নির্বাচন কেন্দ্রের কাছে পুলিশের লাঠিপেটা, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণের সময় আমবাগ কোনাবাড়ি এলাকায় একটি কেন্দ্রের কাছে কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে পুলিশের লাঠিপেটায় ১০ জন আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। আহত লোকজনকে স্থানীয় একটি ক্লিনিকে চিকিত্সা দেওয়া হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে আমবাগ প্রভাতী প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুলে ওই এলাকার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবু সাইদের কর্মীরা সিংহ প্রতীক নিয়ে এবং আরেক কাউন্সিলর প্রার্থী মো. খলিলুর রহমানের পক্ষে বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে পৃথক দুটি মিছিল বের করে। এ সময় দুই পক্ষের মিছিলে উত্তেজনা দেখা দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এতে কমপক্ষে ১০ জন আহত হয়। পরে বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ ব্যাপারে ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আক্কাস আলী প্রথম আলো ডটকমকে বলেন, ওই দুই প্রার্থীর সমর্থক ও কর্মীরা একটি মিছিল বের করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃদু লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়।ওই কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত পুলিশের সহকারী উপপরিদর্শক মো. মাসুদ প্রথম আলো ডটকমকে বলেন, কেন্দ্রের অনেক বাইরে মিছিল বের হলে পুলিশ তা ছত্রভঙ্গ করে দেয়। এতে ভোটকেন্দ্রের কোনো সমস্যা হয়নি।