জাতীয় পার্টির (জাপা) সমর্থিত মেয়র পদপ্রার্থী সোলায়মান আলম শেঠ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় চকবাজারে দলীয় কার্যালয়ে তাত্ক্ষণিকভাবে ডাকা এক সংবাদ সম্মেলনে তিনি সরে দাঁড়ানোর কথা জানান।সোলায়মান আলম সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের নির্দেশে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। মহাজোটের শরিক আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী মহিউদ্দিন চৌধুরীকে আমরা সমর্থন দিচ্ছি।’সোলায়মান আলম শেঠ সাংবাদিকদের বলেন, ‘আমি নির্বাচন করলে বিরোধী জোটের প্রার্থীর জয়ী হওয়ার আশঙ্কা থাকবে। তাই মহাজোট-সমর্থিত একক প্রার্থী থাকা বাঞ্ছনীয় এবং ওই প্রার্থীর পক্ষে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’নির্বাচন কমিশনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল ১ জুন। ওই দিনের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার না হওয়ায় ভোটের ব্যালটে সোলায়মান শেঠের টেলিভিশন প্রতীক থাকবে বলে জানা গেছে।দলীয় প্রার্থীর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণায় জাতীয় পার্টির নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। সংবাদ সম্মেলন চলাকালে এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। এরপর তাঁরা কিছু সময়ের জন্য সিরাজদৌলা রোডে অবরোধ সৃষ্টি করেন।