নির্বাচন না হলে দেশ রক্তে ভাসবে: এরশাদ
সরকারের উদ্দেশে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘নির্বাচন দিন। নির্বাচন না হলে দেশ রক্তে ভাসবে। নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনো বিকল্প নেই। নির্বাচন হতে হবে আমার ফর্মুলায়, সব দলের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের মাধ্যমে। তাহলে আমরা নির্বাচনে যাব।’আজ শনিবার নগরের মুসলিম হল মিলনায়তনে আয়োজিত চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে এরশাদ এসব কথা বলেন।গণজাগরণ মঞ্চ ভাঙার আহ্বানশাহবাগের গণজাগরণ মঞ্চ ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছেন এইচ এম এরশাদ। তিনি বলেন, ‘এ মঞ্চ সৃষ্টি করে সরকারের বিশেষ ক্ষতি হয়েছে। এর মাধ্যমে জামায়াত আর বিএনপি একতাবদ্ধ হয়েছে, শক্তিশালী হয়েছে। তাদের ঐক্যের সূত্র কেউ ছিঁড়তে পারবে না।’জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন কাদের মোল্লার রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আপসের মাধ্যমে রায় হয়েছে বলে প্রতিবাদ জানিয়ে সমবেত হয়েছে, তখন তাদের আমি সম্মান করেছিলাম। তারপর যখন দলীয়করণ করা হলো, পুলিশ বেষ্টনী দিয়ে ঘিরে রাখা হলো, তখন এটি আর নিরপেক্ষ থাকেনি। মঞ্চ থেকে যখন রাসুলে পাক (স.) সম্পর্কে, ধর্ম সম্পর্কে কথা বলা হলো, আমি প্রথম তার প্রতিবাদ জানিয়েছিলাম। মঞ্চ থেকে পতাকা উত্তোলনের ঘোষণা প্রসঙ্গে বলব, এ ধরনের ধৃষ্টতা দেখানোর সুযোগ তারা কোথায় পেল। এটা শুধু ১৯৭১ সালে এ দেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানই বলার অধিকারী ছিলেন।’ এরশাদ সঠিক পথেএরশাদ বলেন, ‘একটি পত্রিকায় শিরোনাম লিখেছে, “এরশাদ কোন পথে?” পত্রিকার সম্পাদক আমার সন্তানতুল্য। তাঁর উত্তরে বলছি, এরশাদ সঠিক পথে, গণতন্ত্রের পথে, ইসলামের পথে, শান্তির পথে, প্রগতির পথে, উন্নতির পথে। এ পথে চলার কারণে আমার রাজনীতি আমাকে অনেক কিছু উপহার দিয়েছে। এটি পথ সঠিক না হলে সঠিক পথ কোনটি? বোমা, বাসে আগুন, অফিস আদালত বন্ধ, ছেলেমেয়েদের স্কুল বন্ধ, রাজনৈতিক দলের কার্যালয়ে ঢুকে নেতাদের গ্রেপ্তার কি সঠিক পথ? একদল ক্ষমতায় থাকতে চায়। অপর দল ক্ষমতা দখল করতে চায়।’ এটাই জীবনের শেষ নির্বাচনমহাজোটে অবস্থান প্রসঙ্গে এরশাদ বলেন, ‘আমরা পাঁচ বছর সরকার গঠনের জন্য জোটে অবস্থান নিয়েছি। সময় হলেই জোট থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেব। আমরা সরে এলেই সরকার পরিবর্তন হবে, এমন না। ছয় বছর জোটে ছিলাম। কিন্তু আমার একটি মামলাও তুলে নেওয়া হয়নি। মঞ্জুর হত্যা মামলা এখনো চলছে। আমরা ক্ষমতায় যাওয়ার জন্য কাউকে সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চাই না। এটা জীবনের শেষ নির্বাচন। আমি নির্বাচন করেই ক্ষমতায় যাব।’সাম্প্রদায়িক হামলা বন্ধে সরকার ব্যর্থ হয়েছেহিন্দু সম্প্রদায়ের মন্দির ভাঙার বিষয়ে এরশাদ বলেন, ‘আমার নয় বছরের শাসনে বাবরি মসজিদের ঘটনায় কিছুটা সমস্যা হওয়া ছাড়া তেমন কোনো ঘটনা ঘটেনি। তা-ও আমি সেনাবাহিনী দিয়ে নিয়ন্ত্রণ করেছি। সরকারের উচিত ছিল এসব অপকর্ম নিয়ন্ত্রণ করা। সরকার তা করতে ব্যর্থ হয়েছে। রামুতে কী হয়েছে, কারা নেতৃত্ব দিয়েছে, তা আমরা সব জানি। সবাইকে অন্ধকারে রেখে নিজেদের ব্যর্থতা আড়াল করার চেষ্টা করবেন না।’কী প্রয়োজন ছিল ইউনূস সম্পর্কে বিরূপ সমালোচনার?সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও আরব দেশগুলোর নেতিবাচক মনোভাব সম্পর্কে এরশাদ বলেন, ‘আমরা ঘূর্ণিঝড়, বন্যা, খরা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ ভালো মোকাবিলা করতে পারি। কিন্তু শান্তি বেশি দিন সহ্য হয় না। কী প্রয়োজন ছিল ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কে বিরূপ সমালোচনা করা। সরকার ২৫০-৬০টি আসন পেয়েছে, তাদের এ নিয়ে আলোচনা না করলে কী ক্ষতি ছিল? যার খেসারত দিতে হচ্ছে আমাদের। যুক্তরাষ্ট্র আমাদের বিভিন্ন বাণিজ্যিক সুবিধা আটকে রেখেছে। যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোও তাদের নেতিবাচক প্রতিক্রিয়া তুলে ধরছে।’ দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, যত দিন পর্যন্ত এরশাদ রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত না হচ্ছেন, তত দিন পর্যন্ত দলের ঐক্যের মিছিল চলবে।সাংসদ আনিসুল ইসলাম মাহমুদ রাষ্ট্রক্ষমতায় আসার জন্য জাতীয় পার্টিকে সংগঠিত করার আহ্বান জানান। জিয়াউদ্দিন আহমদ বাবলু দেশের চলমান সংকট উত্তরণে এরশাদের নেতৃত্বে সরকার গঠনের ওপর জোর দেন। দ্বিবার্ষিক সম্মেলনে সোলায়মান আলম শেঠকে সভাপতি এবং তপন চক্রবর্তীকে সাধারণ সম্পাদক করে ১১১ সদস্যবিশিষ্ট মহানগর কমিটি গঠন করা হয়।