নির্বাচন চট্টগ্রাম চেম্বারের মেরুকরণ আ.লীগে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচনকে ঘিরে ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনীতিতে মেরুকরণ শুরু হয়েছে। আগামী ৭ ডিসেম্বর অনুষ্ঠেয় এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুটি প্যানেলই আওয়ামী লীগ ঘরানার হওয়ায় দলটির মহানগর শাখার প্রভাবশালী নেতারাও নানাভাবে জড়িয়ে গেছেন এতে।নির্বাচনে চেম্বার পরিষদ ও চট্টগ্রাম ব্যবসায়ী পরিষদের নেতৃত্বে আছেন যথাক্রমে বর্তমান সভাপতি এম এ লতিফ ও সাবেক সভাপতি সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। অবশ্য নিজ নিজ পক্ষের নেতৃত্বে থাকলেও এই দুজনের কেউ প্রতিদ্বন্দ্বিতা করছেন না। এর মধ্যে এম এ লতিফ আওয়ামী লীগের সাংসদ এবং সাইফুজ্জামান চৌধুরী আওয়ামী লীগের আরেক সাংসদ আখতারুজ্জামান চৌধুরী বাবুর জ্যেষ্ঠ ছেলে। তাই এই নির্বাচনকে ঘিরে চট্টগ্রামে ক্ষমতাসীন দলের রাজনীতিতেও মেরুকরণ হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।ব্যবসায়ী ও রাজনৈতিক সূত্রগুলো জানায়, সাইফুজ্জামান চৌধুরীর নেতৃত্বাধীন পক্ষকে ঠেকাতে সাংসদ লতিফের পক্ষকে সমর্থন দিচ্ছেন নগর আওয়ামী লীগের কয়েকজন প্রভাবশালী নেতা। সম্প্রতি চট্টগ্রাম নগর আওয়ামী লীগের বিবদমান তিন নেতা সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, সাংসদ এম এ লতিফ এবং আ জ ম নাছিরের মধ্যে গড়ে ওঠা ঐক্যের নেপথ্যেও এই চেম্বার নির্বাচন বড় ভূমিকা রেখেছে। আর এ ক্ষেত্রে কয়েকজন বড় ব্যবসায়ীর বিশেষ ভূমিকা ছিল বলে জানা গেছে।আওয়ামী লীগের রাজনীতিতে এখন এই তিন নেতার প্রতিপক্ষের নেতৃত্বে আছেন সাংসদ নুরুল ইসলাম বিএসসি। তিনি নিজেও বড় ব্যবসায়ী। ব্যবসায়িক রাজনীতিতে তাঁর ভূমিকাও গুরুত্বপূর্ণ।নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী এবং আ জ ম নাছির সাংসদ এ এম লতিফের প্যানেলের পক্ষে যাওয়ায় স্বভাবতই সাংসদ নুরুল ইসলামের সমর্থন পাচ্ছে সাইফুজ্জামান চৌধুরীর প্যানেল। নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘চেম্বার নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের তিনটি পক্ষ (মহিউদ্দিন, লতিফ ও নাছির) এক মঞ্চে এসেছেন। তবে আমি তাঁদের সঙ্গে নেই।’ তিনি দাবি করেন, চেম্বার নির্বাচনে তিনি কোনো পক্ষকে সরাসরি সমর্থন দিচ্ছেন না।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, নগর আওয়ামী লীগে মহিউদ্দিন চৌধুরীর প্রতিপক্ষ অংশের অপর দুই নেতা প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমিন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম প্রকাশ্যে না নামলেও নেপথ্যে থেকে সাইফুজ্জামান চৌধুরীর প্যানেলকে সমর্থন করছেন। তবে পাল্লা ভারী করতে সাইফুজ্জামান চৌধুরী দলভুক্ত করেছেন বিএনপির সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী নগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এরশাদ উল্লাহকেও।