ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন ৯০ দিনের মধ্যে করা সম্ভব নয়—এ অবস্থানে অনড় আছেন দুই নির্বাচন কমিশনার। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ সোমবার বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠক শেষে আজই কমিশনের সিদ্ধান্ত স্থানীয় সরকার মন্ত্রণালয়কে জানিয়ে দেওয়া হবে।নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘বাস্তবতা হলো, এই স্বল্প সময়ের নোটিশে নির্বাচন করা সম্ভব নয়। তবু আমরা নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা ও সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করব। তার ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত নিয়ে তা সরকারকে জানানো হবে।’ তিনি জানান, এ সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান যে সম্ভব নয়, তা আগেই প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) জানানো হয়েছে। আজকের বৈঠকে সেটাই জানানো হবে। এ ছাড়া সীমানা নির্ধারণ ছাড়াই ওয়ার্ডের সংখ্যা ও নতুন নম্বর নির্ধারণের আইনি বিষয়টিও আলোচনায় আসবে।ঢাকা সিটি করপোরেশনকে দুই ভাগ করে গত ২৯ নভেম্বর সংসদে আইন পাস হয়। নতুন আইন অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৬ এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৬টি ওয়ার্ড রয়েছে। ১ ডিসেম্বর গেজেটও প্রকাশ করা হয়। আইনের ৩৪ ধারা অনুযায়ী কোনো সিটি করপোরেশনকে ভাগ করে একাধিক করপোরেশন গঠন করা হলে ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। এই হিসাবে ২৮ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে। কিন্তু সিইসি এ টি এম শামসুল হুদা ও নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইনের মেয়াদ শেষ হচ্ছে ৩ ফেব্রুয়ারি আর অপর কমিশনার এম সাখাওয়াত হোসেনের মেয়াদ শেষ হবে ১৩ ফেব্রুয়ারি। এ জন্য বিদায়মুহূর্তে তাঁরা নির্বাচন করতে আগ্রহী নন। এদিকে স্থানীয় সরকার বিভাগ বিভক্ত বিভিন্ন ওয়ার্ডের জন্য নতুন নম্বর নির্ধারণ করে প্রজ্ঞাপন প্রকাশ করলেও তা নিয়ে প্রশ্ন উঠেছে।কমিশন সচিবালয় সূত্র জানায়, সীমানা নির্ধারণ নিয়ে সমস্যা ছাড়াও দুই করপোরেশনের ভোটার তালিকাও তৈরি নেই। আইন অনুযায়ী দুটি ওয়ার্ড গঠনের আগে জনমত গ্রহণের জন্য গণবিজ্ঞপ্তি জারি করতে হয়। কিন্তু তা করা হয়নি।ছহুল হোসাইন গতকাল নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘এর আগে আমরা মত দিয়েছি, মেয়াদের শেষ পর্যায়ে এসে স্বল্প সময়ের নোটিশে ঢাকার দুটি সিটি করপোরেশনে নির্বাচন করা সম্ভব নয়। সেই অবস্থানে আমরা এখনো আছি। এখন প্রধান নির্বাচন কমিশনার দেশে ফিরেছেন। সোমবার পুরো কমিশন বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেব।’