নির্বাচন না করেও লাভ পেতে চায় বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভক্ত ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচনে বিএনপির সরাসরি অংশগ্রহণ প্রায় অনিশ্চিত। তবে নির্বাচনে অংশ না নিয়েও এই নির্বাচন থেকে রাজনৈতিকভাবে লাভবান হওয়ার উপায় খুঁজছে দলটি। এ নিয়ে দলীয় ফোরামে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি।বিএনপির নেতারা জানান, আপাতত এই বিভক্তির বিরুদ্ধে তাঁরা আন্দোলন করবেন। এরই মধ্যে হরতালের মতো কঠোর কর্মসূচি দেওয়া হয়েছে। পাশাপাশি আইনি লড়াইও চলবে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তাঁর দল ঢাকা বিভক্তির বিরুদ্ধে আন্দোলন করছে। তাই এই নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্নই আসছে না।তবে দলীয় নীতিনির্ধারকেরা জানান, আন্দোলন করলেও এই নির্বাচনে আওয়ামী লীগকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়ার পক্ষে নন তাঁরা। নাগরিক কমিটির ব্যানারে হলেও ক্ষমতাসীন দলের প্রার্থীর বিরুদ্ধে শক্ত ও গ্রহণযোগ্য প্রার্থী দাঁড় করানোর কথা ভাবা হচ্ছে।বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, সরকার ঢাকা সিটি করপোরেশন বিভক্ত করে জনবিরোধী কাজ করেছে। তাই বিএনপি নির্বাচনের কথা না ভেবে জনমতের পক্ষে থাকছে। আওয়ামী লীগ এককভাবে নির্বাচন করে বিজয়ী হলে লাভবান হবে বলে ভাবছে। কিন্তু ১৯৮৬ ও ১৯৮৮ সালে এ ধরনের নির্বাচনের পরিণতি ভালো হয়নি। নির্বাচিতরা টিকতে পারেননি। আর এই নির্বাচন থেকে বিরত থেকেও বিএনপি রাজনৈতিকভাবে লাভবান হবে। কেননা, এতে বিএনপি জনগণের সমর্থন পাবে।বিএনপির চেয়ারপারসনের কার্যালয় সূত্রে জানা গেছে, ঢাকা সিটি করপোরেশন বিভক্তির বিষয়ে করণীয় নিয়ে গত বুধবার রাতে দলটির স্থায়ী কমিটির সভায় আলোচনা হয়েছে। তবে এ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আদালতে মামলা চলার কারণে দলটি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তা ছাড়া নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা না করা পর্যন্ত বিএনপি কোনো সিদ্ধান্ত নিতে চায় না।বিএনপি নির্বাচনে যাবে কি না, তা নিয়ে সংশয় থাকায় এখনো দলটির কোনো নেতাকে রাজধানীতে প্রচারণায় নামতে দেখা যায়নি। যদিও ইতিমধ্যে আওয়ামী লীগের কোনো কোনো নেতা ঢাকাবাসীকে শুভেচ্ছা জানিয়ে পোস্টার, ব্যানার, ফেস্টুন লাগিয়েছেন।বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিএনপি গণতান্ত্রিক দল হিসেবে নির্বাচনে বিশ্বাসী। সব নির্বাচনে দলটি অংশ নিতে চায়। তবে তা হতে হবে সুষ্ঠু ও নিরপেক্ষ। অবশ্য ঢাকা সিটি করপোরেশন নির্বাচন করার বিষয় নিয়ে বিএনপি ভাবছে না। এখন এর বিরুদ্ধে জনগণের পাশাপাশি বিএনপিকেও দাঁড়াতে হবে।বিএনপিতে ঘুরেফিরে চারজনের নাম: বিএনপি ঢাকা সিটি করপোরেশন উত্তর ও দক্ষিণের নির্বাচনে অংশ নেবে না বললেও প্রার্থীর বিষয়ে আলোচনা আছে। এ ক্ষেত্রে বিদায়ী মেয়র ও বিএনপির ঢাকা মহানগরের আহ্বায়ক সাদেক হোসেন এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টু ছাড়াও স্থায়ী কমিটির দুই সদস্য মির্জা আব্বাস এবং আ স ম হান্নান শাহের নাম শোনা যাচ্ছে।ওয়ার্ড কাউন্সিলর পদে বিএনপির স্থানীয় নেতাদের অংশ নেওয়ার সম্ভাবনা আছে। বিএনপি সিদ্ধান্ত না জানালেও দলের অনেক নেতাই স্থানীয়ভাবে প্রস্তুতি নিয়ে রাখছেন।সম্ভাব্য প্রার্থীরা মনে করেন, বিভক্ত সিটি করপোরেশনের মেয়রের মর্যাদা আগের মতো থাকবে না। এত দিন ডিসিসির মেয়রের মর্যাদা পূর্ণাঙ্গ মন্ত্রী হলেও এখন তা প্রতিমন্ত্রীর মর্যাদা পাবে। তাই তাঁরা নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে খুব বেশি মরিয়া নন। দল সিদ্ধান্ত দিলে প্রার্থী হবেন।সাদেক হোসেন প্রথম আলোকে বলেন, নির্বাচনের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেই। ঢাকা সিটি করপোরেশন তার ঐতিহ্য হারিয়েছে। মেয়র হিসেবে এর মর্যাদা কমেছে। তবে বিএনপি নির্বাচনে যাবে কি না, গেলে কারা নির্বাচন করবে, তা দলীয় ফোরামে আলোচনা করে চেয়ারপারসন সিদ্ধান্ত জানাবেন। বিএনপি এখন বিভক্তির বিরুদ্ধে কর্মসূচি দিচ্ছে। এটা অব্যাহত থাকবে।আবদুল আউয়াল মিন্টু বলেন, দল নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি। তাই প্রার্থী হওয়ার কথা আসছে না।