এরশাদ উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ব্যবসায়িক নেতা। তিনি চেম্বারের তিনবার নির্বাচিত সভাপতি ছিলেন। ব্যবসায়ীদের মধ্যে রাজনীতি টেনে আনা উচিত নয়। ব্যসায়ীদের স্বার্থ রক্ষা করতে আমরা জাবেদের সঙ্গে আছি।’সাইফুজ্জামানের নেতৃত্বাধীন প্যানেলের সদস্যসচিব সৈয়দ জামাল আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমরা চেম্বারের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই। চেম্বারের ভাবমূর্তি কোথায় ঠেকেছে তা সবাই জানে।’আওয়ামী লীগের একটি সূত্র জানায়, গত মেয়র নির্বাচনে প্রার্থী হিসেবে সাইফুজ্জামান চৌধুরীর নাম আলোচনায় ছিল। আগামী মেয়র নির্বাচনেও তিনি আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী। এখন চেম্বারের নির্বাচনে তাঁর নেতৃত্বাধীন প্যানেল জিতে গেলে ভবিষ্যতে মেয়র পদে বা জাতীয় নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে সাইফুজ্জামান গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন। তাই নগর আওয়ামী লীগের প্রভাবশালী একটি অংশ সাইফুজ্জামানের বিপক্ষে এবং লতিফের নেতৃত্বাধীন প্যানেলের পক্ষে সক্রিয় হয়েছে।সাংসদ এম এ লতিফ প্রথম আলোকে বলেন, চেম্বার পরিষদকে জয়ী করতে সবাই মাঠে নেমেছেন। কারণ ব্যবসা-বাণিজ্য গতিশীল রাখতে এর বিকল্প নেই।নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রামের শীর্ষস্থানীয় একজন ব্যবসায়ী সাইফুজ্জামান চৌধুরীর প্রতি ইঙ্গিত করে বলেন, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ওপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দীর্ঘদিন ধরে একটি পরিবারের নিয়ন্ত্রণ রয়েছে। এটা ভাঙতে প্রভাবশালী ব্যবসায়ীদের একটি অংশ ক্ষমতাসীন দলের প্রভাবশালী তিন নেতাকে একত্র করে তাঁদের প্রভাব কাজে লাগানোর চেষ্টা করছে। সূত্র জানায়, নির্বাচনের আগেই ইতিমধ্যে ‘টাউন অ্যাসোসিয়েশন’ ও ‘ট্রেড গ্রুপ’ থেকে ছয়জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজনই সাংসদ লতিফের নেতৃত্বাধীন চেম্বার পরিষদের। বাকি একজন সাইফুজ্জামানের নেতৃত্বাধীন ব্যবসায়ী পরিষদের। আগামী ৭ ডিসেম্বর ‘অর্ডিনারি ক্লাস’ ও ‘অ্যাসোসিয়েট ক্লাস’ থেকে বাকি ১৮টি পরিচালক পদে নির্বাচন হবে। এই ১৮ পদে লড়ছেন ৩৮ জন ব্যবসায়ী। এরপর নির্বাচিত পরিচালকেরা সভাপতি, সিনিয়র সহসভাপতি ও সহসভাপতি নির্বাচিত করবেন।সূত্র জানায়, চিটাগাং চেম্বারের নির্বাচনে মোট ভোটার ছয় হাজার ৬১২ জন। এর মধ্যে দুই পক্ষের ভোটব্যাংকের বাইরে অন্তত দেড় হাজার ভোটার রয়েছেন। এই ভোটারদের টানতেই নানা তৎপরতা চালাচ্ছে প্রতিদ্বন্দ্বী দুই পক্ষ।চেম্বার অর্ডিনারি ক্লাসের ভোটার আবুল হাসনাত মোহাম্মদ বেলাল বলেন, ‘ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় যোগ্য নেতৃত্ব সবার প্রত্যাশা। তবে ব্যবসায়ীরা যাতে চাঁদাবাজি ও সন্ত্রাসের শিকার না হন, সেই দিক বিবেচনা করে আমরা ভোট দেব।’