ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এ সময়ের মধ্যে আইন অনুসরণ করে কাউন্সিলরের সংখ্যা ও ওয়ার্ডের সংখ্যা নির্ধারণ করতে বলা হয়েছে। এ ছাড়া ভোটের তিন মাস আগে ভোটার তালিকা হালনাগাদ করতেও নির্দেশ দেওয়া হয়েছে।বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এক রিট আবেদনের ওপর দুই দিন শুনানি নিয়ে গতকাল সোমবার এসব নির্দেশনার পাশাপাশি রুলও জারি করেন।স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ অনুসারে করপোরেশনকে ওয়ার্ড বিভক্ত করা ও ওয়ার্ডের সীমানা নির্ধারণসহ সংশ্লিষ্ট কয়েকটি ধারা বাস্তবায়ন করে কেন নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দেওয়া হবে না, রুলে তা জানতে চেয়েছেন আদালত। প্রধান নির্বাচন কমিশনার ও স্থানীয় সরকার সচিবসহ আট বিবাদীকে দুই সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।৯ এপ্রিল ঘোষিত তফসিল অনুসারে আগামী ২৪ মে ডিসিসি নির্বাচন হওয়ার কথা ছিল। তবে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের কয়েকটি ধারা বাস্তবায়ন না করায় ওই নির্বাচন বন্ধ রাখার দাবি করে গত রোববার হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের সম্পাদক আসাদুজ্জামান সিদ্দিকী রিট আবেদন করেন। রোববার ও গতকাল এ আবেদনের ওপর শুনানি হয়। আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান শুনানি করেন। নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন শাহ্দীন মালিক।আদেশের পর: অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলোকে বলেন, ‘এ মুহূর্তে নির্বাচন যাতে বন্ধ না হয়, সে জন্য আদালতে জোরালো বক্তব্য তুলে ধরেছি। বলেছি, যেহেতু নোটিফিকেশন করে সীমানা নির্ধারণ করা হয়েছে, তাই সীমানা নির্ধারণী কর্মকর্তা নিয়োগ না দিলেও চলে।’ ভোটার তালিকা হালনাগাদ করা একটি চলমান প্রক্রিয়া, এ জন্য ভোট বন্ধ হতে পারে না। কিন্তু আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী সীমানা নির্ধারণ ও সীমানা নির্ধারণী কর্মকর্তা নিয়োগ না করার দিকগুলো বিবেচনায় নিয়ে আদালত রিট আবেদনকারীর আরজি মঞ্জুর করে রুল ও স্থগিতাদেশ দিয়েছেন। আইনে প্রশাসক নিয়োগের পর ১৮০ দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা আছে—এ প্রসঙ্গে মাহবুবে আলম বলেন, যেহেতু বিষয়টি আদালতে চলে এসেছে, তাই ওটা মান্য করার বাধ্যবাধকতা নেই। বিষয়টি আদালত দেখবেন। রিট আবেদনকারীর আইনজীবী মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, আদালত নির্বাচনী তফসিলসহ সব কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন। রুলও জারি করেছেন। এখন নির্বাচন করতে হলে ইসিকে (নির্বাচন কমিশন) আইনের বিধিবিধান অনুসরণ করে নতুন করে তফসিল ঘোষণা করতে হবে।