩ জুন নির্বাচন কমিশন সচিবালয়ে এ বৈঠক হওয়ার কথা ছিল।আজ বুধবার সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতাদের এক অনানুষ্ঠানিক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। দলের গুলশানের কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠকের একটি সূত্র প্রথম আলোর কাছে এ খবর নিশ্চিত করেছে।তত্ত্বাবধায়ক সরকার, সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলন এবং এ বিষয়ে করণীয় ঠিক করতে এ বৈঠক ডাকা হয়েছিল বলে দলীয় সূত্রে জানায়।বৈঠকে বলা হয়েছে, বর্তমান নির্বাচন কমিশন বিতর্কিত ও বিদায়ী কমিশন। এ নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই ১৩ জুন নির্বাচন কমিশনের বৈঠক যোগ দেবে না বিএনপি।আগামী সপ্তাহের শুরুতে বিএনপি হরতাল কর্মসূচি দিতে পারে বলে বৈঠক সূত্র জানায়। এতে লংমার্চের মতো কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে, তবে এ ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।বিএনপির স্থায়ী কমিটির এ বৈঠক শেষে চারদলীয় জোটের শরিকদের সঙ্গে খালেদা জিয়া বৈঠকে বসেছেন বলে জানা গেছে।