নির্বাচন দিতে ব্যর্থ হলে উপাচার্যকে পদত্যাগের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন দিতে ব্যর্থ হলে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিককে পদত্যাগের আহ্বান জানিয়েছেন ডাকসুর সাবেক নেতারা। আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ডাকসু নির্বাচনের দাবিতে ছাত্র-শিক্ষক-বুদ্ধিজীবী-কর্মকর্তা-কর্মচারীদের সংহতি সমাবেশে সাবেক নেতারা এ আহ্বান জানান। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অধিকার মঞ্চ এই সমাবেশের আয়োজন করে। ২২ বছর ধরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু নির্বাচনের উদ্যোগ না নেওয়ায় বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থী মিলে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অধিকার মঞ্চ গঠন করেন। ডাকসু নির্বাচনের দাবিতে গড়ে ওঠা এই সংগঠনের সঙ্গে একাত্মতা পোষণ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বাম ছাত্র সংগঠনগুলোর নেতা-কর্মীরা। ডাকসু নির্বাচন না দেওয়ায় গণতান্ত্রিক সরকারের সমালোচনা করে ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেন, নয় বছরের স্বৈরশাসন আমলে এরশাদও ডাকসু নির্বাচন দিয়েছিলেন। কিন্তু দুই দশক ধরে যাঁরা গণতন্ত্রের চর্চা করে আসছেন, তাঁরা এ নির্বাচন দিচ্ছেন না। এটাই তাঁদের আসল গণতান্ত্রিক মননের পরিচায়ক। দুই থেকে চার দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়ে তিনি বলেন, সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জাকসু নির্বাচন দেওয়ার ঘোষণা দিয়েছেন। ওই বিশ্ববিদ্যালয় আন্দোলনমুখর হওয়া সত্ত্বেও যদি উদ্যোগ নেওয়া সম্ভব হয়, তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নয় কেন? তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন দেওয়ার পরিবেশ নেই—এটা একজন লজেন্স খাওয়া শিশুকে বললেও বিশ্বাস করবে না। তিনি উপাচার্যকে উদ্দেশ করে বলেন, ‘নির্বাচন দিতে আপনার কোনো সমস্যা থাকলে বলেন। পারলে নির্বাচন দেন, না পারলে চলে যান।’ শিক্ষার্থীদেরকে আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে ডাকসুর সাবেক এই ভিপি বলেন, সত্তরের দশকে যখন ডাকসু নির্বাচন হতো, তখন হাজার হাজার শিক্ষার্থী সমাবেশে অংশ নিতেন। এখনকার শিক্ষার্থীদের দাবি আদায়ের জন্য মাঠে নামতে হবে। শুধু ফেসবুকে সমর্থন বা মৌন সমর্থন জানালে চলবে না। পুরো বটতলা ভরিয়ে দিতে হবে। ডাকসুর আরেক সাবেক ভিপি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ১৯৭৪ সালে কয়েদিদের আন্দোলনের মুখে কিচেন কমিটির জন্য নির্বাচন দিতে বাধ্য হয়েছিলেন জেলার। জেলখানায় যদি নির্বাচন হতে পারে, তবে গত দুই দশকেও শিক্ষার্থীরা কেন ডাকসু নির্বাচন করতে পারছেন না? তিনি বলেন, পরীক্ষার তারিখ যেভাবে নির্ধারিত থাকে, ডাকসু নির্বাচনের তারিখও সেভাবে নির্ধারিত রাখতে হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব হচ্ছে নিয়মিত ক্লাস-পরীক্ষা ও নির্বাচনের ব্যবস্থা করা। ক্লাস নেওয়ার পাশাপাশি নির্বাচন না দিতে পারলে উপাচার্যকে দায়িত্ব ছেড়ে দেওয়ার আহ্বান জানান তিনি। দাবি আদায়ে প্রয়োজনে ডাকসুর সাবেক নেতারাও মাঠে নামবেন বলে তিনি ঘোষণা দেন। সাবেক ভিপি আ স ম আবদুর রব উপাচার্যকে উদ্দেশ করে বলেন, পদলেহনকারী ও অন্যের আজ্ঞাবহ দাস হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে থাকা উচিত নয়। নির্বাচন দেওয়া উপাচার্যের কর্তব্য। না দিতে পারলে পদত্যাগ করুন। নতুন নেতৃত্ব যাতে তৈরি না হতে পারে, সে জন্য ফেরাউন, নমরুদ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছিল। বর্তমানেও সেই একই উদ্দেশ্যে ছাত্রসংসদ নির্বাচন দেওয়া হচ্ছে না। সমাবেশ সঞ্চালনা করেন আইইআরের শিক্ষার্থী তৌফিক ইমাম। শিক্ষার্থী অধিকার মঞ্চের মুখপাত্র নুর বাহাদুরের সভাপতিত্বে সংহতি সমাবেশে অন্যদের মধ্যে ফেরদৌস আহমেদ কোরাইশী, ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক মোরশেদ আলী, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকীসহ বিভিন্ন বাম ছাত্রসংগঠনের নেতাকর্মী ও শিক্ষার্থীরা বক্তব্য দেন।