নির্বাচন কমিশনের আইনজীবী শাহ্দীন মালিক প্রথম আলোকে বলেন, এই আদেশের বিরুদ্ধে আপিলের বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। তবে কোনো ভোটার তালিকাই ভোটের আগের দিন পর্যন্ত হালনাগাদ করা সম্ভব নয়। শেষ সময় পর্যন্ত হালনাগাদ না হওয়া ভোটার তালিকার কারণে ১৮০ দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা স্থগিত হওয়া আইনের একটা সম্পূর্ণ নতুন মাত্রা।শুনানি: গতকাল বেলা পৌনে একটায় রিট আবেদনের ওপর শুনানি শুরু হয়। শুরুতে নির্বাচন কমিশনের আইনজীবী শাহ্দীন মালিক বলেন, স্থানীয় সরকারকে রিট আবেদনে পক্ষ করা হয়নি। আইনজীবী মনজিল মোরসেদ আবেদনে এটা যুক্ত করে দেওয়ার কথা জানান।পরে শাহ্দীন মালিক বলেন, স্থানীয় সরকার পর্যায়ে সীমানা নির্ধারণের ক্ষমতা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। স্থানীয় সরকার পর্যায়ে সীমানা নির্ধারণের ক্ষমতা ইসিকে দেওয়া হয়নি।আদালত বলেন, ‘ইসি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। সংবিধান ইসিকে নির্বাচনের বিষয়ে দায়িত্ব দিয়েছে। সীমানা পুনর্নির্ধারণ হচ্ছে নির্বাচনের অবিচ্ছেদ্য অংশ। আমরা মনে করি, নির্বাচনের ক্ষেত্রে সরকারের চেয়ে ইসির দায়িত্ব অনেক বেশি।’ আদালত বলেন, রিটে বলা হয়েছে, সীমানা পুনর্নির্ধারণ করা হয়নি। এ বিষয়ে বক্তব্য কী? জবাবে শাহ্দীন মালিক বলেন, স্থানীয় সরকার একটি গেজেট করেছে। এতে কোন এলাকা কোন করপোরেশনে, তা বলা আছে। আইনে বলা হয়েছে, সরকার সীমানা পুনর্নির্ধারণ করবে। ইসির দায়িত্ব হচ্ছে সংসদ ও রাষ্ট্রপতি নির্বাচন করা।আদালত বলেন, সীমানা পুনর্নির্ধারণের ক্ষমতা সরকারের, আর নির্বাচন করার ক্ষমতা নির্বাচন কমিশনের—এটা কি সামঞ্জস্যপূর্ণ। সীমানা পুনর্নির্ধারণের কারণে নির্বাচনের মোড় ঘুরে যেতে পারে। শাহ্দীন মালিক বলেন, সীমানা পুনর্নির্ধারণের ক্ষমতা আইনে সরকারকে দেওয়া হয়েছে।পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন আইন দ্বারা সৃষ্ট। আইনেই সরকারকে বিভক্তকরণের ক্ষমতা দেওয়া হয়েছে। রিট আবেদনকারী যে বক্তব্য উপস্থাপন করেছেন, তা নতুন সিটি করপোরেশনের জন্য প্রযোজ্য। নতুন সিটি করপোরেশন ঘোষিত হলে কীভাবে সীমানা নির্ধারণ করতে হয়, তা আইনে বলা আছে। আগে থেকেই যেহেতু সিটি করপোরেশন ছিল, তাই প্রজ্ঞাপনের মাধ্যমে ওয়ার্ডগুলোর সংখ্যা পুনর্বিন্যাসের মাধ্যমে সীমানা পুনর্নির্ধারিত হয়ে গেছে। ২০১১ সালের এক প্রজ্ঞাপনে উত্তর সিটি করপোরেশনে ৩৬টি এবং দক্ষিণ সিটি করপোরেশনে ৫৬টি ওয়ার্ড রয়েছে বলা হয়েছে। অ্যাটর্নি জেনারেল বলেন, তাই রুল জারি করা ঠিক হবে না।