নির্বাচন ঘিরে সন্ত্রাসীদের আনাগোনা বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় যুবদলের নেতা বিল্লাল হোসেন ওরফে চোরা বিল্লাল জেলা পুলিশের তালিকাভুক্ত শীর্ষস্থানীয় ১০ সন্ত্রাসীর একজন। তাঁর বিরুদ্ধে এখন তিনটি মামলা বিচারাধীন। কুমিল্লা সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ড থেকে এবার কাউন্সিলর পদে প্রার্থী হচ্ছেন তিনি।অরেকজন সদ্য বিলুপ্ত কুমিল্লা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আকছিরুল বাশার। তাঁর বিরুদ্ধে মামলার সংখ্যা ৩০টি। গত ১০ জুন অধ্যাপক এ কে এম মশিউল আলম খুন হওয়ার পর ওই মামলায় তিনি এখন কারাবন্দী। তিনি নির্বাচন করবেন কারাগার থেকেই।কুমিল্লার সাধারণ মানুষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলে জানা গেছে, শুধু এ দুই সন্ত্রাসীই নয়, সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে এমন অনেক আলোচিত সন্ত্রাসী মাঠে নেমেছে। তাদের কেউ কেউ নির্বাচনে অংশ নেওয়ার তৎপরতা শুরু করেছে। কেউ কেউ বিভিন্ন প্রার্থীর হয়ে কাজও করছে। তালিকাভুক্ত সন্ত্রাসীদের ফিরে আসা নিয়ে যেমন জনমনে আতঙ্ক রয়েছে, তেমনি আতঙ্কে মেয়র পদপ্রার্থীরাও। কয়েকজন মেয়র প্রার্থী প্রথম আলোর কাছে তাঁদের আতঙ্কের কথা জানিয়েছেন।জানতে চাইলে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার কুমিল্লার সভাপতি ও আইনজীবী নাজমুল আলম চৌধুরী বলেন, ‘এসব সন্ত্রাসী আগেও এলাকায় ছিল। এখন নির্বাচনের কারণে তাদের গুরুত্ব বেড়েছে। এখন পর্যন্ত যেসব মেয়র প্রার্থীর নাম শোনা যাচ্ছে, তাঁদের কার সঙ্গে সন্ত্রাসীর যোগাযোগ নেই, সেটা বলুন!’নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, কয়েকজন প্রার্থী সন্ত্রাসীদের সঙ্গে গোপনে যোগাযোগ করছেন—এমন তথ্য তাঁরা পেয়েছেন। এসব প্রার্থী ও সন্ত্রাসীদের ওপর নজর রাখা হচ্ছে।পুলিশ সুপার মো. মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে কোতোয়ালি ও সদর দক্ষিণ থানার সন্ত্রাসী তালিকা পুনর্বিন্যাস করা হবে। অস্ত্রধারী ও তালিকাভুক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাবে।জেলা পুলিশ সূত্রের তথ্য অনুযায়ী, কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় তালিকাভুক্ত সন্ত্রাসীর সংখ্যা ১৬৮। তাদের মধ্যে কোতোয়ালি মডেল থানায় ১১৩ ও সদর দক্ষিণ মডেল থানায় ৫৫ জন। অবশ্য তাদের ৩৪ জন এখন কারাবন্দী। বাকিরা জামিনে অথবা ধরাছোঁয়ার বাইরে আছে। তাদের বিরুদ্ধে খুন, দখল, সন্ত্রাস, চাঁদাবাজি ও অস্ত্র মামলা রয়েছে।জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সম্ভাব্য মেয়র পদপ্রার্থী আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, সাধারণ মানুষ সন্ত্রাসীদের এমনিতেই বর্জন করবে।