নির্বাচন করার পক্ষে বিএনপির নেতারা
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার পক্ষে মত দিয়েছেন বিএনপির চট্টগ্রামকেন্দ্রিক কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানের একটি হোটেলে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে দলীয় সূত্র জানায়।সূত্র জানায়, এ বৈঠকের সিদ্ধান্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জানানো হবে। চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন। গতকাল সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত বৈঠক চলে। সূত্র আরও জানায়, বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী, মীর মোহাম্মদ নাছিরউদ্দিন, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির সহসভাপতি দস্তগীর চৌধুরী, শামসুল আলম ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন এবং দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন। সম্ভাব্য প্রার্থী হিসেবে কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ আল নোমানকে এ বৈঠকে আমন্ত্রণ জানানো হলেও তিনি যাননি। বৈঠক শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আন্দোলনের অংশ হিসেবে চট্টগ্রাম সিটি নির্বাচনে অংশ নেওয়ার জন্য উপস্থিত সবাই মত দিয়েছেন। বৈঠকের ফলাফল সম্পর্কে আজ রাত (গতকাল বৃহস্পতিবার) বা কাল ম্যাডামকে (চেয়ারপারসন) জানানো হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা সম্ভাব্য প্রার্থীও ঠিক করেছি। তবে কৌশলগত কারণে তা এ মুহূর্তে প্রকাশ করা যাবে না। আমরা তা ম্যাডামকে জানাব। তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।’দলীয় সূত্র জানায়, চেয়ারপারসনের নির্দেশে আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামকেন্দ্রিক কেন্দ্রীয় ও স্থানীয় নেতা এবং সম্ভাব্য প্রার্থীদের নিয়ে গতকাল এই বৈঠক করেন। গিয়াসউদ্দিন কাদের চৌধুরী প্রথম আলোকে বলেন, দলের চেয়ারপারসন সম্ভাব্য প্রার্থী ও স্থানীয় বিএনপি নেতাদের নিয়ে বৈঠক করতে আমীর খসরু মাহমুদ চৌধুরীকে দায়িত্ব দেন। তিনি বৈঠক করে ফলাফল চেয়ারপারসনকে জানাবেন।এদিকে আবদুল্লাহ আল নোমান বৈঠকে উপস্থিত না হওয়ায় দলীয় নেতাদের মধ্যে নানা গুঞ্জন চলছে। আমীর খসরু এ প্রসঙ্গে বলেন, ‘আমরা তো সম্ভাব্য প্রার্থীদের বৈঠকে আমন্ত্রণ জানিয়েছিলাম। আমার মনে হয়, নোমান সাহেব নির্বাচন করতে আগ্রহী নন। তাই তিনি বৈঠকে আসেননি।’ এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করে আবদুল্লাহ আল নোমানের বক্তব্য পাওয়া যায়নি।