মনজিল মোরসেদ বলেন, ‘আমি নির্বাচন বাতিল করতে আসিনি। নতুন সিটি করপোরেশন হওয়ার পর নতুন কাউন্সিলরদের সংখ্যা নির্ধারণ করে গেজেট প্রকাশ করতে হবে। এ ক্ষেত্রে এটা করা হয়নি। ২০১০ সালের পুরোনো গেজেটটিকে বিবেচনায় নেওয়া হয়েছে।’ একপর্যায়ে আইনজীবী শাহ্দীন মালিক বলেন, সংশোধিত আইনের মাধ্যমে সিটি করপোরেশন বিভক্ত করে দুটি সিটি করা হয়েছে।মনজিল মোরসেদ বলেন, পাঁচ লাখ ভোটার বাদ পড়েছেন বলে পত্রিকায় খবর এসেছে। ২০০৯ সালের পর ভোটার তালিকা হালনাগাদ করা হয়নি। তাঁদের ভোট দেওয়ার অধিকার রয়েছে। তাঁদের বাইরে রেখে নির্বাচন অনুষ্ঠান হলে সে ক্ষেত্রে গণতান্ত্রিক প্রক্রিয়া সঠিকভাবে প্রতিফলিত হবে না। আজ যদি নির্বাচন হয়েও যায়, আইনের বিধান অনুসরণ না করায় নির্বাচনে হেরে যাওয়া প্রার্থীরা মামলা করতে পারেন। তখন নির্বাচন বাতিলও হয়ে যেতে পারে।মনজিল মোরসেদ আরও বলেন, স্থানীয় সরকার আইনের ৩(২) ধারা অনুসারে আওতাধীন এলাকার বিবরণ তফসিলভুক্ত হতে হবে, কিন্তু তা হয়নি। যা করতে হবে, তা আইন মেনেই করতে হবে।আদালত বলেন, সংবাদপত্রে প্রতিবেদন হয়েছে, নতুন প্রজন্মের পাঁচ লাখ ভোটার অন্তর্ভুক্ত হতে পারেননি। এ সময় শাহ্দীন মালিক বলেন, এটা সংবাদপত্রের প্রতিবেদন, রিট আবেদনের বিষয় নয়। এমনকি কোন ভোটার তালিকাভুক্ত হননি, এমন অভিযোগ আদালতের সামনে নেই। আদালত বলেন, ‘একটি জাতীয় দৈনিক পাঁচ লাখ লোক ভোটার হতে পারেননি বলে প্রতিবেদন করেছে। আপনি ইসির কাছে জেনে আদালতকে জানান।’এ পর্যায়ে শাহ্দীন মালিক এজলাস ছেড়ে বাইরে যান। ফিরে এসে তিনি জানান, প্রতিবেদনটি সঠিক।আদালত ওই প্রতিবেদনের লেখক দৈনিক ইত্তেফাক-এর সালেহউদ্দিনের বক্তব্য জানতে চান। তিনি বলেন, আইনে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে, প্রতিবছর ভোটার তালিকা হালনাগাদ করতে হবে। কিন্তু তিন বছর ধরে তা হচ্ছে না। এতে নতুন প্রজন্মের পাঁচ লাখ ভোটার হতে পারেননি, এটা নির্বাচন কমিশনেরই একটি হিসাব থেকে নেওয়া।এ পর্যায়ে আদালত বিস্ময় প্রকাশ করে বলেন, গত তিন বছরেও হালনাগাদ করা হয়নি। আদালত জানতে চান, রাজধানীর ভোটার সংখ্যা কত। উপস্থিত এক আইনজীবী বলেন, ৪০ বা ৪১ লাখ হবে। শাহ্দীন মালিক বলেন, ভোটার তালিকা বিধিমালায় নির্বাচনের কতদিন আগ পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ থাকবে, সে সম্পর্কে বলা নেই। ভোটার তালিকা হালনাগাদ চলমান প্রক্রিয়া।আদালত বলেন, এখানে অনেক প্রশ্ন উত্থাপিত হয়েছে। যেমন সীমানা নির্ধারণ কর্মকর্তা নিয়োগ করা হয়নি, ভোটার তালিকা হালনাগাদ করা হয়নি, কাউন্সিলরের সংখ্যা নির্ধারণ করা হয়নি। যথাযথভাবে ওয়ার্ড বিভক্তিকরণ হয়নি। আইনের এই গুরুত্বপূর্ণ বিধানগুলো মান্য করা হয়নি, তা আদালত হালকাভাবে দেখতে পারেন না। পরে আদালত আদেশ দেন ও রুল জারি করেন।