পুলিশের শীর্ষস্থানীয় সন্ত্রাসীর তালিকায় আছেন কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক সহসভাপতি (ভিপি) ও ছাত্রলীগের নেতা জহিরুল ইসলাম। তাঁর বিরুদ্ধে চারটি মামলা বিচারাধীন। ঝাউতলা এলাকার চার মামলার আসামি নাজমুল হাসান দুই নম্বর তালিকাভুক্ত সন্ত্রাসী। চানপুর এলাকার বাসিন্দা তিন মামলার আসামি মনজুরুল আলম তিন নম্বর তালিকাভুক্ত সন্ত্রাসী। কিছু সম্ভাব্য মেয়র প্রার্থীর সঙ্গে তাদের যোগাযোগ আছে বলে জানা গেছে। জাতীয় পার্টির সম্ভাব্য মেয়র প্রার্থী এয়ার আহমেদ বলেন, ‘অনেক প্রার্থীর সঙ্গে তালিকাভুক্ত সন্ত্রাসী ও অস্ত্রবাজের যোগাযোগ আছে। ওই প্রার্থীরা অনেকেই অপারেশন ক্লিনহার্ট ও জরুরি অবস্থার সময় পলাতক ছিলেন। তবে আমার সঙ্গে কোনো সন্ত্রাসী নেই।’শহরের মুন্সেফ কোয়ার্টারের বাসিন্দা ও শীর্ষস্থানীয় অস্ত্র ব্যবসায়ী দুই মামলার আসামি কাজী জামান পাঁচ নম্বর তালিকাভুক্ত সন্ত্রাসী। গত বছর ১০ অক্টোবর শহরের কান্দিরপাড় এলাকায় যুবদলের সম্মেলনে অস্ত্রবাজির ঘটনায় তাঁর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। ঘটনার পর তিনি ভারতে চলে যান। কিছুদিন আগে এলাকায় ফিরেছেন। এখন মোটরসাইকেল নিয়ে এলাকায় দাবড়িয়ে বেড়াচ্ছেন। তিনি মেয়র পদপ্রার্থী মনিরুল হকের (সাক্কু) লোক বলে জানা গেছে।জানতে চাইলে মনিরুল হক বলেন, ‘আমার সঙ্গে কোনো অস্ত্রবাজ নেই।’নগরের ঠাকুরপাড়া এলাকার আরমান খানের নাম ১৭ নম্বর তালিকায় আছে। আরমানের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা বিচারাধীন। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও মেয়র পদপ্রার্থী আফজাল খানের ছোট ছেলে। পুলিশের তালিকায় আরমান ঢাকায় পলাতক বলে উল্লেখ করা আছে। তবে নির্বাচন উপলক্ষে তিনি এলাকায় আসছেন বলে জানা গেছে। একই এলাকার জুয়েল খান সাত মামলার আসামি ও ১৮ নম্বর সন্ত্রাসী। তিনি আফজল খানের ভাতিজা। তিনিও এলাকায় এসেছেন।মেয়র পদপ্রার্থী আফজল খান প্রথম আলোকে বলেন, ‘বাপ-দাদার আমল থেকেই আমরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আমরা খারাপ কোনো কিছুর সঙ্গে জড়িত থাকতে পারি না।’কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, অপরাধী, অস্ত্রবাজ ও তালিকাভুক্ত সন্ত্রাসীরা নানা কৌশলে ঘোরাফেরা করলেও তাদের রেহাই দেওয়া হবে না।র‌্যাব গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল জিয়াউল আহসান বলেন, ‘সন্ত্রাসীদের আনাগোনার খবর আমাদের কাছেও রয়েছে। আমরা এসব সন্ত্রাসীর ওপর নজর রাখছি।’ সাধারণ মানুষের অভিযোগ, নির্বাচন উপলক্ষে তালিকাভুক্ত সন্ত্রাসীদের এলাকায় ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে তাদের মদদদাতা ও পৃষ্ঠপোষকেরা। আগামী ৫ জানুয়ারি নবগঠিত কুমিল্লা সিটি করপোরেশনের প্রথম নির্বাচন।