কোনো নির্বাচন ছাড়াই একতরফা ঘোষণার মধ্য দিয়ে গঠিত হয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ। সোসাইটির একাধিক সদস্য অভিযোগ করেছেন, নীতিমালা লঙ্ঘন করে একতরফা আওয়ামী লীগ-সমর্থিত সদস্যদের দিয়ে ব্যবস্থাপনা পর্ষদ গঠন করা হয়েছে।গতকাল শনিবার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ মিলনায়তনে সোসাইটির বার্ষিক সাধারণ সভায় ১৪ সদস্যের এই পর্ষদ গঠিত হয়। নতুন পর্ষদ গঠন শেষে সোসাইটির চেয়ারম্যান সাংসদ এম এস আকবর বলেন, নির্বাচন কমিশন অত্যন্ত বুদ্ধিমত্তা ও আন্তরিকভাবে পর্ষদের সদস্য নির্বাচন করেছে।পর্ষদে ভাইস চেয়ারম্যান ও কোষাধ্যক্ষসহ সব সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এ পর্ষদে ভাইস চেয়ারম্যান হয়েছেন সিলেট-৫ থেকে আওয়ামী লীগের নির্বাচিত সাংসদ হাফিজ আহমেদ মজুমদার এবং কোষাধ্যক্ষ হয়েছেন তৌহিদুর রহমান। উভয়ই সোসাইটির চলতি অ্যাডহক কমিটির সদস্য। তিন মাস আগে এই অ্যাডহক কমিটি গঠিত হয়েছিল। পর্ষদের সদস্য নির্বাচিত হয়েছেন তালুকদার আব্দুল খালেক, মনির হোসেন খান, আলতাফ হোসেন, আফজাল খান, মো. হাবিবে মিল্লাত, আসগর আলী, নুরুন নবী চৌধুরী, খন্দকার একরামুল হক, রেহানা আশিকুর রহমান, মো. আবুল বাসার, শেখ রইসুল আলম, কবির উদ্দিন আহমেদ। তাঁরা আগামী তিন বছরের জন্য নির্বাচিত হয়েছেন।সাধারণ সভায় ৬৩ জেলা ইউনিট, চারটি সিটি ইউনিট এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা, সমাজকল্যাণ, খাদ্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি অংশগ্রহণ করেন। সভায় সোসাইটির ১৪২ জন প্রতিনিধির মধ্যে ১৩২ জন উপস্থিত ছিলেন। সকালে বার্ষিক সাধারণ সভার শুরুতে সোসাইটির চেয়ারম্যান পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করেন। ওই সময় সদস্যদের একাংশ নির্বাচন কমিশনের গঠন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন এবং এর বিরোধিতা করেন। বিরোধিতাকারীদের একজন গাজী আবদুল হক প্রথম আলোকে বলেন, ‘বিধিমালা অনুযায়ী প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশন গঠন করার কথা। অথচ চেয়ারম্যান আলোচনা ছাড়াই একতরফাভাবে নির্বাচন কমিশন গঠন করেন।’ তিনি আর বলেন, ‘নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ছিলাম। কিন্তু চেয়ারম্যানের একতরফা অবস্থান দেখে আমি নির্বাচন না করার সিদ্ধান্ত নেই।’ গঠিত হওয়ার পর নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে এবং মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য প্রতিনিধিদের প্রতি আহ্বান জানায়। প্রতিনিধিদের একাংশ অভিযোগ করেন, মনোনয়নপত্রের সঙ্গে মনোনয়ন প্রত্যাহারপত্রও জমা দিতে বলা হয়েছিল। বলা হয়েছিল, প্রত্যাহারপত্র ছাড়া মনোনয়নপত্র জমা নেওয়া হবে না। যা আসলে নির্বাচন না করতে দেওয়ারই একটি প্রক্রিয়া। এ ব্যাপারে জানতে চাইলে সোসাইটির উপমহাসচিব খোন্দকার জাকারিয়া খালেদ প্রথম আলোকে বলেন, অনেকেই মনোনয়নপত্রের সঙ্গে প্রত্যাহারপত্রও জমা দিয়েছেন, যদিও তা বাধ্যতামূলক ছিল না। দুপুরে চেয়ারম্যানের উপস্থিতিতে নতুন পর্ষদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনের প্রধান মুতাছিম বিল্লাহ। নাম ঘোষণার সময় তিনি বলেন, সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।প্রতিনিধি এস এ রহমান প্রথম আলোকে বলেন, এভাবে একতরফা নির্বাচনের মাধ্যমে একটি অরাজনৈতিক সংস্থাকে ক্ষতিগ্রস্ত করা হলো।নির্বাচনের ব্যাপারে সোসাইটির চেয়ারম্যান এম এস আকবর প্রথম আলোকে বলেন, ‘সব নিরপেক্ষভাবেই করা হয়েছে। পক্ষপাতিত্ব বা অনিয়মের অভিযোগ ভিত্তিহীন।’ তিনি আরও বলেন, ‘এর চেয়ে ন্যক্কারজনক ঘটনা আগে ঘটেছে। অতীতে যারা যেনতেনভাবে নির্বাচিত হয়েছিলেন, তাঁরা এবার নির্বাচিত হতে পারবেন না বলেই এসব অভিযোগ করছেন।’